১৩৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।সৈয়দ রফিকুল ইসলাম, বীর প্রতীকসাহসী এক মুক্তিযোদ্ধাসৈয়দ রফিকুল ইসলাম চাকরি করতেন পাকিস্তান বিমান বাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন পশ্চিম পাকিস্তানে (বর্তমান পাকিস্তান)। ১৯৭০ সালের নির্বাচনের পর পাকিস্তানের শাসকগোষ্ঠী আওয়ামী লীগকে ক্ষমতা না দেওয়ায় তাঁর মন খারাপ হয়ে যায়। তার পর থেকে দেশে ফেরার জন্য তাঁর মন অস্থির হয়ে পড়ে। ১ ফেব্রুয়ারি ছুটি নিয়ে বাংলাদেশে আসেন। ১৬ মার্চ ছুটি শেষ হলে দেশের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেন চাকরিতে আর যোগ দেবেন না। এর কয়েক দিন পর শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। তখন তিনি যোগ দেন মুক্তিযুদ্ধে। যুদ্ধ করেন ৩ নম্বর সেক্টর এলাকায়। জুলাই মাসে তিনি তাঁর দলের সঙ্গে ছিলেন নরসিংদীর বেলাবতে। তাঁর দলনেতা ছিলেন সুবেদার আবুল বশর। ১৩ জুলাই সৈয়দ রফিকুল ইসলামরা খবর পান নরসিংদী থেকে এক দল পাকিস্তানি সেনা নদীপথে বেলাব আসছে। এই খবর পেয়ে তাঁরা দলনেতা আবুল বশরের নেতৃত্বে বানার নদীর পশ্চিম পাড়ে টোক গ্রামের কাছে অ্যামবুশ করেন। তাঁদের কাছে অস্ত্র বলতে ছিল দুটি মেশিনগান, দুটি লাইট মেশিনগান, চারটি স্টেনগান, পাঁচটি রাইফেল, ১৫টি এসএলআর, একটি রকেট লাঞ্চার। সেনা, ইপিআর ও স্বল্পপ্রশিক্ষিত মুক্তিযোদ্ধা মিলে তাঁরা ছিলেন মোট ৪০ জন। রাতভর তাঁরা লঞ্চের অপেক্ষায় বসে থাকেন। পাকিস্তানি সেনাবাহিনীর লঞ্চ রাতে আসেনি। এতে স্বল্পপ্রশিক্ষিত মুক্তিযোদ্ধারা কিছুটা নিরাশ হয়ে পড়ে। সকাল হওয়ার পরও তাঁরা অবস্থান ত্যাগ করেননি। এদিকে ওই এলাকায় ছিল কিছু পাকিস্তানি দোসর। তারা মুক্তিবাহিনীর অবস্থান নেওয়ার খবর গোপনে পাকিস্তানিদের কাছে পাঠিয়ে দেয়। পাকিস্তানিরা তাৎক্ষণিক পাল্টা কার্যক্রম (অ্যান্টি অ্যামবুশ ড্রিল) গ্রহণ করে। মুক্তিযোদ্ধাদের ওপর আকস্মিক আক্রমণের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়ে তারা রওনা হয়। সাধারণত লঞ্চযোগে তারা যাতায়াত করত। সেদিন (১৪ জুলাই) তারা লঞ্চ ছাড়াও দেশি নৌকায় করে আসে। লঞ্চ ছিল অনেক পেছনে। দেশি নৌকাগুলো যখন অ্যামবুশ এলাকা পার হচ্ছিল, তখন মুক্তিযোদ্ধারা সন্দেহ করেনি। নৌকাযোগে আসা পাকিস্তানি সেনারা বিভিন্ন স্থানে অবস্থান নেয়। একটি ছইওয়ালা নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় মমতাজ নামের একজন মুক্তিযোদ্ধা সেই নৌকা থামার নির্দেশ দেন। এর মধ্যে সেখানে লঞ্চও এসে উপস্থিত হয়। পাকিস্তানি সেনারা গুলি শুরু করে। মমতাজ সঙ্গে সঙ্গে শহীদ হন। তখন মুক্তিযোদ্ধাদের অস্ত্রগুলোও গর্জে ওঠে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের ঘেরাওয়ের মধ্যে পড়ে যান। তাঁদের আরেকটি বিপর্যয় হয়। রকেট লাঞ্চার বিকল হয়ে যাওয়ায় তা থেকে তাঁরা রকেট ছুড়তে পারেননি। এর পরও বিচলিত না হয়ে তাঁরা সাহসিকতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে কিছুক্ষণ যুদ্ধ করেন। তারপর পশ্চাৎপসরণ করেন। সেদিন যুদ্ধে তাঁদের দলনেতা আবুল বশর, সহযোদ্ধা বারিক, সোহরাব হোসেন, নূরুল হক ও মমতাজসহ আরও কয়েকজন শহীদ হন। মুক্তিযোদ্ধা নূরুল হক মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে বিয়ে করেছিলেন। তাঁকে সৈয়দ রফিকুল ইসলামই মুক্তিযুদ্ধে আনেন। নূরুল হকের শহীদ হওয়ার খবর পেয়ে তাঁর স্ত্রী তৎক্ষণাত হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য সৈয়দ রফিকুল ইসলামকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।সৈয়দ রফিকুল ইসলামের পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা গ্রামে। সেখানে তিনি থাকেন না। বসবাস করেন ঢাকার উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কে। তাঁর বাবার নাম নান্নু মিয়া সরকার, মা রকিবা খাতুন। স্ত্রী জাহানারা ইসলাম। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে। সৈয়দ রফিকুল ইসলাম বলেন, যে দেশে বীরদের সম্মান দেওয়া হয় না, সে দেশে বীর জন্ম নেয় না। দেশপ্রেমিক হতে হলে বীরদের সম্পর্কে জানতে হবে। তাঁদের সম্মান দিতে হবে। রাষ্ট্রের স্বার্থেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করা প্রয়োজন। তা না করা হলে এ দেশে সাহসী মানুষের জন্ম হবে না। সূত্র: সৈয়দ রফিকুল ইসলাম বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন মুক্ত আসরের আবু সাঈদ ও মামুন মোরশেদ এবং বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৩। গ্রন্থনা: তারা রহমান[email protected]