তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।ফখরুদ্দীন চৌধুরী, বীর প্রতীকসাহসী এক যোদ্ধার কথা১৯৭১ সালের জুন মাসের একদিন। ফখরুদ্দীন চৌধুরীর নেতৃত্বে নৌকা করে জলপথে রওনা হলো একদল মুক্তিযোদ্ধা। তাঁরা মাত্র কয়েক দিন আগে প্রশিক্ষণ শেষ করেছেন। সেদিন যাচ্ছেন প্রথম অপারেশনে। উত্তেজনায় সবাই টগবগ করছেন। ক্রমে নৌকা এগিয়ে যাচ্ছে। মাঝপথে হঠাৎ ঘটল অন্য রকম বিপত্তি। মাঝি ভয় পেয়ে নৌকা থেকে পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেল। তখন রাত আনুমানিক তিনটা-সাড়ে তিনটা। তাঁরা কেউ নৌকা চালাতে জানেন না। মাঝিবিহীন নৌকা দুলছে। যেকোনো সময় ডুবে তাঁদের অনেকের সলিল সমাধি ঘটতে পারে। অবস্থা এমন হলো যে অপারেশনে যাওয়া দূরের কথা, জীবন বাঁচানোই প্রধান কর্তব্য হয়ে পড়ল। শেষে তাঁরা নিজেরাই কোনোরকমে নৌকা বেয়ে পশ্চাদপসরণ করেন। এভাবে তাঁদের প্রথম অপারেশন ব্যর্থ হয়ে যায়।প্রথম অপারেশন ব্যর্থ হলেও পরে (জুন মাসের শেষ দিক থেকে সেপ্টেম্বর মাস) তাঁরা বেশ কটি সফল অপারেশন পরিচালনা করেন। এসব অপারেশনে ফখরুদ্দীন চৌধুরী যথেষ্ট দক্ষতা ও সাহসের পরিচয় দেন। একটি অপারেশনে তাঁরা কিছুটা বিপর্যয়ের মধ্যে পড়েন। তেলিখাল অপারেশনে পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা প্রচণ্ড আক্রমণে তাঁদের দলের কয়েকজন শহীদ ও বেশ কজন আহত হন। সেপ্টেম্বর পর্যন্ত ফখরুদ্দীন চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা অ্যামবুশ, ডিমোলিশন ও আকস্মিক আক্রমণ চালিয়ে পাকিস্তানিদের মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেন।এরপর ফখরুদ্দীন চৌধুরীর নেতৃত্বাধীন দলকে সংযুক্ত করা হয় নিয়মিত মুক্তিবাহিনীর তৃতীয় ইস্ট বেঙ্গল ডেল্টা কোম্পানির সঙ্গে। ডেল্টা কোম্পানির সঙ্গে ছাতক, গোয়াইনঘাট, গোবিন্দগঞ্জসহ বেশ কটি সম্মুখযুদ্ধে তিনি তাঁর দল নিয়ে অংশ নেন। গোবিন্দগঞ্জ টি জংশন এবং লামাকাজি ঘাটে মুক্তিবাহিনীর প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে ফখরুদ্দীন চৌধুরী অগ্রণী ভূমিকা পালন করেন। সিলেট শহর থেকে পশ্চিম দিকে লামাকাজি ঘাট। এর পশ্চিমে গোবিন্দগঞ্জ টি জংশন। এখান থেকে একটি রাস্তা চলে গেছে ছাতকের দিকে। অপরটি সুনামগঞ্জে। এখানে ছিল সিলেট শহরকে রক্ষা করার জন্য পাকিস্তানি সেনাবাহিনীর সর্বশেষ প্রতিরক্ষাব্যূহ। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সুনামগঞ্জ ও ছাতক থেকে পশ্চাদপসরণ করা পাকিস্তানি সেনারা অবস্থান নেয় সেখানে। ১৪ ডিসেম্বর রাতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে আক্রমণ করে গোবিন্দগঞ্জে। এ সময় ফখরুদ্দীন চৌধুরীর নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা অবস্থান নেন গোবিন্দগঞ্জ টি জংশনের দক্ষিণে। প্রচণ্ড যুদ্ধের পর গোবিন্দগঞ্জ টি জংশন সকালের মধ্যেই মুক্তিযোদ্ধাদের দখলে আসে।ফখরুদ্দীন চৌধুরী ১৯৭১ সালে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। কর্মরত ছিলেন চট্টগ্রামে। মুক্তিযুদ্ধ শুরু হলে সেখানে প্রতিরোধযুদ্ধে যোগ দেন। পরে নিজ এলাকা হয়ে ভারতে যান। সেখানে মুক্তিবাহিনীতে নাম দেওয়ার পর ইকো-১ প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ নেন। জুন মাস থেকে পাঁচ নম্বর সেক্টরে তিনি অপারেশন শুরু করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য ফখরুদ্দীন চৌধুরীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।ফখরুদ্দীন চৌধুরীর পৈতৃক বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে। বর্তমানে তিনি এখানেই বসবাস করেন। তাঁর বাবার নাম বোরহানউদ্দীন চৌধুরী, মা ছাহেবা খাতুন চৌধুরী। স্ত্রী হুসনে শাহাদাত চৌধুরী। তাঁর তিন মেয়ে। মুক্তিযুদ্ধকালে ফখরুদ্দীন চৌধুরীকে ফিল্ড কমিশন হিসেবে লেফটেন্যান্ট পদে নিয়োগ দেওয়া হয়। পাঁচ নম্বর সেক্টরের আরও তিনজন মুক্তিযোদ্ধাকে (ইয়ামীন চৌধুরী বীর বিক্রম, প্রকৌশলী আলমগীর ও সার্জেন্ট মতিউর) লেফটেন্যান্ট পদে নিয়োগ দেওয়া হয়। পরে তাঁদের নিয়মিত করার কথা থাকলেও তা করা হয়নি।ফখরুদ্দীন চৌধুরী বলেন, ‘খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য প্রথম আলোর এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। অথচ এ দায়িত্ব ছিল রাষ্ট্রের। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছি, সে স্বপ্ন থেকে বাংলাদেশ এখন অনেক বিচ্যুত।’সূত্র: ফখরুদ্দীন চৌধুরী বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিনিধি উজ্জ্বল মেহেদী এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৫।গ্রন্থনা: তারা রহমান[email protected]