তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।রফিকুল ইসলাম, বীর প্রতীকমায়ের প্রেরণায় মুক্তিযুদ্ধে যাওয়া‘স্বাধীনতার এত বছর পর মুক্তিযুদ্ধের কথা শুনতে এই প্রথম কেউ আমার বাড়িতে এল। খুব ভালো লাগছে। আমার প্রাণে আবার শক্তি সঞ্চয় হলো। আমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম মায়ের প্রেরণায়। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনী হত্যাযজ্ঞ শুরু করলে মা আমাকে একদিন বললেন, ‘রফিকুল, এভাবে বেঁচে থাকার চেয়ে বীরের মতো বেঁচে থাকা ভালো। তুই যুদ্ধে চলে যা। দেশকে শত্রুমুক্ত কর।’ মা আমাকে উৎ সর্গ করেন দেশের জন্য। এরপর আমি মুক্তিযুদ্ধে যোগ দিতে যাই ভারতে। তখন আমি দশম শ্রেণীর ছাত্র। বয়স ১৮-১৯। আবেগঘন কণ্ঠে এ কথা বললেন রফিকুল ইসলাম বীর প্রতীক।রফিকুল ইসলাম ভারতের বিহার রাজ্যের চাকুলিয়ায় প্রশিক্ষণ নিয়ে ৯ নম্বর সেক্টরের টাকি সাব-সেক্টর এলাকায় যুদ্ধ করেন। প্রথম অপারেশনে অংশ নেন আগস্ট মাসের শেষ দিকে। আগস্টের ২০ তারিখে টাকি থেকে তিনিসহ ১২০ জন মুক্তিযোদ্ধা বরিশাল জেলার উজিরপুরের হাবিবপুরে এসে ক্যাম্প স্থাপন করেন। চার-পাঁচ দিন পর পাকিস্তান সেনাবাহিনীর একটি দল পার্শ্ববর্তী হাটতারা বাজারে আসে। স্থানীয় রাজাকারদের সহায়তায় তারা বাজারে ও পার্শ্ববর্তী বাড়িঘরে অগ্নিসংযোগ করে নির্বিচারে লুটতরাজ করতে থাকে। খবর পেয়ে তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর ওই দল ও তাদের সহযোগী রাজাকারদের পাল্টা আক্রমণ করেন। পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। তাঁদের আকস্মিক আক্রমণে ছয়জন পাকিস্তানি সেনা ও রাজাকার আহত হয়। তাঁরা মর্টারগান দিয়ে গোলাবর্ষণ করার সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনা ও রাজাকাররা লঞ্চযোগে পালিয়ে যায়। এই যুদ্ধে রফিকুল ইসলাম যথেষ্ট সাহস ও বীরত্ব প্রদর্শন করেন।রফিকুল ইসলাম এরপর যুদ্ধে অংশ নেন বাবুগঞ্জ থানা আক্রমণে। তখন তাঁদের দলের অবস্থান ছিল স্বরূপকাঠি থানার বিন্নাকাঠিতে। সেপ্টেম্বর মাসের শেষ বা অক্টোবর মাসের প্রথম দিকে একদিন তাঁরা রাতের অন্ধকারে বিন্নাকাঠি থেকে কয়েক কিলোমিটার দূরে বাবুগঞ্জে গিয়ে থানায় আক্রমণ করেন। বাবুগঞ্জের মুক্তিযোদ্ধারাও এ যুদ্ধে তাঁদের সঙ্গে যোগ দেন। সেখানে নানা কৌশলে তাঁরা যুদ্ধ করেন। সম্মুখযুদ্ধে তাঁদের ১৭ জন আহত হন। প্রচণ্ড আক্রমণ চালিয়েও বাবুগঞ্জ তাঁরা মুক্ত করতে পারেননি। মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত পাকিস্তানিরা বাবুগঞ্জের অবস্থান ধরে রাখে। পরে বাবুগঞ্জে পাকিস্তানি সেনাদের সঙ্গে তাঁদের আরেকটি বড় যুদ্ধ হয়। পাকিস্তানি সেনারা বানারীপাড়া, উজিরপুর থেকে পশ্চাদপসরণ করে বাবুগঞ্জে অবস্থান নেয়। ফলে বাবুগঞ্জে পাকিস্তানিদের অবস্থান আরও শক্তিশালী হয়। বাবুগঞ্জের এই যুদ্ধে রফিকুল ইসলামদের দলের সঙ্গে মুক্তিবাহিনীর আরও কয়েকটি দল অংশ নেয়। তাঁদের প্রচণ্ড আক্রমণের জবাবে পাকিস্তানিরাও গোলাগুলির মাধ্যমে তীব্র প্রতিরোধ চালিয়ে যায়। কয়েক দিন ধরে বাবুগঞ্জে যুদ্ধ চলে। শেষ পর্যন্ত পাকিস্তানিরা মুক্তিবাহিনীর কাছে পরাজয় স্বীকার করে। রফিকুল ইসলাম আরও কয়েকটি সম্মুখযুদ্ধে অংশ নেন। এর মধ্যে বড়কোটা গ্রাম, স্বরূপকাঠির বিন্না ও বরিশাল শহর আক্রমণ উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য গণবাহিনীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।রফিকুল ইসলামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার কংশী গ্রামে। সেখানে তিনি থাকেন না। বর্তমানে তিনি ঢাকার আজিমপুরে গণকটুলীতে বাস করেন। তাঁর বাবার নাম আবদুর রশিদ খান, মা রাজিয়া বেগম। স্ত্রী শিউলী ইসলাম। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। রফিকুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের ঠিকমতো মূল্যায়ন করা হয়নি। অনেকেই খুব অসহায়ভাবে জীবন যাপন করছেন। মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে মূল্যায়ন করা হোক।’সূত্র: রফিকুল ইসলাম বীর প্রতীকের সাক্ষাৎ কার; নিয়েছেন মুক্ত আসরের আবু সাঈদ, স্বর্ণময়ী সরকার ও তাসনুভা জাহান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৯। ছবি নাশিদ মুস্তারী। গ্রন্থনা: তারা রহমান [email protected]