১৬৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল খালেক, বীর প্রতীকসালদা নদীতে গুরুতর আহত হন তিনিসালদা নদীর পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানের খুব কাছাকাছিই ছিল মুক্তিবাহিনীর গোপন অগ্রবর্তী স্ট্যান্ডিং পেট্রল পার্টি। কয়েকজনের এই দলের সদস্য ছিলেন আবদুল খালেক। তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর ত ৎ পরতা লক্ষ করতেন। মাঝেমধ্যে গোপন স্থান থেকে বেরিয়ে এসে পাকিস্তানি সেনাদের ওপর ঝটিকা আক্রমণ চালিয়ে আবার চলে যেতেন তাঁদের গোপন অবস্থানে। ১৯৭১ সালের আগস্ট মাসের শেষ থেকে এভাবে তাঁরা বেশ কয়েকটি সফল অপারেশন চালান। এরপর পাকিস্তান সেনাবাহিনী স্থানীয় রাজাকারদের সহায়তায় তাঁদের খোঁজ পেয়ে যায়। ২৫ সেপ্টেম্বর একদল পাকিস্তানি সেনা তিন দিক থেকে তাঁদের আকস্মিকভাবে আক্রমণ করে। তখন শুরু হয় যুদ্ধ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অন্তর্গত সালদা নদী। সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে সালদা রেলস্টেশন দিয়ে কুমিল্লা-চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ। এ কারণে ১৯৭১ সালে সালদা নদী ও সালদা রেলস্টেশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর একটি শক্তিশালী ঘাঁটি। বিভিন্ন স্থানে ছিল তাদের প্রতিরক্ষা অবস্থান। মুক্তিবাহিনীর ২ নম্বর সেক্টরের সালদা নদী সাব-সেক্টরের মুক্তিযোদ্ধারা প্রায়ই পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থানে আক্রমণ করতেন। সেখানে যুদ্ধ ছিল তখন নিয়মিত ঘটনা। সেদিন সামগ্রিক পরিস্থিতি মুক্তিযোদ্ধাদের অনুকূলে ছিল না। তার পরও তাঁরা প্রাণপণে যুদ্ধ করতে থাকেন। আবদুল খালেক ও তাঁর সহযোদ্ধারা সীমিত অস্ত্র ও গোলাবারুদ দিয়েই সাহসিকতার সঙ্গে পাকিস্তানি সেনাদের অগ্রাভিযান প্রতিহত করেন। তারপর যুদ্ধ চলতে থাকে। এক সময় হঠা ৎ গুলি এসে লাগে তাঁর মাথায় ও বুকে। কয়েকটি শেলের টুকরোও লাগে তাঁর পায়ে। গুরুতর আহত হয়ে ঢলে পড়েন মাটিতে। পরে কাছাকাছি থাকা এক সহযোদ্ধা তাঁকে নিয়ে যান পেছনে। প্রাথমিক চিকি ৎ সার পর তাঁকে ভর্তি করা হয় আগরতলার এক হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকি ৎ সার জন্য পাঠানো হয় লক্ষৌর হাসপাতালে। সেখানে চিকি ৎ সাধীন থাকা অবস্থায় দেশ স্বাধীন হয়। আবদুল খালেক চাকরি করতেন পাকিস্তান ইউনাইটেড ব্যাংকে। ১৯৭১ সালে ওই ব্যাংকের চট্টগ্রাম শাখায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে নিজ এলাকায় এসে যোগ দেন যুদ্ধে। পরে তাঁকে অন্তর্ভুক্ত করা হয় নিয়মিত মুক্তিবাহিনীর চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানিতে। আহত হওয়ার আগে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন কসবা, মন্দভাগ, কইখোলা, নয়নপুরসহ আরও কয়েকটি স্থানে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুল খালেককে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।স্বাধীনতার পর কয়েক মাস পরিবারের লোকজন আবদুল খালেকের খোঁজ পাননি। ভারতে তাঁর দীর্ঘ কয়েক মাস চিকি ৎ সা হয়। তিনি বাড়িতে খবর পাঠাতে পারেননি। ফলে বাড়ির লোকজন ধরেই নিয়েছিলেন, তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। প্রায় পাঁচ মাস পর বাড়ি ফেরেন। তখন তাঁকে দেখে পরিবারের সদস্যরা অবাক হন। বাড়িতে কিছুদিন থাকার পর তিনি আগের চাকরিতে যোগ না দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৮১ সালে মেডিকেল আনফিট দেখিয়ে সেনাবাহিনীর চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এদিকে ভারতে উন্নত চিকি ৎ সা নেওয়ার পরও শরীরে থাকা শেলের টুকরো ও গুলির কারণে তাঁর শারীরিক সমস্যা থেকেই যায়। অবসর পাওয়ার পর জমিজমা বিক্রি করে নিজ খরচে চিকি ৎ সা করতে গিয়ে নিঃস্ব হয়ে যান তিনি। এতেও শেষ রক্ষা হয়নি তাঁর। পরে পা দুটি হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয়। তখন থেকে যতদিন বেঁচে ছিলেন স্ক্রাচের ওপর ভর করে চলাফেরা করতেন। ১৯৯৭ সালে দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে তিনি মারা যান। পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। জীবদ্দশায় ধারদেনা করে তিন মেয়ের বিয়ে দিয়ে গেছেন। বাকি দুই মেয়ের বিয়ে দিয়েছেন ভাইয়েরা। তাঁর ছেলে দুজন অভাব-অনটনের কারণে তেমন পড়াশোনা করতে পারেননি।আবদুল খালেকের প্রকৃত নাম আবদুল খালেক ভূঁইয়া। তাঁর পৈত্রিক বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ (১৯৭১ সালে লাকসাম) উপজেলার খিলা ইউনিয়নের পূর্ব বাতাবাড়িয়া গ্রামে। চার ভাই তিন বোনের মধ্যে তিনি পঞ্চম। তাঁর বাবার নাম আমিনউদ্দিন ভূইয়া, মা নূরজাহান বিবি, স্ত্রী আছিয়া খাতুন। সূত্র: প্রথম আলোর লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি মুজিবুর রহমানের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২। গ্রন্থনা: তারা রহমান[email protected]