১৫০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মোহাম্মদ আনোয়ার হোসেন, বীর প্রতীকছাতক আক্রমণে নেতৃত্ব দেন তিনিমোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে বিপুল বিক্রমে মুক্তিযোদ্ধারা পৌঁছে গেলেন পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের কাছাকাছি। তাঁদের আরআর গোলার আঘাতে ধ্বংস হয়ে গেল পাকিস্তানিদের অনেকগুলো বাংকার। সন্ধ্যার মধ্যেই সেখানকার জীবিত পাকিস্তানিরা পালিয়ে গেল। তাঁদের দখলে এল ছাতকের বিরাট এলাকা। এ ঘটনা ১৯৭১ সালের। ১৪ অক্টোবর। সিলেট জেলার অন্তর্গত সুরমা নদীর তীরবর্তী ছাতক—গুরুত্বপূর্ণ নদীবন্দর এবং সেখানে ছিল দেশের একমাত্র সিমেন্ট কারখানা। এখানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত ঘাঁটি। মুক্তিবাহিনীর পাঁচ নম্বর সেক্টরের শেলা সাব-সেক্টরের অধীন এলাকা।ছাতক সিমেন্ট ফ্যাক্টরি এলাকার একাংশ দখলে নেওয়ার পর মোহাম্মদ আনোয়ার হোসেন জানতে পারলেন, সিলেট থেকে সড়কপথে পাকিস্তান সেনাবাহিনীর নতুন একটি দল সেখানে আসছে। ১৫ অক্টোবর সকালে তাঁরা দেখতে পেলেন পাকিস্তান সেনাবাহিনীর তিনটি হেলিকপ্টার। সেগুলো থেকে তাঁদের অবস্থানের ওপর বিরামহীনভাবে মেশিনগানের গুলি বর্ষিত হতে থাকল। এতে তাঁর দলের অনেকে আহত হলেন। এর পরও তাঁরা অবস্থান ধরে রাখলেন। ১৬ অক্টোবর সকালে তাঁরা দেখতে পেলেন, পেছনে উঁচু টিলার ওপরে কিছু পাকিস্তানি সেনা। সকাল থেকে সেখানে আবার শুরু হলো তুমুল যুদ্ধ। দিনভর যুদ্ধ চলার পর গোটা সিমেন্ট ফ্যাক্টরি এলাকাটি তাঁদের দখলে চলে এল। কিন্তু তাঁকে চিন্তিত করে তুলল পেছনে পাকিস্তানি সেনাদের আনাগোনা। ক্রমেই তাদের সংখ্যা বাড়ছে। খোঁজ নিয়ে জানতে পালরেন, এরা সিলেট থেকে আসা নতুন পাকিস্তানি সেনা। এ দলটি তাদের চারদিক দিয়ে ঘেরাও করার চেষ্টা করছে। এ খবর পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়লেন। কারণ পাকিস্তানিদের পরিকল্পনা সফল হলে তাঁরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বেন। সেজন্য তিনি পশ্চাদপসরণের সিদ্ধান্ত নিলেন। এ কাজটাও তাঁদের জন্য সহজ নয়। তাঁরা কেউই ওই এলাকার পথঘাট চিনতেন না। রেকি ও পরিকল্পনা ছাড়াই তাঁরা এ যুদ্ধ শুরু করেছেন। শেষ পর্যন্ত এ কাজে সহযোগিতা করল স্থানীয় এক রাজাকার। তাঁকে মুক্তিযোদ্ধারা আটক করার পর থেকে সে সাহায্যকারী হিসেবে কাজ করছিল। ওখানকার চোরাপথ তাঁর জানা ছিল। তাঁর সঙ্গে তাঁরা হাওর-বিলের মধ্য দিয়ে কোথাও হাঁটু পানি, কোথাও গলা পানি অতিক্রম করে পেছনে ওয়াপদার বেড়িবাঁধ এলাকায় পৌঁছাতে সক্ষম হন। এই অপারেশনের খবর তখন বিদেশি সংবাদমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছিল।মোহাম্মদ আনোয়ার হোসেন চাকরি করতেন পাকিস্তানি সেনাবাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। এর অবস্থান ছিল সৈয়দপুর সেনানিবাসে। তখন তাঁর পদবি ছিল ক্যাপ্টেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ৩০ মার্চ প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ৮ এপ্রিল বদরগঞ্জে এক যুদ্ধে আহত হন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মোহাম্মদ আনোয়ার হোসেনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। মোহাম্মদ আনোয়ার হোসেনের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জানিপুর গ্রামে। সেখানে তিনি থাকেন না। বর্তমানে ঢাকার মহাখালী ডিওএইচএসে বসবাস করেন। তাঁর বাবার নাম আলতাফুর রহমান, মা আজিরন নেছা, স্ত্রী খুরশিদা আনোয়ার। তাঁর দুই ছেলে। মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, তা এখনো পূরণ হয়নি। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে তা পূরণ করবে।’সূত্র: মোহাম্মদ আনোয়ার হোসেন বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন মুক্ত আসরের আবু সাঈদ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেড-ভিত্তিক ইতিহাস। ছবি: দিয়ার মাহমুদ।গ্রন্থনা: তারা রহমান[email protected]