তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।ভুলু মিয়া, বীর বিক্রমগুরুতর আহত হয়েও দমে যাননি তিনিভোর চারটার আগেই ভুলু মিয়া তাঁর দল (প্লাটুন) নিয়ে অবস্থান নিলেন বাহাদুরাবাদ রেলঘাটের জংশন পয়েন্টে। তাঁরা কয়েকটি দলে একযোগে আক্রমণ করবেন পাকিস্তান সেনাবাহিনীর বাহাদুরাবাদ ঘাট অবস্থানে। তাঁদের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট এস আই নূরুন্নবী খান (বীর বিক্রম, পরে কর্নেল)। নির্দিষ্ট সময়ে ভুলু মিয়া সহযোদ্ধাদের নিয়ে আক্রমণ চালালেন পাকিস্তানি সেনাদের আবাসিক কোয়ার্টার হিসেবে ব্যবহূত যাত্রীবাহী রেলবগিগুলোতে। বগিগুলোর ওপর তাঁরা রকেট লঞ্চার দিয়ে গোলাবর্ষণ এবং একযোগে অনেকগুলো হ্যান্ডগ্রেনেড নিক্ষেপ করলেন। পাঁচটি রেলবগি ধ্বংস হয়ে গেল। অতর্কিত এই আক্রমণে বগিতে ঘুমিয়ে থাকা বেশ কজন পাকিস্তানি সেনা হতাহত হলো। কিছু পাকিস্তানি সেনা নদীতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করল। কিন্তু সাঁতার না জানায় তারা বেশির ভাগ পানিতে ডুবে মারা গেল।এ ঘটনা ১৯৭১ সালে, ৩১ জুলাই। বাহাদুরাবাদ ঘাট তখন ছিল দেশের উত্তর ও দক্ষিণ—দুই অঞ্চলের অন্যতম যোগাযোগমাধ্যম। সেদিন মুক্তিবাহিনীর আচমকা আক্রমণে পাকিস্তানি সেনারা হকচকিত হয়ে পড়লেও কয়েক মিনিটের মধ্যে নিজেদের গুছিয়ে পাল্টা আক্রমণ শুরু করে। অসীম সাহসী ভুলু মিয়া সেসব উপেক্ষা করে সহযোদ্ধাদের নিয়ে সাহসিকতার সঙ্গে অপারেশন চালিয়ে যেতে থাকেন। তাঁদের আক্রমণে পাকিস্তানিরা দিশেহারা হয়ে পড়ে। কিছুক্ষণ পর ভুলু মিয়া একটি শানটিং ইঞ্জিনের ব্যাপক ক্ষতিসাধন করেন। সম্মুখযুদ্ধও করতে থাকেন। তাঁদের আক্রমণের সমাপ্তি সময় ছিল ভোর ছয়টা। এর একটু আগে হঠাৎ গুলিবিদ্ধ হন ভুলু মিয়া। পাকিস্তানিদের আরেকটি স্থাপনা ধ্বংস করে তিনি সামনাসামনি যুদ্ধ করছিলেন। তখনই পাকিস্তানি সেনাদের খুব কাছে থেকে ছোড়া একটি বুলেট তাঁর বুকের বাঁ পাশে লেগে ডানার পেছন দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত হয়েও তিনি দমলেন না। অদম্য তাঁর মনোবল। ডানার পেছনে বড় গর্ত হয়ে গেছে। গায়ের গেঞ্জি খুলে দলা করে পিঠের গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পাকিস্তানি সেনাদের মোকাবিলা করতে থাকলেন। সহযোদ্ধা কাউকে বুঝতে দিলেন না তাঁর গুলি লেগেছে। এমন সময় তাঁদের অধিনায়ক অপারেশন শেষ করার সিগন্যাল দিলেন। এরপর সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে ক্রলিং করে পেছনে যেতে থাকলেন। তখনো তাঁর সহযোদ্ধারা বুঝতে পারেননি তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত। পেছনে বেশ কিছু দূর যাওয়ার পর তাঁরা বুঝতে পারলেন, তাঁদের দলনেতা আহত। সে সময় তিনি দুর্বল হয়ে পড়েছেন। এরপর সহযোদ্ধারা তাঁকে ফিল্ড চিকিৎসাকেন্দ্রে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুয়াহাটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। সুস্থ হওয়ার পর তিনি আবার যুদ্ধে যোগ দেন। পরে যুদ্ধ করেন বৃহত্তর সিলেটের গোয়াইনঘাট, ছাতক, রাধানগরসহ আরও কয়েক স্থানে।ভুলু মিয়া ইপিআরে (পরে বিডিআর, এখন বিজিবি) চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন দিনাজপুর ইপিআর সেক্টর হেডকোয়ার্টারে। তখন তাঁর পদবি ছিল হাবিলদার। ২৮ মার্চ পাকিস্তান সেনাবাহিনী তাঁদের আক্রমণ করে। সে সময় সেক্টর হেডকোয়ার্টারে কোনো বাঙালি কর্মকর্তা বা সিনিয়র জেসিও কেউ ছিলেন না। দুর্যোগপূর্ণ ওই মুহূর্তে ভুলু মিয়া বলিষ্ঠ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে সেক্টর হেডকোয়ার্টারে অবস্থানরত বাঙালি ইপিআর সেনারা বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন। প্রতিরোধযুদ্ধে তিনি সাহসী ভূমিকা রাখেন। ভারতে যাওয়ার পর তাঁদের নিয়মিত মুক্তিবাহিনীর তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়।মুক্তিযুদ্ধে অসীম সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য ভুলু মিয়াকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে।ভুলু মিয়ার পৈতৃক বাড়ি ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ঢেউলিয়া গ্রামে। চাকরি থেকে অবসর গ্রহণের পর এখানেই তিনি বসবাস করতেন। ২০০৮ সালে মারা গেছেন। পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কিন্তু তাঁর কবর অরক্ষিত। তাঁর বাবার নাম বসু মিয়া, মা সরবতের নেছা। স্ত্রী আরজাহান বেগম। তাঁদের তিন ছেলে ও দুই মেয়ে। গ্রামের লোকজনের কাছে ভুলু মিয়া বুলু মিয়া হিসেবে পরিচিত।সূত্র: প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (ফেনী) আবু তাহেরের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, ব্রিগেডভিত্তিক ইতিহাস।গ্রন্থনা: তারা রহমান[email protected]