তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ জিল্লুর রহমান, বীর বিক্রমভানুগাছায় বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন তিনি‘খেতাব দিয়ে আর কী হবে, কত দিনই না গেল; কেউ কোনো দিন খোঁজ করতে পর্যন্ত আসেনি। সহানুভূতি দেখানো দূরের কথা, আমার ভাইয়ের নামে শাহজাদপুরে একটি রাস্তার নামকরণ করার কথা ছিল। আমার মা বারবার দাবি করেছিলেন। স্থানীয়ভাবে অনেকে উদ্যোগও নিয়েছিল। এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। মা মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের কবর জিয়ারতের জন্য পয়সার অভাবে যেতে পারছিলেন না। চার বছর আগে প্রথম আলোয় “পয়সার অভাবে বীর বিক্রমের মা ছেলের কবর জিয়ারত করতে পারছেন না।” এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চ্যানেল আই কর্তৃপক্ষ মাকে নিয়ে গিয়ে কবর জিয়ারত করার সুযোগ করে দিয়েছিল। এ জন্য আমরা প্রথম আলো ও চ্যানেল আইয়ের কাছে কৃতজ্ঞ। মা মারা যাওয়ার আগে বলেছিলেন, “আমার ছেলের নামে কেউ কোথাও সাইনবোর্ডও লাগাইল না।” এসব কথা এখন কাদের কাছে বলব। অনেকের নামে অনেক কিছু হয়েছে। আমার ভাই দেশের জন্য শহীদ হয়েছেন, তাঁর নামে দেশের কোথাও কিছুই করা হয়নি। দুই বছর আগে আমার মা মারা গেছেন। এখন আমরা সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করছি।’ এভাবেই আক্ষেপের সঙ্গে কথাগুলো বললেন শহীদ বীর বিক্রম জিল্লুর রহমানের ছোট ভাই মতিয়ার রহমান।জিল্লুর রহমান ইপিআরে চাকরি করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধ যুদ্ধ শেষে ভারতে যান। সেখানে তাঁকে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ডি কোম্পানিতে অন্তর্ভুক্ত করা হয়। অক্টোবর থেকে জেড ফোর্সের অধীনে যুদ্ধ করেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে আবার তিনি ভারতে চলে যেতেন। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর থেকে কমলগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিবাহিনীর সরাসরি যুদ্ধ শুরু হয়। যুদ্ধ চলে কয়েকদিন। ৫ ডিসেম্বর ভানুগাছা এলাকায় দীর্ঘ সময় যুদ্ধ হয়। পাকিস্তানি সেনাবাহিনীর প্রচণ্ড আক্রমণে মুক্তিবাহিনীর অনেকে পশ্চাদপসরণ করতে বাধ্য হন। জিল্লুর রহমানসহ কয়েকজন পিছু না হটে যুদ্ধ চালিয়ে যান। সাহসিকতার সঙ্গে তাঁরা যুদ্ধ করতে থাকেন। এ সময় তিনি পাকিস্তানি সেনাবাহিনীর ছোড়া গোলায় শহীদ হন। সেদিন যুদ্ধে মুক্তিবাহিনীর আরও কয়েকজন শহীদ হন। তাঁদের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামে সমাহিত করা হয়। সেখানে তাঁদের কবর সংরক্ষিত ও চিহ্নিত করে রাখা আছে। স্থানীয় প্রশাসন এই কবরগুলো রক্ষণাবেক্ষণ করে। প্রতি বছর স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে স্বাধীনতা ও বিজয় দিবসে তাঁদের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।মুক্তিযুদ্ধে অসীম সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ জিল্লুর রহমানকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়।শহীদ জিল্লুর রহমানের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পৌর এলাকার দরগাপাড়ায়। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ভাইদের মধ্যে ফজলুর রহমান মুক্তিযুদ্ধের সময় মারা যান। ছোট ভাই মতিয়ার রহমান ও বোন হাসনা হেনা বেঁচে আছেন। তাঁর বাবার নাম হাবিবুর রহমান, মা ফাতেমা বেগম। তিনি অবিবাহিত ছিলেন। শহীদ জিল্লুর রহমানের ছবি পাওয়া যায়নি। পরিবারের কারও কাছে তাঁর ছবি নেই।সূত্র: প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সিরাজগঞ্জ) এনামুল হকের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস।গ্রন্থনা: তারা রহমান[email protected]