তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।হাবিবুর রহমান, বীর বিক্রমজাহাজমারা হাবিব১৯৭১ সালের ৯ আগস্ট রাতে সাতটি ছোট-বড় জাহাজ হঠাৎ টাঙ্গাইলের ভুয়াপুরে ধলেশ্বরী নদীর সিরাজকান্দি ঘাটে নোঙর করে। রাতের অন্ধকারে জাহাজের বৈদ্যুতিক আলোয় নদীর বুকে ঝলমলে জাহাজগুলোকে ভাসমান শহরের মতো মনে হচ্ছিল। এ খবর দ্রুত পৌঁছাল স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছে। সেখানে মুক্তিযোদ্ধাদের যে দলটি ছিল, তার দলনেতা ছিলেন হাবিবুর রহমান। তাঁরা সবাই কাদেরিয়া বাহিনীর । হাবিবুর রহমান জানতে পারেন নোঙর করা জাহাজে পাকিস্তানি সেনাবাহিনীর বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র রয়েছে। এটা জেনে তাঁরা পুলকিত হলেন। কারণ, উন্নত অস্ত্র ছাড়াই তাঁরা শুধু বুদ্ধি ও কৌশল খাটিয়ে এত দিন পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ করছেন।কাদের সিদ্দিকী হাবিবুর রহমানকে জানালেন, ওই জাহাজে আক্রমণ করে অস্ত্রশস্ত্র দখল করতে পারলে ভবিষ্যতে মুক্তিযুদ্ধ চালিয়ে যাওয়া সহজ হবে। এ জন্য তিনি রেজাউল করীমের নেতৃত্বে আরও একটি দলকে তাঁর কাছে পাঠালেন। কিন্তু কাজটা অত সহজ ছিল না। উত্তরে মাটিকাটায় তাঁরা অবস্থান নিয়েছিলেন। ১১ আগস্ট বেলা ১১টার দিকে জাহাজগুলো তাঁদের অবস্থানের কাছাকাছি চলে আসে। হাবিব এ সময় কিছুটা দ্বিধাগ্রস্ত। ভাবছিলেন, নিজেদের সামান্য শক্তি সম্বল করে ওই জাহাজগুলোতে আক্রমণ করা ঠিক হবে কি না। অন্যদিকে কাদের সিদ্দিকীর নির্দেশ। কিন্তু কীভাবে তা বাস্তবায়িত হবে, এর কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি।তাঁরা নদীর যে পাড়ে অবস্থান নিয়েছিলেন, তার পাশ দিয়েই ওই জাহাজগুলো যাচ্ছিল। হাবিব সহযোদ্ধাদের বলে দিলেন তাঁর সংকেতের আগে কেউ যেন গুলি না করেন। তাই সবাই অ্যাম্বুশস্থলে চুপ করে ছিলেন। এর মধ্যে দুটি জাহাজ চলে যায়। সবাই অস্ত্রের ট্রিগারে আঙুল রেখে অধীর আগ্রহ ও উত্তেজনায় অপেক্ষমাণ। এমন সময় সবচেয়ে বড় দুটি জাহাজ তাঁদের সামনে আসে। জাহাজ দুটিতে পাকিস্তানি সেনারা গল্পগুজবে মশগুল। মৃত্যু যে তাদের জন্য অপেক্ষা করছে, তা তাদের কল্পনায়ও নেই। হাবিবের এলএমজি গর্জে ওঠা মাত্র সহযোদ্ধারা মর্টার, এলএমজি ও রাইফেল থেকে গুলিবর্ষণ শুরু করেন। ২ ইঞ্চি মর্টারের গোলা আঘাত করে সারেঙের কেবিন ও পাকিস্তানি সেনাদের অবস্থানে। নিমেষে হতাহত হয় বেশ কজন পাকিস্তানি সেনা। বেঁচে যাওয়া বাকি পাকিস্তানি সেনারা প্রতিরোধের চেষ্টা না করে স্পিডবোটে করে পালিয়ে যায়। সামনের দুটি ও পেছনে থাকা বাকি জাহাজও সাহায্যে এগিয়ে না এসে পালাতে থাকে। এরপর হাবিবের নির্দেশে মুক্তিযোদ্ধারা সঙ্গে সঙ্গে অস্ত্রশস্ত্র নামিয়ে নিতে থাকেন। ছয় ঘণ্টায় তাঁরা প্রায় ৫০০ অস্ত্র ও গোলাবারুদের বাক্স নামাতে সক্ষম হন। এর পরও বিপুল অস্ত্র জাহাজে থেকে যায়। সেগুলো তাঁরা নেননি। কারণ, পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা আক্রমণের সম্ভাবনা ছিল। তাই জাহাজে আগুন ধরিয়ে দিয়ে তাঁরা সরে পড়েন। আগুনে গোলাবারুদ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দুই জাহাজই ধ্বংস হয়। এর পর থেকে হাবিবুর রহমানের নাম হয়ে যায় জাহাজমারা হাবিব।হাবিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের মার্চে ছুটিতে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধ যুদ্ধে। পরে কাদেরিয়া বাহিনীতে যোগ দেন। টাঙ্গাইলের ভুয়াপুর এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব বিশেষত, মাটিকাটার যুদ্ধে অসাধারণ দক্ষতা প্রদর্শনের জন্য হাবিবুর রহমানকে বীর বিক্রম খেতাব প্রদান করা হয়েছে।হাবিবুর রহমানের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের সাধুর গলগণ্ডা গ্রামে। ১৯৯৮ সালে তিনি মারা গেছেন। তাঁর বাবার নাম মো. কলিমুদ্দিন, মা সৈয়দুন্নেছা। স্ত্রী ফরিদা ইয়াসমীন। তাঁর ছয় মেয়ে ও দুই ছেলে।সূত্র: প্রথম আলোর ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি মো. কামাল হোসেনের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস সেক্টর ১১।গ্রন্থনা: তারা রহমান[email protected]