১৬২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ আবদুল খালেকবীর বিক্রমনলুয়া চা-বাগানের যুদ্ধে শহীদ হন তিনিচা-বাগানের মাঝ দিয়ে নির্জন রাস্তা। এই রাস্তা দিয়ে নিয়মিত টহল দেয় পাকিস্তানি সেনারা। আবদুল খালেকসহ একদল মুক্তিযোদ্ধা একদিন অবস্থান নিলেন ওই চা-বাগানের বিভিন্ন সুবিধাজনক স্থানে। তাঁরা সংখ্যায় মাত্র কয়েকজন। ওত পেতে বসে থাকলেন পাকিস্তানি সেনাদের জন্য। তারপর সময় গড়াতে থাকল। একসময় সেখানে হাজির হলো পাকিস্তানি সেনাদের কয়েকটি টহল গাড়ি। তখন একসঙ্গে গর্জে উঠল মুক্তিযোদ্ধাদের হাতে থাকা অস্ত্রগুলো। হতাহত হলো বেশ কজন পাকিস্তানি সেনা। আকস্মিক আক্রমণে হতচকিত পাকিস্তানি সেনারা কয়েক মিনিটের মধ্যে নিজেদের গুছিয়ে নিয়ে শুরু করল পাল্টা আক্রমণ। এরপর শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে সম্মুখযুদ্ধ করতে থাকেন আবদুল খালেক ও তাঁর সহযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা বেশির ভাগ ছিলেন নিরাপদ অবস্থানে। সে জন্য পাকিস্তানি সেনাদের গুলি তাঁদের ক্ষতি করতে পারেনি। অন্যদিকে তাঁদের গুলিতে একের পর এক ঢলে পড়তে থাকে পাকিস্তানি সেনারা। এ সময় আবদুল খালেক আনন্দের আতিশয্যে নিরাপদ অবস্থান থেকে আরেকটু এগিয়ে অবস্থান নেন। তাঁর অস্ত্রের গুলিতে হতাহত হয় আরও কয়েকজন পাকিস্তানি সেনা। শত্রু নিধনে তিনি মেতে ওঠেন। এক পর্যায়ে নিজের নিরাপত্তার কথা না ভেবে তিনি আরও এগিয়ে যান। তখনই ঘটে বিপত্তি। পাকিস্তানি সেনাদের কয়েকটি গুলি এসে লাগল তাঁর শরীরের বিভিন্ন স্থানে। সঙ্গে সঙ্গে তিনি ঢলে পড়েন মাটিতে। নিমিষেই বেরিয়ে যায় তাঁর প্রাণবায়ু। শহীদ হন বীর যোদ্ধা আবদুল খালেক।১৯৭১ সালের মে মাসের শেষ দিকে (৯ জ্যৈষ্ঠ) নলুয়া চা-বাগানে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর ভয়াবহ এক যুদ্ধ সংঘটিত হয়। হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া ও চুনারুঘাটের মধ্যবর্তী স্থানে নলুয়া চা-বাগান। চুনারুঘাট উপজেলার অন্তর্গত। হবিগঞ্জ শহর থেকে দূরে এই চা-বাগানের মাঝ দিয়ে সিলেট-ঢাকা মহাসড়ক। শায়েস্তাগঞ্জ উপজেলার কয়েক মাইল আগে নলুয়া চা-বাগানের রাস্তাটি এক গিরি খাদের মধ্যে অবস্থিত। সেখানেই অবস্থান নিয়েছিলেন মুক্তিবাহিনীর আবদুল খালেক ও তাঁর সহযোদ্ধারা। সুবিধাজনক অবস্থান নেওয়ার কারণে তাঁরা পাকিস্তানিদের অনেক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হন। যুদ্ধে মুক্তিবাহিনীর শুধু আবদুল খালেক শহীদ হন।আবদুল খালেক ১৯৭১ সালে কৃষিশ্রমিক ছিলেন। তাঁর মুজাহিদ বাহিনীর প্রশিক্ষণ নেওয়া ছিল। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধযুদ্ধে। নিয়মিত মুক্তিবাহিনীর দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তেলিয়াপাড়ায় অবস্থান নিলে তিনি তাদের সঙ্গে যোগ দেন। তাঁকে ক্যাপ্টেন মতিউর রহমানের নেতৃত্বাধীন এ কোম্পানিতে অন্তর্ভুক্ত করা হয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ আবদুল খালেককে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে।শহীদ আবদুল খালেকের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খৈলগাঁও গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। ভাইয়ের নাম আলী হোসেন। তাঁর বাবার নাম আবদুল গফুর, মা জমিলা খাতুন। শহীদ আবদুল খালেকের ছবি পাওয়া যায়নি। পরিবারের কারও কাছে তাঁর ছবি নেই।সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৩ এবং স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মো. আবদুল হান্নান।গ্রন্থনা: তারা রহমান[email protected]