১৩৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।বাহার উদ্দিন রেজা, বীর প্রতীককুমিল্লার সাহসী কিশোর মুক্তিযোদ্ধাএকাত্তরে কুমিল্লা ইউসুফ হাইস্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন কিশোর বাহার উদ্দিন। ২৬ মার্চ সকালে কুমিল্লা শহরে খবর ছড়িয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় হত্যাযজ্ঞ শুরু করেছে। সেদিন স্বাধীনতার ডাকে শহরে মুক্তিকামী বাঙালি মিছিল করে। সেই মিছিলে বাহারও যোগ দেন। ওই রাতেই কুমিল্লা পুলিশ লাইন আক্রমণ করে পাকিস্তান সেনাবাহিনী। তখন দক্ষিণ চর্থা এলাকায় পালিয়ে যান তিনি। পরদিন ২৭ মার্চ ভোরে চৌদ্দগ্রামের নোয়াপুর গ্রামে যান। সেখানে কয়েকজন মিলে জগন্নাথদীঘি ইপিআর (পরে বিডিআর, এখন বিজিবি) ক্যাম্প আক্রমণ করে এক অবাঙালি ইপিআরকে আটক করেন। তাঁর সঙ্গে ছিলেন সৈয়দ আহমেদ, পেয়ার আহমেদ, সাকী চৌধুরী, পান্না, জাকারিয়া প্রমুখ। ২৮ মার্চ সকালে চৌদ্দগ্রামের আমজাদের বাজার সেতু ও চিওড়া সেতু তাঁরা ভেঙে ফেলেন। মূলত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখার জন্য সেতু ভাঙা হয়। ২৯ মার্চ চৌদ্দগ্রামের আবদুল কাদের চৌধুরীর নেতৃত্বে তাঁরা চৌদ্দগ্রাম থানার অস্ত্র লুট করে সেই অস্ত্র দিয়ে প্রতিরোধ যুদ্ধ করেন। চৌদ্দগ্রামের পতন হলে তিনি কুমিল্লার বিবির বাজার দিয়ে সোনামুড়ায় যান। সেখানে জেলা আওয়ামী লীগের নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক খোরশেদ আলম একটি স্লিপ দিয়ে তাঁকে মতিনগরে মেজর এ টি এম হায়দারের (বীর উত্তম) কাছে পাঠান। তাঁর অধীনে প্রাথমিক প্রশিক্ষণ নেন। এপ্রিলের শেষের দিকে বিবির বাজারে আকবর হোসেনের (বীর প্রতীক, পরে লে. কর্নেল ও বাংলাদেশ সরকারের মন্ত্রী) নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নেন। পাকিস্তান সেনাবাহিনীর একটি দল তাঁদের প্রতিরক্ষা অবস্থানে আক্রমণ করে। তখন ভয়াবহ যুদ্ধ হয়। এরপর কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথবাড়ীতে মাইন বসিয়ে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর ক্ষতি করার চেষ্টা করেন। এর আগে মুক্তিবাহিনীর ৫ নম্বর সেক্টরের কমান্ডার মীর শওকত আলীর (বীর উত্তম) মা, বাবা, স্ত্রী, সন্তান ও বোনকে তিনি জগন্নাথবাড়ী থেকে ভারতে নিয়ে যান। পরবর্তী সময়ে ভারতের মতিনগর ও কাঁঠালিয়ায় তিনি আবার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে ২ নম্বর সেক্টরের অধীনে গেরিলা যুদ্ধ করেন। মেজর হায়দারের নির্দেশে তাঁরা একদল গেরিলা মুক্তিযোদ্ধা কুমিল্লা শহরের আটটি স্থানে একযোগে বোমা হামলা চালান। ছাতিপট্টিতে (তৎকালীন কমার্স ব্যাংক এলাকায়) বোমা হামলা চালাতে গিয়ে বোমার স্প্রিন্টারে আহত হন তিনি। তাঁর বাঁ হাতের আঙুলসহ পায়ে ও শরীরে আঘাত লাগে। অপারেশনের সময় তাঁর সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধা জামাল, খোকন, তাহের ও সাকী। এর কিছুদিন পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ত্রিপুরা পরিদর্শনে আসেন। সে সময় তিনি পঙ্গু ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের দেখতে জিবি হাসপাতালে যান। তখন সেখানে জয় বাংলা ওয়ার্ডের ৯ নম্বর বেডে বাহার উদ্দিন রেজা চিকিৎসাধীন ছিলেন। কিশোর বাহার উদ্দিনকে দেখে ইন্দিরা গান্ধী অভিভূত হন এবং তাঁর সাহসিকতার প্রশংসা করেন। মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শন বিশেষ করে, কুমিল্লা অঞ্চলে সাহসিকতার সঙ্গে গেরিলা অপারেশন করার জন্য বাহার উদ্দিন রেজাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।বাহার উদ্দিন রেজার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামে। সেখানে তিনি থাকেন না। বসবাস করেন কুমিল্লা শহরের তালপুকুর পাড়ে। তাঁর বাবার নাম জুড়া মিয়া মাস্টার, মা হাফেজা খাতুন। স্ত্রী নাজমা বেগম। তাঁদের দুই ছেলে এক মেয়ে। ছয় ভাইয়ের মধ্যে বাহার উদ্দিন রেজা পঞ্চম। মুক্তিযুদ্ধে তাঁর অন্য পাঁচ ভাইও বিশেষ ভূমিকা রাখেন। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাহার উদ্দিন রেজার মাকে এ জন্য স্বর্ণপদক দেন।বাহার উদ্দিন রেজা বলেন, ‘দেশের স্বাধীনতার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি। একটার পর একটা অপারেশনের জন্য অপেক্ষায় থাকতাম আমরা। পদবির জন্য লড়াই করিনি। যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, তা বাস্তবায়িত হয়নি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে পারিনি। এই হতাশা ও ব্যর্থতা নিয়ে বেঁচে আছি।’সূত্র: বাহার উদ্দিন রেজা বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর কুমিল্লা কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক গাজীউল হক এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: তারা রহমান[email protected]