১৬১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।তাহের আলী, বীর বিক্রমকৌশলে রেকি করে নিরাপদে ফিরে আসেনপাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে বুড়িঘাটের যুদ্ধের (১৮ এপ্রিল) পর তাহের আলীসহ একদল মুক্তিযোদ্ধা অবস্থান নিলেন মহালছড়িতে। ২৫ এপ্রিল তাঁরা খবর পেলেন পাকিস্তান সেনাবাহিনীর একটি দল তাঁদের আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। এখন শত্রুদের শক্তি ও অবস্থান সম্পর্কে সঠিক তথ্য জানা প্রয়োজন। কিন্তু সে তথ্য জানার জন্য কেউ যেতে রাজি হচ্ছেন না। শেষে সে দায়িত্ব পড়ল সাহসী তাহের আলীর ওপর। অধিনায়কের নির্দেশে কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে ২৬ এপ্রিল ভোরে তিনি রওনা হলেন পাকিস্তান সেনাবাহিনী যেদিক থেকে আসছে, সেদিকে। তাঁদের সবার বেশভুষা রাখালের মতো। অস্ত্রগুলো লুকানো। কিন্তু বেশি দূর তাঁরা যেতে পারলেন না। ওই এলাকা মিজো অধ্যুষিত। মিজোরা তাঁদের সহযোগিতা করছে না। এ অবস্থায় সহযোদ্ধারা আর চেষ্টা করতে রাজি নন। এদিকে তাহের আলী নাছোড়বান্দা। তথ্য সংগ্রহ না করে তিনি যাবেন না। এ সময় তিনি কৌশলে সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে ঢুকে পড়লেন মিজো এলাকার মধ্যে। চলে গেলেন একদম পাকিস্তানি বাহিনীর অবস্থানের কাছাকাছি। কাজটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।পাকিস্তানি সেনা ও মিজোদের ফাঁকি দিয়ে তাঁরা নিরাপদেই রেকি করতে সক্ষম হলেন। তাঁরা দেখতে পেলেন পাকিস্তানিদের সঙ্গে বিদ্রোহী মিজোরাও যোগ দিয়েছে। মিজোরা সবাই সশস্ত্র। তারাও সংখ্যায় অনেক। মিজোদের পাকিস্তানিরা বশ করে তাদের দলে ভিড়িয়েছে। প্রকাশ্যে পাকিস্তানি সেনা তো আছেই, মিজোদের সঙ্গেও বিপুল পাকিস্তানি সেনা মিশে আছে। পাকিস্তানি সেনা সব কমান্ডো ব্যাটালিয়নের। ফেরার পথে এক স্থানে সশস্ত্র মিজোদের মুখোমুখি হলেন তাঁরা। তখন বেধে গেল যুদ্ধ। কিছুক্ষণ যুদ্ধের পর মিজোরা পালিয়ে গেল। ফলে তাঁদের বেশ দেরিই হয়ে গেল। এ দিকে তাঁরা সময়মতো ফিরতে না পারায় এবং গোলাগুলির শব্দ শুনে ক্যাম্পে থাকা সহযোদ্ধারা মনে করলেন, তাঁরা সবাই মারা পড়েছেন। এ রকম ঘটনা পরে আরও কয়েকবার ঘটে। ক্যাম্পে ফেরার পর তাঁদের দেখে সবাই উৎফুল্ল হয়ে জড়িয়ে ধরলেন। তাহের আলী রেকি করে যা জেনেছেন তা অধিনায়ককে জানালেন। পরদিন পাকিস্তান সেনাবাহিনী তাঁদের অবস্থানে আক্রমণ করে। তখন মহালছড়িতে ভয়াবহ যুদ্ধ হয়। পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক আক্রমণের মুখে তাঁরা পশ্চাদপসরণে বাধ্য হন।তাহের আলী চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ১৯৭১ সালে তাঁদের রেজিমেন্টের অবস্থান ছিল চট্টগ্রামে। মক্তিযুদ্ধ শুরু হলে তিনি তাঁর ইউনিটের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধযুদ্ধে। কালুরঘাটে যুদ্ধের পর তাঁরা অবস্থান নেন বুড়িঘাটে। এরপর মহালছড়ি এলাকায়। মহালছড়ির পতন হলে তাঁরা চলে যান ভারতে। সেখানে পুনর্গঠিত হওয়ার পর তিনি শেরপুর জেলার নকশি বিওপির বৃহত্তর সিলেট জেলার চিকনাগুল, বড়টিলাসহ আরও কয়েক স্থানে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য তাহের আলীকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে।তাহের আলীর পৈতৃক বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামে। বর্তমানে তিনি এখানেই বসবাস করেন। ছয় ভাই এক বোনের মধ্যে তিনি ষষ্ঠ। তাঁর বাবার নাম শেখ মো. আবরু মিয়া, মা আছমা খাতুন। স্ত্রী সৈয়দা পেয়ারা বেগম। তাঁদের তিন মেয়ে, এক ছেলে। ১৯৭১ সালের এপ্রিলের শেষে একদল পাকিস্তানি সেনা তাঁর পৈতৃক বাড়িতে হামলা চলিয়ে তছনছ এবং তিন ভাইকে নির্যাতন করে।তাহের আলী বলেন, ‘মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার কারণে পাকিস্তানি সেনারা আমার পৈতৃক বাড়িতে আক্রমণ করে অনেক ক্ষয়ক্ষতি ও ভাইদের নির্যাতন করে। আমার গ্রামে ক্যাম্প বসায়। পরে তারা গ্রাম ছেড়ে চলে যায়।’সূত্র: তাহের আলী বীর বিক্রমের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১, ১১। ছবি: আনিস মাহমুদ।গ্রন্থনা: তারা রহমান[email protected]