১৪৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মোহাম্মদ জিয়াউদ্দীন, বীর উত্তমসফল পরিকল্পনাকারী সাহসী এক মুক্তিযোদ্ধানিয়মিত মুক্তিবাহিনীর অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের যোদ্ধাদের মনোবল ১৯৭১ সালের ৩১ জুলাইয়ের পর একেবারে ভেঙে পড়েছিল। এ অবস্থায় তখন সবচেয়ে জরুরি হয়ে পড়ে তাঁদের মনোবল ও সাহস ফিরিয়ে আনা। এই গুরুদায়িত্ব পড়ে মোহাম্মদ জিয়াউদ্দীনের ওপর। কয়েক দিন আগে তিনি পশ্চিম পাকিস্তান (বর্তমান পাকিস্তান) থেকে পালিয়ে এসে মুক্তিবাহিনীতে যোগ দিয়েছেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন রাওয়ালপিন্ডিতে। পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টারে। বাংলাদেশের খবর শোনা মাত্র সিদ্ধান্ত নেন সেখান থেকে পালিয়ে যাবেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেবেন। এর পর থেকে সুযোগ খুঁজতে থাকেন। ২১ জুলাই পালিয়ে ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিবাহিনীর হেডকোয়ার্টারে রিপোর্ট করার পর আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে তাঁকে দায়িত্ব দেওয়া হয় প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক হিসেবে।দায়িত্ব পেয়ে মোহাম্মদ জিয়াউদ্দীনের প্রথম কাজ হয় মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে প্লাটুন ও সেকশন কমান্ডারদের মনোবল, সাহস ও আত্মবিশ্বাস বাড়ানো। তাঁদের মনোবল ও সাহস ফিরিয়ে আনতে তিনি নতুন কৌশল প্রয়োগ করলেন। শুধু প্লাটুন ও সেকশন কমান্ডারদের সমন্বয়ে ক্ষুদ্র দল করে তাঁদের সঙ্গে নিয়ে ওই কামালপুরেই হিট অ্যান্ড রান পদ্ধতিতে বেশ কটি অপারেশন চালালেন। সব অপারেশনেই তিনি তাঁদের সঙ্গে থাকলেন এবং নেতৃত্ব দিলেন। বেশির ভাগ অপারেশনই সফল এবং এতে পাকিস্তান বাহিনীর কিছু ক্ষয়ক্ষতিও হলো। পরবর্তী সময়ে এসব যোদ্ধারাই তাঁর নেতৃত্বে বৃহত্তর সিলেট অঞ্চলে সাহসের সঙ্গে যুদ্ধ করে। এর মধ্যে ধলই বিওপি, কানাইঘাট ও এমসি কলেজের যুদ্ধ উল্লেখযোগ্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে কটি যুদ্ধ দ্রুত বিজয়ের পটভূমি তৈরি করে, তার মধ্যে ধলই ও কানাইঘাটের যুদ্ধ অন্যতম। ২৮ অক্টোবর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে ধলাইয়ে আক্রমণ করে। পাঁচ দিন একটানা যুদ্ধে ধলই মুক্ত হয়। এর পর আটগ্রাম-চারগ্রাম ও কানাইঘাটে তাঁরা পাকিস্তানিদের মুখোমুখি হন। কানাইঘাটের গৌরীপুরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তাঁর নেতৃত্বাধীন বাহিনীর ভয়াবহ যুদ্ধ হয়। ২৬ নভেম্বর ভোরে তাঁর বাহিনীর একাংশের ওপর পাকিস্তান সেনাবাহিনী আকস্মিকভাবে আক্রমণ করে। এতে মুক্তিবাহিনীর একটি কোম্পানি নাজুক অবস্থায় পড়ে। কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন মাহবুব শহীদ হন। কানাইঘাট যুদ্ধে বিজয় মুক্তিবাহিনীর সিলেট বিজয় ত্বরান্বিত করে। এরপর পাকিস্তান সেনাবাহিনী পিছিয়ে দরবস্ত ও খাদিমনগরে অবস্থান নেয়। তখন মোহাম্মদ জিয়াউদ্দীন সিদ্ধান্ত নেন পাকিস্তানি অবস্থানের মধ্যবর্তী জায়গা দিয়ে অনুপ্রবেশ করে সিলেট শহরের উপকণ্ঠে যাবেন। কাঁচা রাস্তা, খাল-বিল-হাওরের মধ্য দিয়ে দুর্গম পথ দিয়ে প্রায় ১১০০ মুক্তিযোদ্ধা তাঁর নেতৃত্বে ১৩ ডিসেম্বর সিলেট এমসি কলেজে পৌঁছান। তাঁর পরিকল্পনা ছিল, পথিমধ্যে পাকিস্তান সেনাদের সঙ্গে সরাসরি যুদ্ধে শক্তি ক্ষয় না করে সিলেট শহরের কাছাকাছি পৌঁছে তাদের চমকে দেওয়া। তাঁর এ পরিকল্পনা বেশ কার্যকর হয়। তাঁদের দেখে পাকিস্তানিরা একেবারে হতভম্ব হয়ে পড়ে। এমসি কলেজের যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও নেতৃত্ব প্রদানের জন্য মোহাম্মদ জিয়াউদ্দীনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছে। মোহাম্মদ জিয়াউদ্দীনের বাড়ি চট্টগ্রামে। মহানগরের ১৮ জামাল খান লেনে (দক্ষিণ-পশ্চিম আসকর দিঘি)। এখানেই তিনি বর্তমানে বসবাস করেন। তাঁর বাবার নাম মোহাম্মদ কাশেম, মা মজিদা খাতুন। স্ত্রী জাহানারা বেগম। তাঁর দুই ছেলে এক মেয়ে। স্বাধীনতার পর তাঁকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে পদচ্যুত করা হয়। তখন তাঁর পদবি ছিল লেফটেন্যান্ট কর্নেল। মোহাম্মদ জিয়াউদ্দীন বলেন, ১৯৭১ সালে আমরা রাজনৈতিকভাবে খুব অপরিপক্ব ছিলাম। যাঁরা বিপ্লবে অংশ নেন, তারা অস্ত্র সমর্পণ করেন না। স্বাধীনতার পর তাঁদের দেশের কাজে না লাগিয়ে অস্ত্র ফেরত নেওয়া ছিল ভুল সিদ্ধান্ত।’ সূত্র: মোহাম্মদ জিয়াউদ্দীন বীর উত্তমের সাক্ষাৎকার, মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, ব্রিগেডভিত্তিক ইতিহাস। গ্রন্থনা: তারা রহমান[email protected]