১৪৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।এস এম ইমদাদুল হক, বীর উত্তমযুদ্ধক্ষেত্রে শহীদ হন এই সাহসী যোদ্ধাএস এম ইমদাদুল হক ১৯৭১ সালে ছিলেন পশ্চিম পাকিস্তানে (বর্তমান পাকিস্তান)। চাকরি করতেন সেনাবাহিনীতে। তিনি তখন লেফটেন্যান্ট। বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সিদ্ধান্ত নেন, যে করেই হোক, এতে যোগ দেবেন। সহকর্মী বাঙালি কয়েকজনের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। এরপর তাঁরা সুযোগ খুঁজতে থাকেন। তখন সেখান থেকে পালানো সহজ ছিল না। মে মাসের তৃতীয় সপ্তাহে একদিন তাঁরা ১২ জন একসঙ্গে পালিয়ে ভারতে যান। এস এম ইমদাদুল হককে নিয়মিত মুক্তিবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। তিনি প্রথমে যুদ্ধ করেন ১১ নম্বর সেক্টর এলাকায়, পরে জেড ফোর্সের অধীনে বৃহত্তর সিলেট অঞ্চলে। কয়েকটি যুদ্ধে যথেষ্ট সাহস ও রণকৌশল প্রদর্শন করেন। ৭ নভেম্বর মৌলভীবাজারের ধামাই চা-বাগানে এক খণ্ডযুদ্ধে তিনি শহীদ হন।ধামাই চা-বাগানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত একটি ঘাঁটি। সেপ্টেম্বর পর্যন্ত বৃহত্তর সিলেট অঞ্চলে মুক্তিবাহিনীর স্বল্প তৎপরতার কারণে পাকিস্তানি সেনাবাহিনী এই এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করে। ভৌগোলিক অবস্থানগত কারণে ধামাই চা-বাগানের অবস্থান ছিল গুরুত্বপূর্ণ। এ জন্য ধামাই চা-বাগানে আক্রমণ করা, চা-বাগানের দখল নেওয়া মুক্তিবাহিনীর জন্য অপরিহার্য হয়ে পড়ে। এই আক্রমণের দায়িত্ব পড়ে এস এম ইমদাদুল হকের ওপর। ৭ নভেম্বর রাতে তাঁর নেতৃত্বে প্রায় ১০০ মুক্তিযোদ্ধা সীমান্ত অতিক্রম করে চা-বাগান থেকে দূরে এক স্থানে তিন ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেন। আক্রমণের নির্ধারিত সময় ছিল ভোররাত। আক্রমণ শুরুর আগে কয়েকজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে তিনি এগিয়ে যান পাকিস্তানিদের অবস্থান নিজ চোখে দেখার জন্য। এ সময় বাগানে থাকা কয়েকটি কুকুর ডেকে উঠলে পাকিস্তানিরা তাঁদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে গুলি শুরু করে। তাঁর সঙ্গে থাকা মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি করেন। তিনি নিজে পাকিস্তানি ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন। শুরু হয়ে যায় তীব্র গোলাগুলি। এর মধ্যে দূরে থাকা সহযোদ্ধারাও তাঁদের সঙ্গে যোগ দেন। ইমদাদুল হক সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করছিলেন। একপর্যায়ে কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে ঢুকে পড়েন পাকিস্তানি অবস্থানের একদম ভেতরে। এ সময় আহত হন তাঁর এক সহযোদ্ধা। তাঁকে উদ্ধার করতে তিনি নিজেই এগিয়ে যাচ্ছিলেন। আর ঠিক তখনই পাকিস্তানি সেনাবাহিনীর মেশিনগানের গুলি এসে লাগে তাঁর বুকে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। শহীদ হন এই সাহসী যোদ্ধা। সে দিন যুদ্ধে আরও দুজন শহীদ হন। পরে মুক্তিযোদ্ধারা তাঁর এবং অন্য দুই সহযোদ্ধার মরদেহ উদ্ধার করে সমাহিত করেন ভারতের ত্রিপুরা রাজ্যের চল্লিশধন কদমতলায়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য এস এম ইমদাদুল হককে মরণোত্তর বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।এস এম ইমদাদুল হকের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মধুমতী নদীতীরবর্তী মাটলা গ্রামে। পঞ্চাশের দশকের শেষে এই গ্রাম নদীতে বিলীন হয়ে গেলে তাঁর বাবা নদীর অপর পারে পারনাকান্দা গ্রামে নতুন বসতি স্থাপন করেন। এই গ্রাম ছিল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার অন্তর্গত। আশির দশকে পারনাকান্দা গ্রাম মধুমতীর বুকে বিলীন হলে তাঁর পরিবার আবার মাটলা গ্রামে বসতি স্থাপন করে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। তাঁরা চার ভাই মুক্তিযোদ্ধা। তাঁর বাবার নাম আবদুল মালেক, মা রওশন নেছা। ইমদাদুল হক অবিবাহিত। সরকারি গেজেটে (২০০৪) তাঁর যে ঠিকানা দেওয়া আছে, সেটি তাঁর ছোট ভাই এস এম তবিবুর রহমানের। তিনি যশোর উপশহরের সি ব্লকের ২০২ নম্বর বাড়িতে বসবাস করেন।শহীদ এস এম ইমদাদুল হকের ভাই এস এম তবিবুর রহমান বলেন, ‘সরকার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে, কিন্তু আমাদের পরিবার এ পর্যন্ত কোনো সুবিধা পায়নি।’সূত্র: প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলামের পাঠানো তথ্য, আবু সাঈদ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস। গ্রন্থনা: তারা রহমান[email protected]