১৭২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।রাসিব আলী, বীর প্রতীকজীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও দমে যাননি তিনিএকটি অপারেশন থেকে সহযোদ্ধাদের নিয়ে ফিরছিলেন রাসিব আলী। পথে পাকিস্তানি সেনাদের অতর্কিত আক্রমণে শহীদ হন তাঁর এক সহযোদ্ধা। বাকি সহযোদ্ধাদের নিয়ে নিরাপদে নিজেদের ক্যাম্পে ফিরতে গিয়ে তিনিসহ কয়েকজন পড়ে যান গভীর এক নর্দমায়। এরপর তাঁরা ওই নর্দমা থেকে আর ওপরে উঠতে পারছিলেন না। এদিকে একটু দূরেই ছিল পাকিস্তানি সেনারা। রাসিব আলী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও মনোবল হারাননি। ওই অবস্থায়ই তিনি ব্রাশফায়ার করেন ধাওয়ারত পাকিস্তানি সেনাদের। এতে নিহত হয় পাঁচজন পাকিস্তানি সেনা। বাকি পাকিস্তানিরা তখন পালিয়ে যায়। এরপর অনেক কষ্টে ওই নর্দমা থেকে উঠে সহযোদ্ধাদের নিয়ে নিরাপদে ক্যাম্পে ফিরতে সক্ষম হন তাঁরা।রাসিব আলীর সহযোদ্ধা ও ছোট ভাই মুক্তিযোদ্ধা আজমল আলী এ ঘটনার বর্ণনা দিয়ে বললেন, ‘তখন আগস্ট মাস। বর্ষা মৌসুম। অঝোর ধারায় প্রতিদিন বৃষ্টি। একদিন ক্যাপ্টেন আবদুর রবের নেতৃত্বে আমরা শতাধিক মুক্তিযোদ্ধা বড়পুঞ্জি ক্যাম্প থেকে যাই পাকিস্তানিদের লাতু ক্যাম্পে আক্রমণ করতে। রাসিব ভাই একটি দলের নেতৃত্বে। পরিকল্পনামতো বিকেলে শুরু হয় আক্রমণ। বৃষ্টির মধ্যেই আমরা চলে যাই পাকিস্তানি ক্যাম্পের একদম কাছে। আমাদের আক্রমণে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়। মুক্তিযোদ্ধাও কয়েকজন শহীদ হন। এই সময় খবর আসে পাকিস্তানিদের নতুন একটি দল আমাদের আক্রমণের জন্য সেখানে এসেছে। তখন অধিনায়ক আমাদের পেছনে যেতে বলেন। আমরা গুলি করতে করতে পেছনে যেতে থাকি। পাকিস্তানিরা আমাদের ধাওয়া করে। তখন রাসিব ভাই কয়েকজন সহযোদ্ধাসহ নর্দমায় পড়ে যান।’লাতু মৌলভীবাজার জেলার বড়লেখা থানার শাহবাজপুরের অন্তর্গত। লাতুতে আছে রেলস্টেশন। ১৯৭১ সালে এখানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্তিশালী একটি ঘাঁটি। বড়পুঞ্জি সাব-সেক্টরের অধিনায়ক ক্যাপ্টেন আবদুর রবের নেতৃত্বে মুক্তিবাহিনীর বিরাট একটি দল ১০ আগস্ট লাতুতে আক্রমণ করে। সেদিন ১৫-২০ মিনিট যুদ্ধ চলার পর পাকিস্তানি সেনারা সেখান থেকে পালাতে শুরু করে। সন্ধ্যা সাতটার মধ্যে লাতু রেলস্টেশন থেকে পাকিস্তানি সেনাদের বড় একটি অংশ পালিয়ে যায়। বাকিরা মুক্তিযোদ্ধাদের সঙ্গে আরও কিছুক্ষণ যুদ্ধ করলেও শেষ পর্যন্ত তারা অধিকাংশ হতাহত হয়ে অবস্থান ত্যাগ করে। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি ক্যাম্পে উড্ডীন পতাকা নামিয়ে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উড়িয়ে দেন। ঠিক তখনই খবর আসে, পাকিস্তান সেনাবাহিনীর নতুন একটি দল তাঁদের আক্রমণ করার জন্য দ্রুত এগিয়ে আসছে। সম্ভাব্য এই আক্রমণ প্রতিহত করার জন্য মুক্তিযোদ্ধাদের যে দলের ওপর দায়িত্ব ছিল, তাঁরা তা করতে ব্যর্থ হয়েছেন। অগ্রসরমাণ পাকিস্তানি সেনারা লাতুতে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে। এ অবস্থায় ক্যাপ্টেন আবদুর রব সেখান থেকে মুক্তিযোদ্ধাদের পশ্চাদপসরণের নির্দেশ দেন। এ যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মুক্তিবাহিনীর কুতুবউদ্দিন, মান্নান, ফয়েজসহ ছয়জন শহীদ ও পাঁচজন আহত হন।রাসিব আলী চাকরি করতেন ইপিআরে (পরে বিডিআর, এখন বিজিবি)। ১৯৭১ সালে তিনিসহ অনেক বাঙালি ইপিআর কর্মরত ছিলেন ঢাকার গভর্নর হাউসে (বর্তমান বঙ্গভবন)। ২৬ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর বালুচ রেজিমেন্টের একটি দল তাঁদের ঘেরাও করে অস্ত্র জমা দিতে বলে। কিন্তু তাঁরা অস্ত্র জমা দিতে অস্বীকার করেন। পরে তাঁদের বাঙালি সুবেদারের নির্দেশে অস্ত্র জমা দেন। ২৭ মার্চ কারফিউ শিথিল হলে অধিকাংশ বাঙালি ইপিআর গভর্নর হাউস থেকে পালিয়ে যান। তিনিও পালাতে সক্ষম হন। বাড়ি ফিরে যোগ দেন মুক্তিযুদ্ধে। যুদ্ধ করেন মুক্তিবাহিনীর ৪ নম্বর সেক্টরের বড়পুঞ্জি সাব-সেক্টর এলাকায়। কানাইঘাট থানা আক্রমণে তিনি আহত হন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য রাসিব আলীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।রাসিব আলীর পৈতৃক বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার বাদে দেউলি গ্রামে। চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি এখানেই বসবাস করতেন। ১৯৯৬ সালে মারা গেছেন। তাঁর বাবার নাম হোসেন আলী, মা খুরশেদা বিবি। স্ত্রী ময়নু বেগম। তাঁর দুই ছেলে ও তিন মেয়ে।সূত্র: সিলেটে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদীর পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২ ও ৪। গ্রন্থনা: তারা রহমান[email protected]