১৬৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ সালাহউদ্দীন মমতাজ বীর উত্তমঅত্যন্ত দুর্ধর্ষ ও সাহসী যোদ্ধা ছিলেন তিনি১৯৭১ সালের জুলাই মাসে একদিন মুক্তিবাহিনীর ১১ নম্বর সেক্টর হেডকোয়ার্টার্সে সিদ্ধান্ত হলো, পাকিস্তান সেনাবাহিনীর কামালপুর বিওপির ঘাঁটিতে আক্রমণ করা হবে। শুরু হলো প্রস্তুতি। আক্রমণের আগে একদিন (২৮ জুলাই) রাতে (ক্যাপ্টেন) সালাহউদ্দীন মমতাজ কয়েকজনকে সঙ্গে নিয়ে জায়গাটা রেকি করতে গেলেন। সাড়া-শব্দহীন অন্ধকার রাত। অন্ধকারে তিনি একটি পাকিস্তানি অবজারভেশন পোস্টের কাছে গেলে পাকিস্তানি এক সেনা ‘হল্ট’ বলে চি ৎকার করে উঠে গুলি করতে উদ্যত হয়। অত্যন্ত সাহসী সালাহউদ্দীন মমতাজ সঙ্গে সঙ্গে তাকে জাপটে ধরে মাটিতে ফেলে দেন। এ সুযোগে তাঁর কাছাকাছি থাকা এক যোদ্ধা ওই পাকিস্তানি সেনাকে গুলি করেন। সেখানে ছিল আরেক পাকিস্তানি সেনা। তাকেও তাঁরা গুলি করে হত্যা করেন। এরপর তিনি ঘাঁটিতে ফিরে যান। এ ঘটনায় পাকিস্তানিরা হতবাক ও বিস্মিত হয় এবং ২৯ জুলাই পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি কামালপুর পরিদর্শনে যান। তাঁর নির্দেশে পাকিস্তানিরা তাদের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করে।৩১ জুলাই ছিল আক্রমণের নির্ধারিত তারিখ। ৩০ জুলাই রাতে হঠা ৎ শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘোর অন্ধকার ও বৃষ্টিতে মুক্তিযোদ্ধারা সময়মতো এফইউপিতে পৌঁছে অ্যাসল্ট ফর্মেশন তৈরি করতে দেরি করে ফেলেন। বিশৃঙ্খল অবস্থার মধ্যেই সালাহউদ্দীন মমতাজ অ্যাসল্ট ফর্মেশন তৈরি করে আক্রমণ শুরু করেন। তুলনামূলকভাবে তিনি ছিলেন ক্ষিপ্র এবং ২৮ জুলাইয়ের পর তাঁর মনোবল ও আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। সেদিন মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙা করতে নিজের নিরাপদ অবস্থার কথা না ভেবে সালাহউদ্দীন মমতাজ বিওপির একদম কাছাকাছি গিয়ে মেগাফোনে পাকিস্তানি সেনাদের উদ্দেশ করে বলতে থাকেন, ‘আভি তক ওয়াকত হ্যায়, শালালোক সারেন্ডার করো, নেহিত জিন্দা নেহি ছোড়েঙ্গা।’ তাঁর এই সাহসী ভূমিকায় মুক্তিযোদ্ধাদেরও মনোবল বেড়ে যায়। তাঁরা সালাউদ্দীন মমতাজের নেতৃত্বে বিপুল বিক্রমে পাকিস্তানি সেনা অবস্থানের প্রায় ভেতরে ঢুকে পড়েন। মুক্তিবাহিনীর প্রচণ্ড আক্রমণে পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিরক্ষায় ফাটল ধরে। তখন প্রথম সারিতে থাকা পাকিস্তানি সেনারা ওই অবস্থান ছেড়ে আন্তসীমা প্রতিরক্ষা অবস্থানে (সেল প্রুফ বাংকারে) অবস্থান নেয়। এতে তিনি আরও উ ৎসাহী হয়ে সামনে এগিয়ে ২০-২৫ জনকে নিয়ে কমিউনিটি সেন্টারে ঢুকে পড়েন। এ সময় অগ্রসরমাণ মুক্তিযোদ্ধারা সালাউদ্দীন মমতাজকে নিরাপদ অবস্থানে পজিশন নেওয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি দাঁড়িয়েই মুক্তিযোদ্ধাদের নির্দেশ দিতে থাকেন। এমন সময় পাকিস্তানি সেনাবাহিনীর একটি গোলা এসে পড়ে তাঁর পাশে। মেশিনগানের গুলিও লাগে তাঁর মাথায়। নিমেষেই তিনি ঢলে পড়েন মাটিতে। স্তিমিত হয়ে যায় তাঁর তেজদীপ্ত কণ্ঠস্বর। মৃত্যুকে আলিঙ্গন করে তিনি বেঁচে ওঠেন অমরত্বের পুনর্জন্মে। তাঁর শহীদ হওয়ার ঘটনায় কেবল সহযোদ্ধাদের মধ্যেই নয়, গোটা প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে শোকের ছায়া নেমে আসে। তিনি শহীদ হওয়ায় মুক্তিযোদ্ধাদের মধ্যে নেতৃত্ব-শূন্যতা দেখা দেয় এবং তাঁরা যুদ্ধস্থান থেকে পশ্চাদপসরণ করেন। এভাবেই সমাপ্ত হয় কামালপুর যুদ্ধ। এ যুদ্ধে মুক্তিবাহিনীর ৩০ জন শহীদ ও বিপুল সংখ্যক আহত হন। অসংখ্য পাকিস্তানি সেনাও নিহত হয়। সালাহউদ্দীন মমতাজ চাকরি করতেন পাকিস্তানি সেনাবাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন পশ্চিম পাকিস্তানে। তখন তাঁর পদবি ছিল ক্যাপ্টেন। মুক্তিযুদ্ধ শুরু হলে সেখান থেকে পালিয়ে এসে যোগ দেন যুদ্ধে। তাঁকে নিয়মিত মুক্তিবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়।মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য সালাহউদ্দীন মমতাজকে মরণোত্তর বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছে।সালাহউদ্দীন মমতাজের পৈত্রিক বাড়ি ফেনী জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের জগইরগাঁও গ্রামে। পরে তাঁর বাবা ফেনী শহরতলির চাড়িপুর মোক্তারবাড়িতে বসবাস করতেন। সালাহউদ্দীন মমতাজ অবিবাহিত ছিলেন। দুই ভাই ও ছয় বোনের মধ্যে ছিলেন সবার বড়। তাঁর বাবার নাম শামসুদ্দীন আহম্মদ। মা খায়রুন নাহার। স্বাধীনতার পর তাঁর স্মরণে ফেনীর উত্তর শিবপুর পুরোনো বিমানবন্দর সড়কের পাশে সালাহউদ্দীন মমতাজের নামে উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।সূত্র: প্রথম আলোর (ফেনী) নিজস্ব প্রতিবেদক আবু তাহেরের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১। গ্রন্থনা: তারা রহমান[email protected]