১৪২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শওকত আলী, বীর প্রতীকমা বললেন বাবাকে, ওকে যেতে দাওপাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞের খবর পেয়ে শওকত আলী ঘরে বসে থাকতে পারলেন না। প্রতিরোধযুদ্ধে যোগ দিতে বাসা থেকে যাওয়ার সময় বাবা পথ আটকে বললেন, ‘তুই যাসনে। এ ঘটনা তিন দিনেই থেমে যাবে। আগেও এ রকম ঘটনা অনেক ঘটেছে। শেষ পর্যন্ত কিছুই হবে না।’ এ সময় তাঁর মা-ও ছিলেন সেখানে। তিনি বললেন, ‘ওকে যেতে যাও। দেশের দুর্দিনে সে ঘরে বসে থাকতে পারে না।’ এরপর বাবা তাঁকে আর আটকালেন না। মায়ের অনুপ্রেরণায় ঝাঁপিয়ে পড়লেন প্রতিরোধযুদ্ধে। বাসা থেকে বেরিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের আগে আর বাসায় ফেরেননি।শওকত আলী ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মার্চের মাঝামাঝি যান তাঁর বাবার কর্মস্থল চট্টগ্রামে। বাবা ছিলেন রেলওয়ের চিফ ট্রাফিক ম্যানেজার। চট্টগ্রামে প্রতিরোধপর্বে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একাংশের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধ করেন। ১১ এপ্রিল কালুরঘাটে পাকিস্তান সেনাবাহিনীর বিরাট একটি দল তাঁদের আক্রমণ করে। এ সময় সেতুর পশ্চিম প্রান্তে বাঁ দিকে তিনি ও আরও কয়েকজন গণযোদ্ধা প্রতিরক্ষা অবস্থানে ছিলেন। ডানদিকে ক্যাপ্টেন হারুন আহমদ চৌধুরী (বীর উত্তম ও পরে মেজর জেনারেল) ও কয়েকজন গণযোদ্ধা। পাকিস্তানি সেনারা তাঁদের ঘেরাও করে ফেলে। এ সময় হারুন আহমদ চৌধুরীর পেটে গুলি লাগলে তিনি সেতুর ওপর পড়ে যান। তখন প্রয়োজন হয়ে পড়ে তাঁকে উদ্ধারের। প্রচণ্ড গোলাগুলির মধ্যে এ কাজটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণ কাজটিই তিনি করেন। লেফটেন্যান্ট মাহফুজ (বীর বিক্রম ও পরে লে. কর্নেল) ও তিনি মিলে হারুন আহমদ চৌধুরীকে উদ্ধার করে সেতুর ওপারে নিয়ে যান। সেদিন এখানে যুদ্ধে তাঁদের আটজন শহীদ এবং শমসের মবিন চৌধুরী আহত অবস্থায় পাকিস্তানিদের হাতে বন্দী হন। এভাবে কালুরঘাট যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।এরপর ক্যাপ্টেন খালেকুজ্জামানের নেতৃত্বে তাঁরা অবস্থান নেন বুড়িরহাটে। রাঙামাটি জেলার নান্নেরহাট থানার অন্তর্গত বুড়িরহাট। ১৮ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো ব্যাটালিয়ন তাঁদের অবস্থানে আক্রমণ করে। তখন তাঁদের লোকবল খুবই কম। গোলাবারুদ নেই বললেই চলে। আছে শুধু অসীম মনোবল ও প্রত্যয়। এখানেও তাঁরা নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে দীর্ঘক্ষণ যুদ্ধ করে পশ্চাদপসরণ করেন। মুন্সি আবদুর রউফ (বীরশ্রেষ্ঠ) এখানে শহীদ হন। বুড়িরহাট থেকে পশ্চাদপসরণ করে তাঁরা অবস্থান নেন মহালছড়িতে। ২৭ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো দল স্থানীয় মিজোদের সঙ্গে নিয়ে তিন দিক থেকে তাঁদের আক্রমণ করে। এ সময় তিনি ছিলেন ক্যাপ্টেন আফতাবুল কাদেরের (বীর উত্তম) সঙ্গে। তুমুল যুদ্ধের একপর্যায়ে আফতাবুল কাদের তাঁর চোখের সামনেই গুলিবিদ্ধ হন। তখন শওকত আলীই ফারুক নামের একজনকে সঙ্গে নিয়ে তাঁকে উদ্ধার করে রামগড়ে নিয়ে যান।শওকত আলী এরপর ভারতে যান। পরে যোগ দেন প্রথম বাংলাদেশ ওয়ারকোর্সে। প্রশিক্ষণ শেষে ১ নম্বর সেক্টরের মনুঘাট সাবসেক্টরে মুক্তিবাহিনীর একটি কোম্পানির কমান্ডার হিসেবে যোগ দেন। ফটিকছড়িতে এক যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর এক অফিসারসহ বিপুলসংখ্যক সেনা তাঁদের হাতে নিহত হয়। পরে হেঁয়াকো-নাজিরহাটে তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে কিছু এলাকা মুক্ত করে সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শওকত আলীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। শওকত আলীর বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামে। সেখানে তিনি থাকেন না। বর্তমানে চট্টগ্রামের নাসিরাবাদে ইশানা ভ্যালি আবাসিক এলাকার ২ নম্বর সড়কে বসবাস করেন। তাঁর বাবার নাম এম আশরাফ আলী, মা শিরীন আরা বেগম, স্ত্রী নাসিমা বেগম। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। শওকত আলী বলেন, ‘আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই।’সূত্র: শওকত আলীর সাক্ষাৎকার এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১। ছবি: রাশেদ মাহমুদ।গ্রন্থনা: তারা রহমানtৎৎ[email protected]