তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শেখ আফজাল হোসেন, বীর বিক্রমসাহসী এক গেরিলা যোদ্ধা১৯৭১ সালের ২১ জুলাই খুব সকালে শেখ আফজাল হোসেন খবর পেলেন, পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী একদল ইপিসিএএফ (ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সড) কুমিল্লা থেকে বুড়িচং আসছে। খবর পেয়েই সিদ্ধান্ত নিলেন তাদের অ্যামবুশ করার। তখন বুড়িচং থানা ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান। বুড়িচং কুমিল্লা জেলার অন্তর্গত। পাশেই ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত। এই এলাকা দিয়েই ভারত থেকে মুক্তিযোদ্ধারা ঢাকা ও অন্যান্য স্থানে যাতায়াত করতেন। সে জন্য পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় সহযোগীরা এই এলাকায় বেশি বিচরণ করত। মুক্তিযোদ্ধারা প্রায়ই সীমান্ত অতিক্রম করে পাকিস্তানি সেনাদের ওপর ঝটিকা আক্রমণ চালাতেন।সিদ্ধান্ত অনুযায়ী, শেখ আফজাল হোসেনের নেতৃত্বে ২৭ জন মুক্তিযোদ্ধা গোপনে অবস্থান নিলেন বুড়িচং থানার সাধবপুর গ্রামে। গাছের লতাপাতা, ঝোপঝাড় বা গাছের আড়ালে তাঁরা ওত পেতে থাকেন। তারপর সময় গড়াতে থাকল। একসময় তাঁরা দেখতে পেলেন, মাঠের ভেতর দিয়ে ইপিসিএএফরা দল বেঁধে আসছে। তারা কল্পনাও করেনি সামনের বিপদ সম্পর্কে। বেশ নিশ্চিন্তেই এগিয়ে আসছে। তখন সকাল আনুমানিক নয়টা। শেখ আফজাল হোসেন এবং তাঁর সহযোদ্ধাদের সবার আঙুল অস্ত্রের ট্রিগারে। অপেক্ষায় আছেন ইপিসিএএফরা অস্ত্রের গুলির আওতায় আসার জন্য। তারা বেশির ভাগ অস্ত্রের আওতায় আসামাত্র গর্জে উঠল তাঁদের সবার অস্ত্র। গুলিবিদ্ধ হয়ে মাটিতে গড়িয়ে পড়ল কয়েকজন। হকচকিত ইপিসিএএফরা দৌড়াদৌড়ি করে যে সেখানে পারল পজিশন নিল। বিপর্যয় কাটিয়ে ইপিসিএএফরাও প্রবলভাবে পাল্টা আক্রমণ করে। শুরু হয় যুদ্ধ। চলে সন্ধ্যা পর্যন্ত। এ যুদ্ধে শেখ আফজাল হোসেন ও তাঁর কয়েকজন সঙ্গী যথেষ্ট সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। ইপিসিএএফ ছিল তাঁদের চেয়ে দ্বিগুণেরও বেশি। আর তাঁরা ছিলেন মাত্র ২৮ জন। সন্ধ্যার পর ইপিসিএএফরা পিছু হটে বুড়িচং থানায় আশ্রয় নেয়। যুদ্ধে ইপিসিএএফের ৩০ জন নিহত হয়। ছয়জন তাদের হাতে ধরা পড়ে। মুক্তিবাহিনীর নায়েক কবির শহীদ এবং শেখ আলম ও আবদুল আলিম আহত হন।শেখ আফজাল হোসেন চাকরি করতেন পাকিস্তানি সেনাবাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন কুমিল্লা সেনানিবাসে। ২৫ মার্চ আক্রান্ত হওয়ার পর অন্যান্যদের সঙ্গে বিদ্রোহ করে সেনানিবাসের ভেতরে প্রতিরোধযুদ্ধে যোগ দেন। ২৭ মার্চ সন্ধ্যায় তিনি সেনানিবাস ছেড়ে যান। পরে ২ নম্বর সেক্টরের মতিনগর সাব-সেক্টর এলাকায় গেরিলা যুদ্ধ করেন। তাঁকে একটি গেরিলা দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। বুড়িচং, দেবীদ্বার, মুরাদনগর ও চান্দিনা থানার কিছু অংশে তাঁরা গেরিলা যুদ্ধ করেন। বেশ কটি সফল অপারেশনে নেতৃত্ব দেন তিনি। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শেখ আফজাল হোসেনকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে।শেখ আফজাল হোসেনের পৈতৃক বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামে। সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিয়ে বর্তমানে তিনি এখানেই বসবাস করছেন। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর বাবার নাম জসিমউদ্দীন, মা আয়মনা খাতুন এবং স্ত্রী রাবেয়া বেগম। তাঁদের তিন ছেলে ও চার মেয়ে।শেখ আফজাল হোসেন বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে। এখন দেখি বেশির ভাগ নেতাদের মধ্যে দেশপ্রেমের অভাব। স্বাধীন দেশের পতাকার মর্যাদা ধরে রাখতে দেশকে ভালোবাসতে এবং দুর্নীতিমুক্ত করতে হবে।’সূত্র: শেখ আফজাল হোসেন বীর বিক্রমের সাক্ষাৎ কার; নিয়েছেন প্রথম আলোর লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি মারুফ সামদানী এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: তারা রহমান[email protected]