১৪৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. আনোয়ার হোসেন, বীর প্রতীকযুদ্ধে গেলেন বাবা-মাকে না জানিয়েমো. আনোয়ার হোসেন ও মোজাম্মেল হক (বীর প্রতীক) পরস্পর আত্মীয়। আনোয়ার হোসেনের মামাতো ভাই মোজাম্মেল হক। ১৯৭১ সালে তাঁরা দুজনই যোগ দেন মুক্তিবাহিনীতে। তাঁরা ছিলেন ২ নম্বর সেক্টরের গেরিলা বাহিনীর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা গ্রুপের সদস্য। এই গ্রুপের, বিশেষ করে আনোয়ার হোসেন ও মোজাম্মেল হকের ওপর দায়িত্ব পড়ে মোনায়েম খানের বাড়িতে অপারেশন করার। পূর্ব পাকিস্তানের একসময়ের গভর্নর, যিনি নানা কার্যকলাপের কারণে কুখ্যাতিই অর্জন করেছিলেন বেশি।১৯৭১ সালে মোনায়েম খানের বাড়িতে অপারেশন পরিচালনা করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ তাঁর বাড়িতে পাকিস্তানি সেনা ও পুলিশ সার্বক্ষণিক প্রহরায় ছিল। এ ছাড়া বাড়ির চারদিকে ছিল তল্লাশি চৌকি। ঘটনাচক্রে একটা উপায়ও তাঁদের হয়ে যায়। আনোয়ার হোসেনের মামা আর মোজাম্মেল হকের চাচা আবদুল জব্বার কাজের সূত্রে মোনায়েম খানের বাড়িতে নিয়মিত যেতেন। তাঁর মাধ্যমে মোনায়েম খানের বাড়ির দুজন কাজের লোক শাহজাহান ও মোখলেসের সঙ্গে তাঁরা পরিচিত হন। তাঁদের সঙ্গে কথা বলে বুঝতে পারলেন যে তাঁরা দুজনই মোনায়েম খানের ওপর ক্ষুব্ধ ও বিরক্ত। আনোয়ার হোসেন ও মোজাম্মেল হক এই সুযোগ কাজে লাগালেন। তাঁরা দেশের স্বাধীনতার লড়াই, মোনায়েম খানের মতো কট্টর পাকিস্তানি দালালদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা শাহজাহান ও মোখলেসকে বোঝান। দুজনই তাঁদের সঙ্গে একমত হন এবং বলেন, দেশমাতৃকার জন্য তাঁরা এই কাজে সহযোগিতা করবেন। আনোয়ার হোসেন ও মোজাম্মেল হকও তাঁদের বিশ্বাস করেন।১৩ অক্টোবর আনোয়ার হোসেন পুঁইশাকভর্তি চটের ব্যাগের মধ্যে একটি স্টেনগান, একটি গ্রেনেড ও ফসফরাস বোমা নিয়ে যান বনানী কবরস্থানসংলগ্ন মোনায়েম খানের বাড়ির পেছনে কলাগাছের বাগানে। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন মোজম্মেল হক ও নুরুল আমিন নামে তাঁদের এক সহযোদ্ধা। একটু পর শাহজাহান এসে তাঁদের জানান, মোনায়েম খান ড্রয়িং রুমে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আলাপ করছেন। তখন তাঁরা দুজন একসঙ্গে ক্ষিপ্রগতিতে ড্রয়িংরুমে ঢোকেন। অস্ত্র হাতে তাঁদের দেখে মোনায়েম খান ও অন্যরা প্রেত দেখার মতো চমকে ওঠেন। আনোয়ার হোসেন স্টেনগান দিয়ে ব্রাশফায়ার করেন। মোজাম্মেল হক হ্যান্ড গ্রেনেড ও ফসফরাস বোমা চার্জ করেন। এরপর শাহজাহানের সঙ্গে তাঁরা দুজন বাউন্ডারি দেয়াল টপকে পালিয়ে যান। তিনি যান ছোলমাইদ, মোজাম্মেল হক ভাটারায় তাঁর এক চাচার বাড়িতে। পরদিন তাঁরা জানতে পারেন যে তাঁদের অপারেশন সফল হয়েছে। মোনায়েম খান নিহত হয়েছেন।মো. আনোয়ার হোসেন ১৯৭১ সালে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে মা-বাবাকে না জানিয়ে ভারতে গিয়ে মুক্তিবাহিনীতে যোগ দেন। আগরতলার মতিনগর ও মেলাঘরে প্রশিক্ষণ নেন। তিনি কালীগঞ্জের ইছাপুরে সরাসরি এক যুদ্ধেও অংশ নেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব, বিশেষ করে মোনায়েম খানের বাড়িতে অপারেশন করার জন্য মো. আনোয়ার হোসেনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।মো. আনোয়ার হোসেনের বাড়ি ঢাকা জেলার গুলশান থানার কালাচাঁদপুরে (ক-৭৪)। তাঁর বাবার নাম আবদুল কাদির। মা জোহরা খাতুন। স্ত্রী মাহিনুর হোসেন। তাঁদের তিন ছেলে। তিনি বর্তমানে ঢাকা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র। মো. আনোয়ার হোসেন বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। এটা অনেক আগেই করা দরকার ছিল। আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই।’ সূত্র: মো. আনোয়ার হোসেন বীর প্রতীকের সাক্ষাৎকার এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২। গ্রন্থনা: তারা রহমান [email protected].