তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শফিকউদ্দীন আহমেদ, বীর প্রতীকপাকিস্তানি ঘাঁটিতে উড়ল বাংলাদেশের পতাকা২০-২৫ মিনিট যুদ্ধ করার পর পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা পালাতে শুরু করল। দুই ঘণ্টার মধ্যেই পাকিস্তানি সেনাবাহিনীর ঘাঁটি মুক্তিযোদ্ধাদের দখলে চলে এল। ঘাঁটিতে উড়ছিল পাকিস্তানি পতাকা। মুক্তিযোদ্ধা শফিকউদ্দীন আহমেদের কাছে ছিল বাংলাদেশের পতাকা। তিনি পাকিস্তানি পতাকা নামিয়ে পতাকাদণ্ডে ওড়ালেন বাংলাদেশের পতাকা। পতপত করে উড়তে থাকে বাংলাদেশের পতাকা। মুক্তিযোদ্ধারা আনন্দে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোটা এলাকা মুখরিত করে ফেললেন। কিন্তু তাঁদের এই আনন্দ বেশিক্ষণ থাকল না।শফিকউদ্দীন আহমেদসহ তাঁর সহযোদ্ধারা খবর পেলেন, পাকিস্তান সেনাবাহিনীর নতুন একটি দল তাঁদের দিকে এগিয়ে আসছে আক্রমণের জন্য। কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানিরা এসে প্রচণ্ড আক্রমণ শুরু করল। আবারও শুরু হলো তুমুল যুদ্ধ। কয়েক ঘণ্টা যুদ্ধ চলার পর মুক্তিযোদ্ধাদের গোলাবারুদ প্রায় শেষ হয়ে গেলে তাঁদের অধিনায়ক পশ্চাদপসরণ করার সিদ্ধান্ত নিলেন। দলের বেশির ভাগ যোদ্ধা পশ্চাদপসরণ করে নিরাপদ স্থানে চলে গেছেন। শফিকউদ্দীন আহমেদ ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন সময়মতো সে খবর পাননি। তিনি সেখানে একটি টিলার ফাঁকে হালকা মেশিনগান দিয়ে যুদ্ধ করছিলেন। তুমুল বিক্রমে যুদ্ধ করে যাচ্ছিলেন। কিন্তু পাকিস্তানিদের প্রচণ্ড আক্রমণে ক্রমে তাঁরা কোণঠাসা হয়ে পড়লেন। চোখের সামনে শহীদ হলেন সহযোদ্ধা ইপিআরের হাবিলদার কতুবউদ্দীন (বাড়ি বিয়ানীবাজারের ঘোলাটিকর), নায়েক আবদুল মান্নান (বাড়ি গোলাপগঞ্জের হেতিমগঞ্জ) এবং কামাল চৌধুরী (বাড়ি গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা)। এ অবস্থায় তিনিসহ বাকি যাঁরা বেঁচে ছিলেন, তাঁদের পশ্চাদপসরণ করা ছাড়া আর কোনো গত্যন্তর থাকল না। তখন সেখানে আর যুদ্ধ চালিয়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। এরপর তিনি বেঁচে যাওয়া সহযোদ্ধাদের নিয়ে নিরাপদ স্থানে সরে যান।এ ঘটনা ১৯৭১ সালের। মৌলভীবাজার জেলার লাতুতে। সেখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর ৩১ পাঞ্জাব রেজিমেন্টের একটি দল (এক কোম্পানি)। তাদের সহযোগী হিসেবে ছিল স্কাউট ও রাজাকার। ১০ আগস্ট মুক্তিবাহিনী সেখানে আক্রমণ করে। পরিকল্পনা অনুযায়ী তাঁরা ভোর সাড়ে পাঁচটায় একযোগে আক্রমণ চালান। এর আগে কয়েক ঘণ্টা পাকিস্তানি অবস্থানে আর্টিলারি গোলা বর্ষিত হয়। আটটার মধ্যে লাতু রেলস্টেশন এলাকা মুক্তিযোদ্ধাদের দখলে আসে। এখানেই ছিল পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি। শফিকউদ্দীন আহমেদ ইপিআরে (পরে বিডিআর, এখন বিজিবি) চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন সিলেট সেক্টর হেড কোয়ার্টারের অধীনে ১ নম্বর উইংয়ে। এ উইংয়ের অবস্থান ছিল কুমিল্লার কোটবাড়ীতে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কোটবাড়ী থেকে পালিয়ে নিজ এলাকায় প্রতিরোধ যুদ্ধ করেন। পরে ভারতে গিয়ে মুক্তিবাহিনীতে যোগ দেন। যুদ্ধ করেন ৪ নম্বর সেক্টরের বড়পুঞ্জি সাব-সেক্টরে। জুড়ী উপজেলার দিলকুশা চা-বাগানে সম্মুখযুদ্ধে তিনি এক পাকিস্তানি সেনাকে জীবিত অবস্থায় আটক করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শফিকউদ্দীন আহমেদকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।শফিকউদ্দীন আহমেদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি গ্রামে। ২০০৪ সালে তিনি জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর ছোট ভাই রিয়াজউদ্দীন আহমেদও মুক্তিযোদ্ধা। তাঁর বাবার নাম তজমুল আলী, মা সামছুন নাহার। স্ত্রী ছালেহা বেগম। তাঁর দুই ছেলে ও এক মেয়ে।শফিকউদ্দীন আহমেদের ছোট ভাই রিয়াজউদ্দীন আহমেদ বলেন, ‘আমরা দুই ভাই মা-বাবা, পরিবার-পরিজনের মায়া ছেড়ে যুদ্ধে যাই। দেশটাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করাই ছিল আমাদের লক্ষ্য।’সূত্র: প্রথম আলোর জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি কল্যাণ প্রসূনের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৪।গ্রন্থনা: তারা রহমান[email protected]