তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ শফিকউদ্দিন চৌধুরী, বীর উত্তমসড়কের কারণে বেঁচে আছে তাঁর নামটারণকেলি গ্রামে প্রবেশের প্রধান সড়কটির নাম ‘শহীদ শফিকউদ্দিন চৌধুরী সড়ক’। এই নামটা এবং তিনি বীর উত্তম—এটুকু ছাড়া তাঁর বীরত্ব, তিনি কোথায় এবং কী কারণে শহীদ হয়েছেন সে সম্পর্কে স্থানীয় মানুষজন এমনকি পরিবারেরও অনেকে আর কিছু জানে না। শুধু সড়কের কারণেই তাঁর নামটা কেবল বেঁচে আছে। শফিকউদ্দিন চৌধুরীর বাড়ির খোঁজ পেতে অসুবিধা হয় না। বাড়ির সামনে দেখা হয় তাঁর ভাতিজা সুহেদ আহমদ চৌধুরীর সঙ্গে। তিনি নিয়ে গেলেন বাড়ির ভেতরে। শফিকউদ্দিন চৌধুরীর স্ত্রী বেঁচে আছেন। তাঁর কাছে গেলে কোনো কারণ ছাড়াই কাঁদতে থাকলেন। কিছুক্ষণ পর আবার হেসে উঠলেন। কোনো কথা বললেন না। একমাত্র ছেলে বিডিআর বিদ্রোহের ঘটনায় বর্তমানে জেলে। সুহেদ জানালেন, স্বামী শহীদ হওয়ার খবর পাওয়ার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। চিকি ৎ সার পরও সুস্থ হননি। সুহেদ বললেন, ‘১৯৭১ সালে চাচার একমাত্র মেয়ে আলফা বেগমের চার কি পাঁচ এবং ছেলে জাহিদ আহমদ চৌধুরীর বয়স ছিল দেড় বছর। চাচা শহীদ হলে পরিবারটি তখন থেকে অসহায় হয়ে পড়ে। অভাবের কারণে তেমন পড়াশোনা করতে পারেননি চাচার ছেলেমেয়েরা। ১৯৮৭ বা ১৯৮৮ সালে এই এলাকায় সফি আহমদ চৌধুরী বিডিআরের (এখন বিজিবি) মহাপরিচালক হলে তিনি চাচার ছেলেকে বিডিআরে চাকরি দেন। রাস্তার নামকরণও হয় তাঁর উদ্যোগে।’ শফিকউদ্দিন চৌধুরী চাকরি করতেন ইপিআরে (পরে বিডিআর, এখন বিজিবি)। ১৯৭১ সালে কর্মরত ছিলেন যশোর সেক্টর হেডকোয়ার্টারের ৪ নম্বর উইংয়ে। এর সদর দপ্তর ছিল চুয়াডাঙ্গায়। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন প্রতিরোধযুদ্ধে। এ সময় বিষয়খালীতে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে প্রতিরোধযোদ্ধাদের এক ভয়াবহ যুদ্ধ হয়। এ যুদ্ধে শহীদ হন শফিকউদ্দিন চৌধুরী। ঝিনাইদহ জেলার পাঁচ-ছয় কিলোমিটার দক্ষিণে বিষয়খালী। যশোর-ঝিনাইদহ মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ স্থান। ২৬ মার্চের পর একদল মুক্তিযোদ্ধা (ইপিআর) অবস্থান নেন বিষয়খালীতে। এই দলে ছিলেন শফিকউদ্দিন চৌধুরী। ১ এপ্রিল (কারও কারও মতে ৩১ মার্চ) যশোর সেনানিবাস থেকে আসা এক দল পাকিস্তানি সেনা তাঁদের আক্রমণ করে। বিষয়খালীর বেগবতী নদীর অপর পাশে ছিল তাঁদের প্রতিরক্ষা অবস্থান। নদীর ওপরে ছিল সেতু। এ সময় অভুক্ত মুক্তিযোদ্ধারা ভাত খাচ্ছিলেন। ঠিক তখনই পাকিস্তানি সেনারা তাঁদের আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা খাবার রেখে পাল্টা আক্রমণ শুরু করেন। তাঁরা আকস্মিক আক্রমণে হতচকিত না হয়ে সাহসিকতার সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীকে মোকাবিলা করতে থাকেন। শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। সারা দিন যুদ্ধ চলে। দিনব্যাপী যুদ্ধে মুক্তিবাহিনীর শফিকউদ্দিন চৌধুরীসহ চারজন শহীদ এবং কয়েকজন আহত হন। অন্যদিকে অনেক পাকিস্তানি সেনা মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়। বিষয়খালীর যুদ্ধে শফিকউদ্দিন চৌধুরী অসামান্য সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। ২৬ মার্চের পর ওই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর বড় আক্রমণের মুখে গুরুত্বপূর্ণ সামরিক যুদ্ধ। এ যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী প্রথম মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়। পরে নতুন আর এক দল পাকিস্তানি সেনা আর্টিলারির সহায়তায় তাঁদের আবার আক্রমণ করে। তখন অব্যাহত গোলার কারণে তাঁরা পশ্চাদপসরণ করতে বাধ্য হন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শফিকউদ্দিন চৌধুরীকে মরণোত্তর বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছে। শফিকউদ্দিন চৌধুরীর পৈতৃক বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রণকেলি গ্রামে। তাঁর বাবার নাম আবদুল করিম চৌধুরী, মা কামরুননেছা চৌধুরী। স্ত্রী সোনারা বেগম। তাঁর এক ছেলে, এক মেয়ে। শফিকউদ্দিন চৌধুরীর এক মাত্র ছেলে জেলে থাকায় পরিবারটি অত্যন্ত অসহায়ভাবে জীবন কাটাচ্ছে। আজকে খাবার জুটলেও কালকে তাঁরা কী খাবেন তা নিয়ে শঙ্কিত থাকতে হয়। সূত্র: প্রথম আলোর (সিলেট) নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদীর পাঠানো প্রতিবেদন এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর-৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]