তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।গাজী রহমতউল্লাহ, বীর প্রতীক মংলায় জাহাজ ধ্বংসে নেতৃত্ব দেন তিনিমংলা বন্দরের উত্তরে বাজুয়ার পার্শ্ববর্তী শিবসা নদী। ১৯৭১ সালের নভেম্বর মাসের মাঝামাঝি। ওই নদীতে পাশাপাশি নোঙর করা পাঁচ-ছয়টি জাহাজ। সেগুলো খাদ্যভর্তি। দুটি জাহাজ থেকে মালামাল খালাসের কাজ চলছে। জাহাজগুলোর নিরাপত্তার জন্য সেখানে আছে অনেক পাকিস্তানি সেনা। রাতে নোঙর করা জাহাজের আলোয় জায়গাটিকে মনে হয় ছোটখাটো উজ্জ্বল শহর। এই জাহাজগুলো ধ্বংস করার জন্য অদূরে সুন্দরবনের পাশে সুতারখালীতে অবস্থান নিয়েছেন মুক্তিবাহিনীর এক দল নৌ-কমান্ডো। তাঁদের নেতৃত্বে গাজী রহমতউল্লাহ ও বদিউল আলম। দুজনই এর আগে আলাদাভাবে বেশ কটি অপারেশনে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এবারের অপারেশন বেশ কঠিন। রেকি পার্টি অবস্থা পর্যবেক্ষণ করে জানিয়েছে, জাহাজের চারদিকে ব্যাপক নিরাপত্তা। এর মধ্যে অপারেশন করা সম্ভব নয়। কিন্তু গাজী রহমতউল্লাহ নাছোড়বান্দা। অপারেশন করবেনই। ২৪ নভেম্বর সন্ধ্যার পর গাজী রহমতউল্লাহ নৌ-কমান্ডোদের নিয়ে রওনা হলেন লক্ষ্যস্থলের দিকে। সেদিন আবহাওয়া মেঘলা, হালকা বৃষ্টি হচ্ছে। নদীতে পাকিস্তানি গানবোট টহল দিচ্ছে। এ জন্য গাজী রহমতউল্লাহ ও তাঁর সহযোদ্ধারা বেশ সতর্ক। যেন তাঁদের অপারেশন ব্যর্থ না হয়। প্রত্যেক জাহাজের জন্য চারজনের একটি দল। প্রবল বাতাসে পানির বিশাল ঢেউ মাড়িয়ে জাহাজের কাছে পৌঁছাতে তাঁদের অনেক সময় লেগে গেল। আগের অপারেশনে এত সময় লাগেনি। শেষ পর্যন্ত সব দলই দক্ষতার সঙ্গে পাকিস্তানিদের চোখ ফাঁকি দিয়ে জাহাজে মাইন লাগাতে সক্ষম হলেন। আধ ঘণ্টা পর সবচেয়ে বড় জাহাজে প্রথম বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে অন্যান্য জাহাজে লাগানো মাইনও একে একে বিস্ফোরিত হয়ে অগ্নিকুন্ডের সৃষ্টি হলো। জ্বলন্ত জাহাজগুলো পানির নিচে তলিয়ে যেতে শুরু করল। এ সময়ই শুরু হলো পাকিস্তানি গানবোট থেকে অবিরাম বৃষ্টির মতো গুলিবর্ষণ। বন্দরে স্থাপিত পাকিস্তানি কামানগুলোও গর্জে উঠল। ট্রেসিং বোমার আলোয় চারদিক দিনের মতো আলোকিত। সন্ধানী বোমার আলো-আঁধারির মধ্যে নৌ-কমান্ডোরা গাজী রহমতউল্লাহর নেতৃত্বে এগিয়ে যেতে থাকলেন নিরাপদ স্থানের দিকে। ভোর হওয়ার আগেই পৌঁছে গেলেন সুতারখালীতে। এই অপারেশনের মধ্য দিয়ে চুরমার হয়ে গেল পাকিস্তানিদের গর্ব। ২৮ নভেম্বর রাতে বিবিসি ও ভয়েস অব আমেরিকায় এই অপারেশনের খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়। গাজী রহমতউল্লাহ পাকিস্তান নৌবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে প্রশিক্ষণরত ছিলেন ফ্রান্সের তুলন নৌ-ঘাঁটিতে। মুক্তিযুদ্ধ শুরু হলে তাঁরা নয়জন বাঙালি মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য সেখান থেকে পালিয়ে যান। শেষ পর্যন্ত আটজন ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। মূলত গাজী রহমতউল্লাহর পরিকল্পনাতেই নৌ-কমান্ডো বাহিনী গঠিত হয়। তিনি প্রথম অপারেশন করেন চট্টগ্রাম বন্দরে। স্থলযুদ্ধেও তিনি অংশ নেন। ২৫ নভেম্বর ২০০ মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডো যৌথভাবে খুলনার পাইকগাছা থানার কপিলমুনি রাজাকার ঘাঁটিতে আক্রমণ করেন। এ যুদ্ধে তিনি, কামরুজ্জামান টুকু, খিজির আলী, সামসুল আরেফিন যৌথভাবে নেতৃত্ব দেন। চার দিন যুদ্ধের পর রাজাকার ঘাঁটির পতন হয় এবং ১০৭ জন রাজাকার আত্মসমর্পণ করে। এ যুদ্ধে তিনি যথেষ্ট সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য গাজী রহমতউল্লাহকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। গাজী রহমতউল্লাহর পৈতৃক বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামে। সেখানে তিনি বসবাস করেন না। বর্তমানে খুলনা মহানগরে বাস করেন। তাঁর বাবার নাম শহর আলী গাজী। মা অভিরন নেছা। স্ত্রী সাহানা রহমতউল্লাহ। তাঁদের তিন ছেলে, এক মেয়ে। গাজী রহমতউল্লাহ বলেন, ‘এখন মুক্তিযোদ্ধা বেশি বেঁচে নেই। যাঁরা বেঁচে আছেন, তাঁরা অর্ধাহারে-অনাহারে, বিনা চিকি ৎ সায় দিন কাটাচ্ছেন। সরকার তাঁদের আরও একটু দেখবেন এ আশা করি।’ সূত্র: গাজী রহমতউল্লাহ বীর প্রতীকের সাক্ষা ৎ কার, নিয়েছেন প্রথম আলোর খুলনা অফিসের কাজী আবদুল্লাহ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১০। গ্রন্থনা: তারা রহমান [email protected]