তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ এয়ার আহমদ, বীর বিক্রমফেনীর অসমসাহসী এক মুক্তিযোদ্ধাএয়ার আহমদ চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালের প্রথম দিকে বাবা- মা পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ের কথা পাকা করে তাঁকে চিঠি লেখেন। সেই চিঠি পেয়ে তিনি ছুটি নিয়ে বাড়ি যান। এর মধ্যে শুরু হয়ে যায় অসহযোগ আন্দোলন। কয়েক দিন পর মুক্তিযুদ্ধ। তাঁর আর বিয়ে করা হয়নি। ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। ৯ নভেম্বর বিলোনিয়ায় এক যুদ্ধে শহীদ হন তিনি।ফেনী জেলার অন্তর্গত বিলোনিয়া। বিলোনিয়া থেকে রেললাইন চলে এসেছে ফেনী পর্যন্ত। পাশ দিয়ে সমান্তরাল কাঁচা রাস্তা। অক্টোবর মাসের শেষ দিক থেকে সেখানে একটানা বৃষ্টি হচ্ছিল। সেদিনও টিপটিপ বৃষ্টি। এর মধ্যে চিথলিয়া-পরশুরামের মাঝামাঝি এক স্থানে ভোররাতে রেললাইনের পাশের রাস্তা ঘেঁষে মুক্তিযোদ্ধারা অবস্থান নেন পাকিস্তানি সেনাবাহিনীর টহল দলকে আক্রমণ করার জন্য। সকাল হলেই রেলট্রলিতে শুরু হবে পাকিস্তানি সেনাদের টহল। তারপর ভোরের আলো ফুটল। সময় দ্রুত গড়িয়ে যাচ্ছে। এমন সময় চিথলিয়ার দিক থেকে অস্পষ্ট শব্দ।এয়ার আহমদ সেদিকে তাকালেন। তিনি এবং তাঁর সহযোদ্ধা কয়েকজন পরিষ্কার দেখতে পেলেন একটা রেলট্রলি। ট্রলিতে বসা বেশ কজন পাকিস্তানি সেনা। তাদের সঙ্গে এক অফিসার। ওরা রেলট্রলিতে নিশ্চিন্তে বসে। বুঝতেই পারেনি মুক্তিবাহিনী এত কাছে ওতপেতে বসে আছে। মুক্তিযোদ্ধা যাঁরা ওখানে অবস্থান নিয়েছেন, তাঁদের মধ্যে এয়ার আহমদই ছিলেন সবচেয়ে সাহসী। মুক্তিযুদ্ধের শুরু থেকেই তিনি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে আসছিলেন। রেলট্রলিটা এগিয়ে আসছে। আওতার মধ্যে আসা মাত্র এয়ার আহমদ ও তাঁর সহযোদ্ধাদের অস্ত্র একসঙ্গে গর্জে উঠল। প্রথম গুলি করেন এয়ার আহমদই। গোলাগুলির শব্দে জায়গাটা মুখরিত হয়ে গেল। একজন পাকিস্তানি সেনাও প্রাণে বাঁচতে পারল না। গোলাগুলির শব্দে চিথলিয়া ও পরশুরামে অবস্থানরত পাকিস্তানিরা দুই দিক থেকেই গোলাগুলি শুরু করে।এদিকে আক্রমণের তা ৎ ক্ষণিক সাফল্যে আনন্দে বাঙ্কার থেকে উঠে পড়লেন এয়ার আহমদ। দৌড়ে গেলেন বাঙ্কারের অদূরে পড়ে থাকা নিহত পাকিস্তানি এক সেনা অফিসারের দিকে। গোলাগুলির কথা মুহূর্তের মধ্যে ভুলে গেলেন। নিহত পাকিস্তানি অফিসারের কোমরে বাঁধা খাপ থেকে পিস্তলটি বের করে নিজের পকেটে রাখলেন। এরপর সেই অফিসারকে টেনে আনতে থাকলেন নিজেদের বাঙ্কারের দিকে। ঠিক তখনই চিথলিয়ার দিক থেকে পাকিস্তানিদের ছোড়া একটি বুলেট এসে লাগল তাঁর মাথায়। নিমেষে এয়ার আহমদের শরীরটা কুঁকড়ে গেল। ঢলে পড়লেন বাঙ্কারের সামনে। রক্তে ঢেকে গেল সাফল্যের আনন্দে উদ্দীপ্ত মুখটা। এভাবে চিরদিনের জন্য বিদায় নিলেন সাহসী যোদ্ধা এয়ার আহমদ। পরে সহযোদ্ধারা তাঁকে সমাহিত করেন দক্ষিণ পৈথারা গ্রামে। এ গ্রাম তাঁর নিজ গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে। তাঁর কবরটি চিহ্নিত তবে পাকা করে সংরক্ষিত করা হয়নি।এয়ার আহমদ প্রকৃতপক্ষেই একজন সাহসী যোদ্ধা ছিলেন। শহীদ হওয়ার আগ পর্যন্ত ২ নম্বর সেক্টরের রাজনগর সাব-সেক্টর এলাকার পরশুরাম, মুন্সিরহাট, ফুলগাজী, সালধরসহ আরও কয়েক স্থানে সাহসিকতা ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন। তাঁর অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট ইমাম উজ জামান (বীর বিক্রম ও পরে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল)।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য এয়ার আহমদকে মরণোত্তর বীর বিক্রম খেতাব প্রদান করা হয়েছে।শহীদ এয়ার আহমদের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বালুয়া গ্রামে। তাঁর বাবার নজির আহম্মদ। মা রোকেয়া বেগম। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। শহীদ এয়ার আহমদের ছবি পাওয়া যায়নি। পরিবারের কারো কাছে তাঁর ছবি নেই।সূত্র: প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহেরের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২। গ্রন্থনা: তারা রহমান[email protected]