তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল জব্বার মিজি, বীর প্রতীকসেই দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা এখন...বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার মিজি দীর্ঘ কয়েক বছর ধরে অসুস্থ। স্পষ্ট করে কথা বলতে পারেন না। কথা বলতে গেলে জড়িয়ে যায়, হাঁপিয়ে পড়েন। ১৯৯৭ সালে তাঁর ব্রেন হ্যামারেজ হয়। ২০০৩ সালে আবার। কয়েকবার হাসপাতালে চিকি ৎ সা নিয়েছেন। এখন চিকি ৎ সার ব্যয় বহন করার সংগতি নেই। তাঁর দুই ছেলে সাধারণ চাকরি করেন। বড় ছেলে ভূমি মন্ত্রণালয়ের এমএলএসএস, ছোট ছেলে পোশাক কারখানায়। তাঁরা ঢাকার বাউনিয়ার পশ্চিম পাড়ায় বসবাস করেন। সেখানেই আবদুল জব্বার মিজি থাকেন। দুই ছেলে সাধ্যানুযায়ী তাঁর চিকি ৎ সা চালিয়ে যাচ্ছেন। তিনি এখন পুরোপুরি শয্যাশায়ী। সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারেন না। আবদুল জব্বার মিজি ইপিআরে (পরে বিডিআর, এখন বিজিবি) চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন রাজশাহী সেক্টর হেড কোয়ার্টার্সের অধীনে নওগাঁ উইংয়ে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধযুদ্ধে। জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ করেন। পাকিস্তান সেনাবাহিনী জয়পুরহাট দখল করলে তিনি তাঁর দলের সঙ্গে ভারতে যান। সেখানে তাঁকে নিয়মিত মুক্তিবাহিনীর তৃতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। এরপর প্রথম সরাসরি যুদ্ধে অংশ নেন ৩১ জুলাই জামালপুর জেলার বাহাদুরাবাদ ঘাট আক্রমণে। তিনি ছিলেন ক্যাপ্টেন আনোয়ারের নেতৃত্বাধীন আলফা কোম্পানিতে। তাঁর প্লাটুন কমান্ডার ছিলেন সুবেদার হাফিজ। এ যুদ্ধে পাকিস্তানিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আবদুল জব্বার মিজি পরবর্তী সময় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, কুড়িগ্রাম জেলার চিলমারী, কোদালকাটি এবং বৃহত্তর সিলেট জেলার ছাতক, গোয়াইনঘাট, গোবিন্দগঞ্জসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেন। ১৯৭১ সালের অক্টোবর মাসের মাঝামাঝি ছাতকে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর ভয়াবহ যুদ্ধ হয়। এ যুদ্ধে আবদুল জব্বার মিজি অংশ নেন এবং তিনি অসাধারণ সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ও সংলগ্ন শহর এলাকায় ছিল পাকিস্তান সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের একটি কোম্পানি। তাদের সহযোগী হিসেবে আরও ছিল দুই কোম্পানি ফ্রন্টিয়ার ফোর্স, ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্স ও রাজাকার। তৃতীয় ইস্ট বেঙ্গলের আলফা ও ব্রাভো কোম্পানি পাকিস্তানিদের আক্রমণ করে। তাঁরা কিছুক্ষণ পর পর অবস্থান পরিবর্তন করে পাকিস্তানি সেনাদের ওপর একের পর এক হামলা চালান। তাঁদের প্রচণ্ড আক্রমণে পাকিস্তানি সেনারা দিশেহারা হয়ে পড়ে। মুক্তিবাহিনীর আরআর গোলায় পাকিস্তানিদের বেশির ভাগ বাংকার ধ্বংস হয়ে যায়। যুদ্ধক্ষেত্র পাকিস্তানি সেনাদের লাশে লাশে ভরে যায়। ১৬ অক্টোবর সন্ধ্যার মধ্যে সেখানকার পাকিস্তানিরা তাঁদের কাছে পরাজিত হয়। গোটা সিমেন্ট ফ্যাক্টরি এলাকা মুক্তিবাহিনীর দখলে আসে। এ সময় সিলেট থেকে পাকিস্তানি সেনাবাহিনীর নতুন দল সেখানে আসে। তারা পেছন দিক থেকে আবদুল জব্বারদের ঘেরাও করে ফেলে। তখন তাঁরা বিরাট ঝুঁকিতে পড়েন। এ অবস্থায় ক্যাপ্টেন আনোয়ার তাঁদের পশ্চাদপসরণের নির্দেশ দেন। তাঁরা পাহাড়ি চোরাপথে কোথাও হাঁটুপানি, কোথাও গলাপানি অতিক্রম করে ভারতীয় সীমান্তে চলে যান। এর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী ছাতক অপারেশনের পরিসমাপ্তি ঘটে। ছাতক অপারেশনে পাকিস্তানি সেনাবাহিনী ও মুক্তিবাহিনী দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে পাকিস্তানিদের ক্ষতির পরিমাণই ছিল বেশি। এই আক্রমণের খবর বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুল জব্বার মিজিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।আবদুল জব্বার মিজির বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম ইসমাইল হোসেন মিজি, মা শহর বানু, স্ত্রী হোসনে আরা বেগম। তাঁর দুই ছেলে দুই মেয়ে। স্বাধীনতার পর তিনি বিডিআরে (এখন বিজিবি) চাকরি করেন। ১৩ বছর চাকরি করেও পেনশন পান না। সূত্র: আবদুল জব্বার মিজি বীর প্রতীকের ছেলে মকবুল আহমদ, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস এবং জীবনের যুদ্ধ, যুদ্ধের জীবন, কর্নেল নূরুন্নবী খান।গ্রন্থনা: তারা রহমান[email protected]