১৭৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুর রহমান, বীর বিক্রমপাকিস্তানি সেনাদের একাই মোকাবিলা করেন১৯৭১ সালের মে মাসের একদিন। আনুমানিক ৬ বা ৭ মে। ভোরে আবদুর রহমান একজন সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে হবিগঞ্জের তেলিয়াপাড়ার নিজেদের প্রতিরক্ষা অবস্থান থেকে বেরিয়ে পড়লেন রেকি করার উদ্দেশ্যে। বেলা ১১টায় সেখানে ফিরে এসে দেখেন, চারদিক লন্ডভন্ড। কোনো সাড়াশব্দ নেই। পড়ে আছে কয়েকজন সহযোদ্ধার রক্তাক্ত নিথর দেহ। এ অবস্থা দেখে আবদুর রহমান শিউরে উঠলেন। কিছুটা হতবুদ্ধিও হয়ে পড়লেন। এমন ঘটনার মুখোমুখি হবেন ভাবতেই পারেননি। বুঝতে পারলেন, শত্রু পাকিস্তানি সেনাদের আকস্মিক আক্রমণেই এ অবস্থা। তারপর সতর্ক হলেন। ভাবলেন, পাকিস্তানি সেনারা নিশ্চয় আশপাশে আছে। তাঁকে এখান থেকে দ্রুত সরে পড়তে হবে। সঙ্গে থাকা সহযোদ্ধা পালিয়ে গেছেন। তিনি সরে পড়ার সুযোগ আর পেলেন না। পড়ে গেলেন এক পাকিস্তানি সেনার সামনে। ওই পাকিস্তানি সেনা তাঁকে থামার নির্দেশ দিল। তখন মনে হলো এই পাকিস্তানি সেনার গুলিতে মরার চেয়ে নিজের পিস্তলের গুলিতে নিজেকে আত্মাহুতি দেওয়াও অনেক ভালো। তাঁর মনে চলছে তোলপাড়। তারপর নিমেষে নিজের কাছে থাকা পিস্তল বের করে কী মনে করে গুলি করেন ওই পাকিস্তানি সেনাকেই। মাটিতে লুটিয়ে পড়ল পাকিস্তানি সেনা। এ ঘটনায় তাঁর সাহস ও মনোবল বেড়ে গেল। ভাবলেন, মরতে যখন হবেই, আরও কয়েকজনকে মেরেই মরি। গুলির শব্দ শুনে সেখানে এগিয়ে এল আরও দুজন পাকিস্তানি সেনা। তারা কিছু বুঝে ওঠার আগেই গুলি করলেন। অব্যর্থ নিশানা; দুই পাকিস্তানি সেনাই লুটিয়ে পড়ল মাটিতে। এরপর দ্রুত অবস্থান নিলেন সেখানকার এক বাংকারে। বাকি পাকিস্তানি সেনারা ছিল বেশ দূরে। পরিস্থিতি তাঁর সহায় হলো। ওই বাংকারে ছিল একটি মেশিনগান। তাতে গুলিভর্তি চেন লাগানো। সেই মেশিনগান দিয়ে তিনি গুলি করতে থাকলেন। তখন পাকিস্তানি সেনারা দৌড়াদৌড়ি করে পিছিয়ে যেতে থাকল। তিন-চারজন মাটিতে লুটিয়ে পড়ল। আকস্মিক এ ঘটনায় পাকিস্তানি সেনারাও হতভম্ভ। এরই ফাঁকে ওয়্যারলেসে তিনি যোগাযোগ করলেন তাঁর অধিনায়কের সঙ্গে। অধিনায়ক তাঁকে নির্দেশ দেন দ্রুত ওই স্থান থেকে সরে পড়ার। তিনি অধিনায়কের কাছে অনুরোধ করেন গোলা ছোড়ার। সহযোদ্ধারা তিন ইঞ্চি মর্টারের গোলা পাকিস্তানি সেনাদের ওপর নিক্ষেপ করতে থাকেন। এ সুযোগে তিনি দ্রুত ক্রলিং করে পশ্চাদপসরণ করেন। সীমান্তের কাছাকাছি পৌঁছার পর সহযোদ্ধারা তাঁকে ভারতে নিয়ে যান। এ ঘটনা মনে হলে আবদুর রহমান এখনো শিউরে ওঠেন। মনে মনে ভাবেন, সেদিন তাঁর বেঁচে যাওয়া অলৌকিক। আবদুর রহমান চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। যশোর সেনানিবাসে আক্রান্ত হওয়ার পর সেখান থেকে পালিয়ে যান। পরে দলের কাউকে খুঁজে না পেয়ে নিজ এলাকা হবিগঞ্জে এসে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যোগ দেন। পরে তাঁকে ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত করা হয়। যুদ্ধ করেন শাহজীবাজার, মাধবপুর, হরষপুর, আখাউড়া, ভৈরব, আশুগঞ্জসহ বিভিন্ন স্থানে। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুর রহমানকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে। আবদুর রহমানের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বড় ধলিয়া গ্রামে। সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিয়ে তিনি এখানেই বসবাস করছেন। তাঁর বাবার নাম আবদুর রহিম চৌধুরী। মা ফুলবানু। স্ত্রী সামসুন্নাহার বেগম। তাঁর এক ছেলে, এক মেয়ে। আবদুর রহমানের প্রকৃত নাম আবদুর রহমান চৌধুরী। তিনি বর্তমানে অসুস্থ। নানা রোগ ভর করেছে তাঁর শরীরে। আবদুর রহমান বলেন, ‘একাত্তরে যুদ্ধ করেছি দেশমাতৃকার জন্য। এখন যুদ্ধ করছি নিজের শরীরের সঙ্গে। প্রতিদিন মাত্র ২২ টাকার ওষুধ খেতে হয় আমাকে। অভাবের কারণে সেটাও নিয়মিত কিনতে পারি না।’ সূত্র: আবদুর রহমান বীর বিক্রমের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জামাল মো. আবু নাছের এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৩। গ্রন্থনা: তারা রহমান [email protected]