তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।গোলাম মোস্তফাবীর বিক্রম ও বীর প্রতীকপ্রতিজ্ঞায় অটল ছিলেন তিনিগোলাম মোস্তফা ছোটবেলা থেকেই কিছুটা জেদি ও অভিমানী। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পর তাঁর বাবা কয়েকবার চেষ্টা করেন তাঁকে যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে আনার। মুক্তিবাহিনীতে না থাকার জন্য বারবার বলেছেন। এ নিয়ে বাবার সঙ্গে তাঁর একবার উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। বাবাকে জানান, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত তিনি লড়াই করবেন এবং নিজের পরিচয়ে পরিচিত হবেন। তিনি নিজেকে বিলিয়ে দেন মুক্তিযুদ্ধে। বাবার আচরণে তিনি খুব কষ্ট পান। সে জন্য স্বাধীনতার পর বাবার সঙ্গে দেখা করেননি। যাননি পৈত্রিক বাড়িতে।গোলাম মোস্তফা চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে। বাঙালিদের ওপর পাকিস্তানিদের অত্যাচার-নির্যাতন দেখে তিনি ভাবতেন, এখানকার সবকিছুই আমাদের, এ দেশও আমাদের, অথচ আমরাই নিজ দেশে অধিকারহীনভাবে বেঁচে আছি। পাকিস্তানিরা আমাদের শাসন করবে—এটা কখনোই মেনে নেওয়া যায় না। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনার পর তাঁর শিরা-উপশিরা শিহরিত হতে থাকে। তখন তিনি ১৮ বছরের টগবগে যুবক। কয়দিন পরই শুরু হয় মুক্তিযুদ্ধ। ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। যুদ্ধ করেন প্রথমে ৩ নম্বর সেক্টরে, পরে এস ফোর্সের অধীনে।গোলাম মোস্তফা ছিলেন নিয়মিত মুক্তিবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানিতে। ১৪ আগস্ট পাকিস্তানের জাতীয় দিবসে বিপুলসংখ্যক পাকিস্তানি সেনা সমবেত হয় বৃহত্তর সিলেটের মাধবপুরে। তাঁরা জানতে পারলেন, পাকিস্তানের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদ্যাপন শেষে একদল পাকিস্তানি সেনা যাবে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। আলফা কোম্পানির অধিনায়ক তাঁদের নির্দেশ দেন পাকিস্তান সেনাবাহিনীর ওই দলকে অ্যামবুশ করার। এ জন্য রাতের অন্ধকারে তিনিসহ ১৫-১৬ জন মাধবপুর উপজেলার গোপালপুরে যান। সেখানে সড়কের একটি মোড়ে তাঁরা অ্যামবুশ করেন। তাঁরা কেউ অবস্থান নিলেন গাছের লতাপাতা ঢেকে, কেউ গাছের ওপরে। সবার দৃষ্টি রাস্তার দিকে। এর মধ্যে ওই সড়ক দিয়ে একটি দুটি করে কয়েকটি গাড়ি যাওয়া-আসা করে। সেগুলোতে আক্রমণ না করে তাঁরা অপেক্ষায় থাকলেন একসঙ্গে কয়েকটি গাড়িতে আক্রমণ করার জন্য। এই সিদ্ধান্ত তাঁদের বিপদই ডেকে আনল। এর মধ্যে দুজন অপরিচিত লোক সেখানে আসে। তারা সামনে যেতে চাইলে গোলাম মোস্তফারা তাদের সামনে যেতে নিষেধ করেন। এরপর তারা পেছন দিকে চলে যায়। সকাল হওয়ার পর গোলাম মোস্তফা ও তাঁর সহযোদ্ধারা দেখেন, পাকিস্তানি সেনারা তাঁদের তিন দিক থেকে ঘিরে ফেলেছে। ওই অপরিচিত লোক দুজন ছিল আসলে পাকিস্তানিদের অনুচর। তারা পাকিস্তানিদের খবর দিয়েছে। তখন পাকিস্তানিদের সঙ্গে সম্মুখ লড়াই করা মানে জীবন বিলিয়ে দেওয়া। এ অবস্থায় তাঁরা সামনে এগিয়ে বিরাট এক পাটখেতে যান। তার পাশেই ছিল একটি খাল। সেখানে অবস্থান নিয়ে গুলি শুরু করেন। পাকিস্তানিরাও পাল্টা গুলি শুরু করে। কয়েক ঘণ্টা গুলিবিনিময়ের পর তাঁরা ধর্মগড়ে পশ্চাদপসরণ করেন। সেদিন গোলাম মোস্তফা ও তাঁর সহযোদ্ধারা ধরেই নিয়েছিলেন, আর বুঝি বাঁচবেন না।১৯৭১ সালের ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার চান্দুয়ায় এক যুদ্ধে তিনি আহত হন। সেখানে পাকিস্তানি সেনারা তাঁদের কাছে আত্মসমর্পণ করে হঠাৎ গুলি করতে থাকে। তখন সেখানে ভয়াবহ যুদ্ধ হয়। তাঁর দুই পায়েই এলএমজির ব্রাশ-ফায়ারের গুলি লাগে। পরে তাঁর এক পা কেটে ফেলা হয়।মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য গোলাম মোস্তফা দুটি খেতাব পেয়েছেন। বীর বিক্রম ও বীর প্রতীক।গোলাম মোস্তফার পৈতৃক বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার ঝনকি গ্রামে। সেখানে তিনি থাকেন না। বসবাস করেন ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোডে। তাঁর বাবার নাম গোলাম মো. ফালু শেখ। মা আমেনা আছিয়া আক্তার। স্ত্রী শামিমা আক্তার। তাঁর চার ছেলে।গোলাম মোস্তফা বলেন, ‘আমরা লড়াই করে স্বাধীন দেশের পতাকা এনেছি। পতাকা অনেক রক্তে রঞ্জিত। এ পতাকা ধরে রাখতে হবে এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে।’সূত্র: গোলাম মোস্তফা বীর-বিক্রমের সাক্ষাৎকার; নিয়েছেন মুক্ত আসরের আবু সাঈদ, মহিউদ্দিন শেখ ও নাশিদ মুস্তারী এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস। সেক্টর ৩।গ্রন্থনা: তারা রহমান[email protected]