১৪৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মোদাসসের হোসেন খান, বীর প্রতীকঝুঁকিপূর্ণ এক আক্রমণে নেতৃত্ব দেন তিনি১৯৭১ সালের ৩০ আগস্ট। কুড়িগ্রাম জেলার ঘুঘুমারীতে সমবেত হলেন প্রায় দেড় শ মুক্তিযোদ্ধা। তাঁরা পাঁচটি দলে বিভক্ত। একটি দলের নেতৃত্বে মোদাসসের হোসেন খান। তাঁরা কয়েক মাইল প্রশস্ত ব্রহ্মপুত্র নদ অতিক্রম করে উলিপুরের বিভিন্ন স্থানে একযোগে অপারেশন করবেন। এর মধ্যে উলিপুর শহরের অপারেশনটি ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ কাজের নেতৃত্ব ও দায়িত্ব পড়েছে মোদাসসের হোসেন খানের ওপর। তাঁর দলে রয়েছেন দুই প্লাটুন মুক্তিযোদ্ধা। দুই প্লাটুনের একটি রাজাকার ক্যাম্প, অপরটি ডাকবাংলোয় অবস্থানরত পাকিস্তানি সেনাদের আক্রমণ করবে। তিনি নিজে থাকবেন প্রথম দলের সঙ্গে। তখন ভরা বর্ষা। উত্তাল ব্রহ্মপুত্র। বিকেল পাঁচটার দিকে মোদাসসের হোসেন খান সহযোদ্ধাদের নিয়ে নৌকায় করে রওনা হলেন। তাঁরা যাচ্ছেন এমন এক অপারেশনে, যেখানে সাফল্যের পাশাপাশি জীবননাশও হতে পারে। নানা চিন্তা-ভাবনায় তাঁদের সবার মন অস্থির। ক্রমে রাত গভীর হলো। রাত আনুমানিক ১২টা সাড়ে ১২টার দিকে পৌঁছালেন নদীর ওপারে। নৌকা থেকে নেমে অন্ধকারে এগিয়ে দ্রুত অবস্থান নিলেন নির্দিষ্ট স্থানে। প্রথমে তাঁরা রকেট লাঞ্চার থেকে শেল ছুড়লেন। রাতের নিস্তব্ধতা ভেঙে নিক্ষিপ্ত শেল বিকট শব্দে বিস্ফোরিত হলো। গোলাগুলির শব্দে গোটা উলিপুর শহর এবং এর আশপাশ মুখরিত হয়ে পড়ল। বিস্ফোরণের শব্দ শোনা গেল কয়েক মাইল দূর থেকেও।কিছুক্ষণ যুদ্ধ করার পর তাঁরা সবাই রওনা হলেন ফরওয়ার্ড অ্যাসেমব্লি এরিয়ায়। তখনই ঘটল বিপত্তি। একদল পাকিস্তানি সেনা পথিমধ্যে তাঁদের পেছন থেকে আক্রমণ করে। সেখানে হঠা ৎ পাকিস্তানিদের এই আক্রমণ ছিল অপ্রত্যাশিত। মোদাসসের হোসেন খান ও তাঁর সহযোদ্ধারা এ আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। গোলাগুলির একপর্যায়ে তিনি দেখতে পান, তাঁরা বিক্ষিপ্ত হয়ে গেছেন। তাঁর সঙ্গে মাত্র সাত-আটজন রয়েছেন। তিনি এবং তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা ধরা পড়ার উপক্রম হন। তখন সবার অস্ত্রের গুলি প্রায় শেষ। আছে শুধু হ্যান্ড গ্রেনেড। তিনি হ্যান্ড গ্রেনেড ছুড়ে পাকিস্তানিদের প্রতিহত করেন। তাঁর সঙ্গে থাকা অন্য সহযোদ্ধারাও হ্যান্ড গ্রেনেড ছোড়েন। এরপর তাঁরা অল্পের জন্য ধরা পড়া থেকে রক্ষা পান। এরপর তাঁরা দ্রুত নিরাপদ দূরত্বে যান। পরে দলের জন্য সদস্যরাও তাঁদের সঙ্গে যোগ দেন।মোদাসসের হোসেন খান ১৯৭১ সালে ছিলেন পশ্চিম পাকিস্তানে (বর্তমান পাকিস্তান)। কাকুল মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণরত থাকা অবস্থায় ২৩ মে সেখান থেকে পালিয়ে ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। তাঁকে নিয়মিত মুক্তিবাহিনীর অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। যুদ্ধ করেন ১১ নম্বর সেক্টরে এবং বৃহত্তর সিলেট অঞ্চলে। উলিপুর ছাড়া অন্যান্য উল্লেখযোগ্য যুদ্ধ নকশি বিওপি ও ধামাই চা-বাগান আক্রমণ। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মোদাসসের হোসেন খানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।মোদাসসের হোসেন খানের বাড়ি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর উপজেলার কাজী কসবা গ্রামে। সেখানে তিনি থাকেন না। বর্তমানে ঢাকার ধানমন্ডিতে বসবাস করেন। তাঁর বাবার নাম তোফাজ্জল হোসেন খান, মা রোকেয়া বেগম, স্ত্রী সৈয়দ মুস্তারী খান। তাঁদের দুই ছেলে, এক মেয়ে। মোদাসসের হোসেন খান বলেন, ‘আমাদের এখন খুব বেশি প্রয়োজন ভালো নেতৃত্ব। সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।সূত্র: মোদাসসের হোসেন খান বীর প্রতীকের সাক্ষা ৎ কার; নিয়েছেন মুক্ত আসরের আবু সাঈদ, মহিউদ্দিন শেখ ও নাশিদ মুস্তারী এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১। গ্রন্থনা: তারা রহমান[email protected]