তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬৭স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ মনিরুজ্জামান খান, বীর বিক্রমকাশিপুরের যুদ্ধে শহীদ হন তিনিসীমান্ত এলাকায় অন্যত্র টহলে ছিলেন মনিরুজ্জামান খান। সীমান্তের ওপারে ঘাঁটিতে ফিরতেই খবর পেলেন, কাশিপুরে পাকিস্তান সেনাবাহিনীর একটি দলের সঙ্গে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছেন। সেখানে প্রচণ্ড যুদ্ধ চলছে। এ খবর পেয়ে সাহসী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান বসে থাকতে পারলেন না। যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে কয়েকজনকে (ইপিআর সদস্যা) সঙ্গে নিয়ে রওনা হলেন সেদিকে। কাশিপুর যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের অন্তর্গত। ইউনিয়নের মাঝ দিয়ে কপোতাক্ষ নদ। কাশিপুরে আছে একটি সেতু। পাকিস্তান সেনাবাহিনী প্রায়ই ওই সেতু দিয়ে সীমান্ত এলাকায় যায়। ১৯৭১ সালের ২৭ জুনেও আসে একদল পাকিস্তানি সেনা। সেদিন তারা সংখ্যায় ছিল বিপুল। সেতুর ওপারে গাড়ি রেখে তারা ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকে। সীমান্ত এলাকায় অবস্থানরত মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের আক্রমণ করেন। কাশিপুরের বিভিন্ন স্থানে যুদ্ধ চলতে থাকে।এদিকে মুক্তিযোদ্ধাদের তাড়া খেয়ে কাশিপুরে এক জঙ্গলে লুকিয়ে ছিল কয়েকজন পাকিস্তানি সেনা। তার পাশ দিয়েই মুক্তিযোদ্ধাদের নিয়ে আসছিলেন মনিরুজ্জামান খান। ওখানে লুকিয়ে থাকা পাকিস্তানি সেনারা তাঁদের আক্রমণ করে। আকস্মিক এ আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন না তাঁরা। আসার পথে খবর পেয়েছেন পাকিস্তানি সেনারা গঙ্গানন্দপুরের দিকে পালিয়ে গেছে। এ জন্য তিনি ও তাঁর সহযোদ্ধারা প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। মনে করলেন মুক্তিযোদ্ধারাই ভুল করে তাঁদের পাকিস্তানি সেনা মনে করে আক্রমণ করেছেন। কারণ, তাঁদের এবং পাকিস্তানি সেনাদের পোশাক একই রকমের। পরে তাঁরা বুঝতে পারলেন এরা আসলেই পাকিস্তানি সেনা। তখন সাহসী মনিরুজ্জামান পাল্টা গুলি করে জঙ্গলের ভেতরে ঢুকে পড়েন। তিনি ছিলেন সবার সামনে। পেছনে তাঁর সহযোদ্ধারা। মনিরুজ্জামান অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে গুলি করতে করতে চলে যান বেশ আগে। আর ঠিক তখনই পাকিস্তানি সেনাদের ছোড়া কয়েকটি গুলি এসে লাগে তাঁর বুকে। সঙ্গে সঙ্গে তিনি ঢলে পড়েন মাটিতে। শহীদ হন মনিরুজ্জামান খান। ঘটনার আকস্মিকতায় এবং দলনেতাকে হারিয়ে তাঁর সহযোদ্ধারা কিছুটা হতবিহ্বল হয়ে পড়েন। এ সুযোগে সেখানে লুকিয়ে থাকা পাকিস্তানি সেনারা পালিয়ে যায়। মনিরুজ্জামান খানের শহীদ হওয়ার ঘটনা মুক্তিযোদ্ধাদের মনে বেশ দাগ কাটে। পরে সহযোদ্ধারা তাঁর মরদেহ উদ্ধার করে সমাহিত করেন কাশিপুরে। সেখানে তাঁর কবর সংরক্ষিত। মনিরুজ্জামান খান চাকরি করতেন ইপিআরে (পরে বিডিআর, এখন বিজিবি)। ১৯৭১ সালে কর্মরত ছিলেন যশোর সেক্টর হেডকোয়ার্টারের ৪ নম্বর উইংয়ে। তিনি তখন ছিলেন নায়েক সুবেদার। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। ওই সময় কুষ্টিয়ার যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা (ইপিআর) কুষ্টিয়া মোহনী মিলে অবস্থিত পাকিস্তানি ওয়্যারলেস স্টেশনের ওপর আক্রমণ চালায়। তাঁদের আক্রমণে পাকিস্তান সেনাবাহিনীর দল সেখান থেকে পালিয়ে যায়। মোহনী মিলের ওয়্যারলেস স্টেশন তাঁরা দখল করেন। ১ এপ্রিল কুষ্টিয়া মুক্ত হয়। প্রতিরোধযুদ্ধ শেষে মনিরুজ্জামান খান তাঁর দলের সঙ্গে ভারতে যান। সেখানে পুনর্গঠিত হওয়ার পর ৮ নম্বর সেক্টরের বয়রা সাব সেক্টর এলাকায় যুদ্ধ করেন। উল্লেখযোগ্য যুদ্ধ ছুটিপুর, হিজলী, বর্ণী।মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ মনিরুজ্জামান খানকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে।শহীদ মনিরুজ্জামান খানের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বাথুলিসাদী গ্রামে। তিনি বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম আকমল খান, মা আমেনা বেগম। স্ত্রী জাহানারা বেগম, তাঁর এক ছেলে, পাঁচ মেয়ে। একমাত্র ছেলে খালেকুজ্জামান খান বর্তমানে পূবালী ব্যাংকে চাকরি করেন।শহীদ মনিরুজ্জামান খানের ছেলে খালেকুজ্জামান খান বলেন, দেশবাসী মুক্তিযোদ্ধাদের অবদান মনে রাখবেন, এটাই আমার প্রত্যাশা। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আজকের বাংলাদেশ। সরকার মুক্তিযোদ্ধা পরিবারের পোষ্যদের জন্য চাকরি ও অন্যান্য সুবিধা প্রদানের কথা বলেন, কিন্তু সে সুযোগ থেকে তাঁরা বঞ্চিত। যাঁদের ওপর এটা বাস্তবায়নের দায়িত্ব তাঁরা কৌশলে তাঁদের বঞ্চিত করছেন। সূত্র: খালেকুজ্জামান খান, নিরুপমা খান এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]