তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।এম এ হালিম, বীর প্রতীক‘মনে পড়ে সেই ভয়ার্ত মুখ’‘সহযোদ্ধা আবদুল লতিফ রাতভর যুদ্ধ করে ক্লান্ত। আশ্রয় নিয়েছিলেন একটি কবরে। এক সময় সেখানেই ঘুমিয়ে পড়েন। ভোরে অস্ত্রসহ ধরা পড়েন পাকিস্তানি সেনাদের হাতে। পাকিস্তানিরা লতিফকে ধরে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ সেই দৃশ্য দেখছে। আর আমি অস্ত্র লুকিয়ে রেখে জনতার কাতারে মিশে গেছি। লতিফ তাকিয়ে আছে আমার দিকে। পাল্টা আক্রমণ করে যে তাকে উদ্ধার করব, সে উপায়ও নেই। সেদিন তাঁকে রক্ষা করতে পারিনি। তাঁর সেই ভয়ার্ত মুখ, বাঁচার করুণ আকুতি এখনো আমার মনে পড়ে। যত দিন বাঁচব, এই স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়াবে।’ বললেন মুক্তিযোদ্ধা এম এ হালিম (৬০)। এ ঘটনা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর। ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায়। সেখানে মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাকিস্তানি সেনাদের ঘিরে ফেলেন। সন্ধ্যা নামার পরই শুরু হয় যুদ্ধ। সারা রাত তুমুল যুদ্ধ চলে। দোয়ারাবাজারের বাঁশতলা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল লতিফ তাঁদের সঙ্গে ছিলেন। ভোরে অস্ত্রসহ পাকিস্তানিদের হাতে ধরা পড়েন তিনি।এম এ হালিম শেলা সাব-সেক্টরের একটি কোম্পানির প্লাটুন কমান্ডার ছিলেন। তাঁরা ‘হিট অ্যান্ড রান’ পদ্ধতিতে যুদ্ধ করতেন। পাকিস্তানি সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়ে দৌড়ে পালিয়ে যেতেন। এরপর পাকিস্তানিরা একনাগারে গুলি চালাত। গুলি থামলে তাঁরা আবার গুলি করতেন। তিনি দোয়ারাবাজারের টেংরাটিলা, নরসিংপুর, আলীপুর, হাছনবাহার, বালিউড়া, ছাতকের হাদাটিলা, দুরবিনটিলা এলাকায় যুদ্ধে অংশ নিয়েছেন। ১৩ অক্টোবর তাঁর নেতৃত্বে সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়া সেতু উড়িয়ে দেওয়া হয়। এ অপারেশনের এক দিন আগে দুই মুক্তিযোদ্ধাকে মাদ্রাসার ছাত্র সাজিয়ে তাঁদের সঙ্গে কুলি হিসেবে জাউয়া সেতু রেকি করতে যান তিনি। সেতুর ওপর গিয়েই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁরা তর্কাতর্কি শুরু করেন। এ সময় কয়েকজন পাকিস্তানি সেনা তাঁদের কাছে এসে কী হয়েছে জানতে চায়। ছাত্রবেশি দুই মুক্তিযোদ্ধা তাঁকে দেখিয়ে বলেন, ‘এই কুলির বাচ্চা বলেছিল মালপত্র নিয়ে মাদ্রাসা পর্যন্ত যাবে। এখন মাঝপথে এসে বলছে, যাবে না।’ এর ফাঁকে তিনি পুরো সেতু রেকি করে ফেলেন। পাকিস্তানিরা তাঁকে ধমক দিয়ে ছাত্রদের সঙ্গে পাঠিয়ে দেয়। পরদিন সেতুটি তাঁরা ধ্বংস করেন। এই সফল অপারেশনের পর সেক্টর কমান্ডার তাঁদের পুরস্কৃত করেন। পরে তাঁকে দায়িত্ব দেওয়া হয় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের আরেকটি সেতু উড়িয়ে দিতে।এম এ হালিম ১৯৭১ সালে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এলাকার কয়েকজন ছাত্র-যুবককে নিয়ে বৈঠক করে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে যান ভারতের রেঙ্গুয়া বাজারে। সেখানে নাম দেন মুক্তিবাহিনীতে। তাঁদের নিয়ে যাওয়া হয় ইকো-১ ট্রেনিং সেন্টারে। এক মাসের ট্রেনিং শেষে পাঠানো হয় ৫ নম্বর সেক্টরের বালাট সাব-সেক্টরে। সেখানে এক যুদ্ধে আহত হন তিনি। বালাট এলাকাটি সম্পর্কে তাঁদের কোনো ধারণা ছিল না। পরে তাঁদের নিজ এলাকায় পাঠানো হয়। তাঁরা ৭৩ জন শেলা সাব-সেক্টরে এসে যোগ দেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য এম এ হালিমকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। এম এ হালিমের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামে। বর্তমানে তিনি রাঙামাটির কর্ণফুলী পেপার মিলে উপপ্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। তাঁর বাবা মো. আবদুল কুদ্দুস, মা জোবেদা খাতুন। স্ত্রী সুরাইয়া বেগম। এক ছেলে ও দুই মেয়ে তাঁর।এম এ হালিম বলেন, ‘দেশ স্বাধীন হয়েছে ৪০ বছর হয়, কিন্তু আমাদের অর্থনৈতিক মুক্তি এখনো আসেনি। এ জন্য সবাইকে কাজ করে যেতে হবে।’সূত্র: এম এ হালিম বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৫।গ্রন্থনা: তারা রহমান[email protected]