তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ মো. নোয়াব মিয়া, বীর প্রতীকভয়কে জয় করেছিলেন তিনিব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গারবিলের অপর পারে ত্রিপুরার আগরতলার নরসিংহগড়। সেখানে একটি লম্বা টিনশেড ঘরে থাকতেন মো. নোয়াব মিয়াসহ মুক্তিবাহিনীর স্টুডেন্ট প্লাটুনের ৪০ জন মুক্তিযোদ্ধা। তখন শ্রাবণ মাস। আকাশে মেঘের খেলা। দিনে-রাতে কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মুষলধারে বৃষ্টি। ১৫ শ্রাবণ। তাঁদের বলা হলো কালাছড়া চা-বাগানে পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত ঘাঁটিতে আক্রমণ চালানো হবে। ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার বিঞ্চুপুর ইউনিয়নের অন্তর্গত কালাছড়া চা-বাগান। পাকিস্তান সেনাবাহিনীর ওই ঘাঁটির কারণে মুক্তিযোদ্ধারা দেশের ভেতরে গিয়ে অপারেশন করতে পারছেন না। ১৬ শ্রাবণ রাতে তাঁরা টিলা ও পাহাড় বেয়ে নেমে আসেন বিষ্ণুপুরের কালাছড়া চা-বাগানে। তাঁদের সঙ্গে ছিল নিয়মিত মুক্তিবাহিনীর আরও দুটি দল। নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন আইন উদ্দিন (বীর প্রতীক) ও লেফটেন্যান্ট হারুন-অর রশিদ (বীর প্রতীক)। চা-বাগানের দক্ষিণ দিকে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর ঘাঁটি। ভোর রাত থেকে সেখানে শুরু হয় তুমুল যুদ্ধ।নোয়াব মিয়ার হাতে ছিল এলএমজি। সাহসিকতার সঙ্গে গুলি ছুড়তে ছুড়তে তিনি এগিয়ে যেতে থাকেন। তাঁকে কভার দেন কয়েকজন সহযোদ্ধা। সামনে থেকে আসা গুলির ও মৃত্যুর ভয় তাঁর মধ্যে ছিল না। তিনি পাকিস্তানি সেনাদের অবস্থানের একদম কাছে চলে যান। তাঁর এলএমজির গুলিতে লুটিয়ে পড়ে কয়েকজন পাকিস্তানি সেনা। এতে তাঁর সাহস আরও বেড়ে যায়। নোয়াব মিয়ার এই সাহসিকতা সহযোদ্ধাদের মনেও সাহস জোগায়। সামনে যেতে যেতে একপর্যায়ে হঠাৎ গুলিবিদ্ধ হন তিনি লুটিয়ে পড়েন মাটিতে। তখনো সহযোদ্ধাদের বুঝতে দেননি তাঁর বুকে গুলি লেগেছে। চিৎকার করে সহযোদ্ধাদের বলেছেন, ফায়ার ফায়ার, পাকিস্তানিরা একটাও যেন বাঁচতে না পারে।ভোরের আলো ফুটলে নোয়াবের বুকে গুলি লাগার বিষয়টি জানা যায়। তখনো তিনি বেঁচে ছিলেন। তাঁকে সেখান থেকে উদ্ধার করে আগরতলার জিবি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে গ্রুপ কমান্ডার হাবিলদার আবদুল আলীম ও সহযোদ্ধারা গাড়িতে করে তাঁর লাশ নিয়ে যান ভারতের ত্রিপুরা রাজ্যের লংকামুড়া গ্রামে। সেখানে তাঁর মা-বাবা, পরিবারের অন্য লোকজন দেশ থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন। পরিবারের লোকজনের কাছে তাঁরা হস্তান্তর করেন তাঁর লাশ। তাঁকে ভারতের লংকামুড়ায় সমাহিত করা হয়। শহীদ নোয়াব মিয়ার বাড়িও ভারত-বাংলাদেশ সীমান্তে। তাঁর বাড়ি ভিটা থেকে ওই কবরের দূরত্ব ২০০-২৫০ গজ। কিন্তু তা ভারতীয় সীমানার ৫০ গজের মধ্যে।মো. নোয়াব মিয়া পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এপ্রিল মাসের শেষ দিকে ভারতে গিয়ে তিনি মুক্তিবাহিনীতে নাম লেখান। ত্রিপুরায় প্রশিক্ষণ নেন। বয়স কম বলে তাঁকে রাখা হয় স্টুডেন্ট প্লাটুনে। এই প্লাটুনে তাঁর নিজ গ্রাম আখাউড়ার কুড়িপাইকা ও পার্শ্ববর্তী হীরাপুরসহ কয়েকটি গ্রামের কয়েকজন ছাত্র ছিলেন। কালাছড়া চা-বাগানের যুদ্ধে মুক্তিবাহিনীর নোয়াব মিয়াসহ দুজন শহীদ ও কয়েকজন আহত হন। পাকিস্তান সেনাবাহিনীর ১৫-১৬জন নিহত ও অনেকে আহত হয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ মো. নোয়াব মিয়াকে মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। শহীদ মো. নোয়াব মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন। তাঁর বাবা মনতাজ উদ্দিন মুক্তিযুদ্ধ চলাকালে ত্রিপুরায় অসুস্থ হয়ে মারা যান। মা আজিবন নেছা ২০০৪ সালে মৃত্যুবরণ করেন। তাঁর বড় ভাই আবদুল ওয়াহাবও মুক্তিযোদ্ধা। বর্তমানে তিনি ব্যবসা করেন। ছোট ভাই বাহার মিয়া একজন কৃষক। স্বাধীনতার কয়েক বছর পর শহীদ নোয়াব মিয়ার নিজ এলাকায় তাঁর নামে একটি স্কুলের নামকরণ করা হয়েছে। স্কুলটি হীরাপুরে অবস্থিত। নাম শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চবিদ্যালয়। শহীদ নোয়াব মিয়ার ছবি পাওয়া যায়নি। পরিবারের কারও কাছে বা স্কুলেও তাঁর ছবি নেই। সূত্র: প্রথম আলোর আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি দুলাল ঘোষের পাঠানো প্রতিবেদন (তথ্য: শহীদ নোয়াবের বড় ভাই মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহাব, সহযোদ্ধা মো. আবদুস সামাদ ও ফজলুর রহমান) এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: তারা রহমান[email protected]