১৫৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শাহ আলী আকন্দ, বীর বিক্রমধরা পড়ার পর কৌশলে পালানপাকিস্তান সেনাবাহিনীর আকস্মিক আক্রমণের মুখে শাহ আলী আকন্দ ও তাঁর সহযোদ্ধারা বেশ বেকায়দায়ই পড়ে গেলেন। এমন প্রচণ্ড আক্রমণের জন্য তাঁরা প্রস্তুত ছিলেন না। বৃষ্টির মতো এসে পড়ছে পাকিস্তানি আর্টিলারির গোলা। ক্রমেই তা তীব্র হচ্ছে। গোটা এলাকা গোলার বিস্ফোরণের শব্দে প্রকম্পিত। প্রস্তুতিহীনভাবে শুরু হলো তাঁদের প্রতিরোধ। তাঁরা চেষ্টা করছেন অবস্থান ধরে রাখতে। দিনমান যুদ্ধে আহত হলেন তাঁদের অনেকে। যুদ্ধ অব্যাহত থাকল। পরদিন আহত হলেন তাঁদের অধিনায়ক শফিকউল্লাহসহ আরও কয়েকজন। পাকিস্তান সেনাবাহিনীর অব্যাহত আর্টিলারির গোলায় মুক্তিযোদ্ধারা বেশির ভাগ দিশেহারা হয়ে পড়লেন। কেউ কেউ পিছু হটে গেলেন। শাহ আলী আকন্দ, তবারকউল্লাহসহ আরও কয়েকজন চরম বিপর্যয়ের মধ্যেও সাহসিকতার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে থাকলেন। পরদিন, তার পরদিনও যুদ্ধ চলল। দুর্ভাগ্য, তাঁদের সব চেষ্টাই বিফলে গেল। যুদ্ধে বিজয় হলো পাকিস্তানি সেনাদেরই। তিনিসহ বেশ কয়েকজন পাকিস্তানি সেনাদের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেলেন। তখন তাঁদের অস্ত্রের গুলিও আর নেই। বিকেলের মধ্যে তাঁদের সবাইকে পাকিস্তানি সেনারা আটক করল। সেনারা রাজাকারদের সহায়তায় তাঁদের হাত-পা বেঁধে চলে গেল এলাকার দখল সুসংহত করতে। পাহারায় থাকল রাজাকাররা। তখন হঠাৎ শুরু হয় ঝড়-বৃষ্টি। বৃষ্টি শেষে অন্ধকার। এ সময় বাঁচার শেষ চেষ্টা হিসেবে শাহ আলী আকন্দ এক কৌশল প্রয়োগ করলেন। রাজাকারদের বললেন, তাঁর খুব পানির পিপাসা লেগেছে। সেখানে পাশেই ছিল এক বড় দিঘি। এক রাজাকার কী মনে করে তাঁর হাত-পায়ের বাঁধন খুলে দিয়ে বলল ওই দিঘিতে গিয়ে পানি খেতে। সেই সুযোগে তিনি পানিতে নেমে নিঃশব্দে ডুব দিয়ে চলে যান অপর পাড়ে। সেখানে পৌঁছামাত্র রাজাকাররা তাঁর পালিয়ে যাওয়া টের পেয়ে যায়। তারা দিঘির ভেতরে ব্রাশফায়ার করে। একটি গুলি এসে লাগে তাঁর ডান হাতে। আহত অবস্থায়ই ক্রলিং করে গুলির আওতার বাইরে যাওয়ার পর উঠে দৌড় দেন ভারত সীমান্তের দিকে।১৯৭১ সালের ১৭ থেকে ২০ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বালিয়াডাঙ্গা গ্রামে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর যুদ্ধ হয়। ১৭ সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনীর বিরাট একটি দল আকস্মিকভাবে তাঁদের অবস্থানে আক্রমণ করে। কয়েক দিনের যুদ্ধে মুক্তিবাহিনীর আটজন শহীদ ও অসংখ্য মুক্তিযোদ্ধা গুরুতরভাবে আহত হন। কয়েকজন আটক হন। বালিয়াডাঙ্গার এ সংঘর্ষ এত ভয়াবহ, রোমহর্ষক ও মারাত্মক ছিল যে যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা সে কথা মনে করলে এখনো শিউরে ওঠেন। শাহ আলী আকন্দ চাকরি করতেন ইপিআরে (পরে বিডিআর, এখন বিজিবি)। ১৯৭১ সালে কর্মরত ছিলেন সাতক্ষীরার কালীগঞ্জে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তাঁর দলের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। যুদ্ধ করেন সাতক্ষীরার কালীগঞ্জ, বসন্তপুর, তুলইগাছা, আশাশুনি, বুড়িগোয়ালিনী, হিজলদী, যশোরের ঝিকরগাছা, নাভারণসহ আরও কয়েক স্থানে। বালিয়াডাঙ্গা যুদ্ধের পর তিনি আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। আহত অবস্থায় সীমান্তে পৌঁছার পর তাঁকে ভারতের ব্যারাকপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাঁচি হাসপাতালে পাঠানো হয়। তাঁর চিকিৎসা চলা অবস্থায় দেশ স্বাধীন হয়। স্বাধীনতার চার মাস পর দেশে ফেরেন। তাঁর সহযোদ্ধারা মনে করেছিলেন তিনি বালিয়াডাঙ্গার যুদ্ধে মারা গেছেন। সে জন্য গেজেটে তাঁকে শহীদ হিসেবে দেখানো হয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শাহ আলী আকন্দকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে।শাহ আলী আকন্দের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার কুড়ালিয়া গ্রামে। ২০০০ সালে তিনি মারা গেছেন। তাঁর বাবার নাম আশরাফ আলী আকন্দ, মা কুলসুম বেগম। স্ত্রী জাহানারা বেগম। তাঁদের চার ছেলে, দুই মেয়ে। সূত্র: প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সিরাজগঞ্জ) এনামুল হকের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]