১৭৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ রশিদ আলী, বীর প্রতীকধোপাখালীর যুদ্ধে শহীদ হন তিনিরশিদ আলী মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন—এ কথা অনেক দিন বাবা-মা, স্ত্রী ও পরিবারের লোকজন জানতেন না। তাঁরা জানতেন, তিনি যুদ্ধে গেছেন, রণাঙ্গনে যুদ্ধ করছেন। তারপর ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলো। তাঁরা সবাই রশিদের প্রতীক্ষায়। ১৪ দিন পর জানতে পারলেন, তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। কিন্তু এ খবর কেউ বিশেষত, তাঁর স্ত্রী বিশ্বাস করেননি। তাঁর সহযোদ্ধা ছিলেন একই এলাকার আমির হোসেন। তাঁরা দুজন একসঙ্গে ইপিআরে (পরে বিডিআর, এখন বিজিবি) চাকরি করতেন। যুদ্ধও করেন একসঙ্গে। আমির হোসেন বলার পর তাঁরা বিশ্বাস করেন। এরপর তাঁর স্ত্রী বিধবার সাদা শাড়ি পরেন।রশিদ আলীর সহযোদ্ধা আমির হোসেন বলেন, ‘আমরা দুজন একসঙ্গে ৮ নম্বর সেক্টরের বানপুর সাবসেক্টরে ছিলাম। আগস্ট মাসে একদিন ধোপাখালী বিওপিতে (বর্ডার আউট পোস্ট) আক্রমণের সিদ্ধান্ত হয়। আক্রমণের দিন আমরা দুজন একসঙ্গে দুপুরে খাওয়া-দাওয়া করি। কিছুক্ষণ বিশ্রামের পর আমরা কয়েকটি দলে ভাগ হয়ে আক্রমণ করতে যাই। আমরা আক্রমণ করার পর পাকিস্তানিরাও পাল্টা আক্রমণ করে। সম্মুখযুদ্ধে রশিদ আলী শহীদ হন। সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন তিনি।’চুয়াডাঙ্গা জেলার দক্ষিণ প্রান্তে জীবননগর উপজেলা। এর পাশে ধোপাখালী বিওপি। দামুড়হুদা উপজেলার অন্তর্গত। ১৯৭১ সালে এখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্ত একটি প্রতিরক্ষা অবস্থান। পাকিস্তানি এ প্রতিরক্ষা অবস্থানের কারণে মুক্তিযোদ্ধারা ভারত থেকে বাংলাদেশের ভেতরে এসে গেরিলা অপারেশন করতে পারছিলেন না। ফলে ওই এলাকায় মুক্তিবাহিনীর গেরিলা অপারেশন স্তিমিত হয়ে পড়ে। এ অবস্থায় পাকিস্তানি সেনাদের সেখান থেকে বিতাড়ন বা তাদের পরিধি সীমিত করার জন্য নিয়মিত মুক্তিবাহিনী সেখানে আক্রমণের সিদ্ধান্ত নেয়। পরিকল্পনানুযায়ী ৮ আগস্ট বানপুর সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমানের (বীর বিক্রম, পরে জেনারেল ও সেনাপ্রধান) নেতৃত্বে নিয়মিত মুক্তিবাহিনীর একটি দল সেখানে আক্রমণ করে। বেশির ভাগ ছিলেন ইপিআরের সদস্য। গণবাহিনীর মুক্তিযোদ্ধারাও ছিলেন। মুক্তিযোদ্ধারা ধোপাখালী বিওপির কাছাকাছি পজিশন নিয়ে গুলিবর্ষণ শুরু করার সঙ্গে সঙ্গে পাকিস্তানিরাও পাল্টা আক্রমণ শুরু করে। মুক্তিযোদ্ধাদের বেশির ভাগ অস্ত্র ছিল পুরোনো থ্রি নট থ্রি রাইফেল। মাত্র কয়েক জনের কাছে ছিল আধুনিক অস্ত্র। ফলে পাকিস্তানি সেনাদের স্বয়ংক্রিয় অস্ত্রের অনর্গল গুলিবর্ষণের মধ্যে মুক্তিযোদ্ধাদের মাথা তোলাও দুঃসাধ্য হয়ে পড়ে। রশিদ আলীসহ কয়েকজন সাহসী মুক্তিযোদ্ধা এ অবস্থার মধ্যেও যুদ্ধ করতে থাকেন। তাঁরা অসমসাহস ও রণকৌশল প্রদর্শন করে পাকিস্তানিদের অনেক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হন। যুদ্ধ চলতে থাকে। একপর্যায়ে হঠাৎ মেশিনগানের গুলি এসে লাগে রশিদ আলীর শরীরে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখনই তাঁর জীবনপ্রদীপ নিভে যায়। সেদিন এ যুদ্ধে মুক্তিবাহিনীর রশিদ আলী, আবদুল গফুর (নোয়াখালী), আবু বাকের (যশোর), সিদ্দিক আলী ও আবদুল আজিজ (ঢাকা) শহীদ এবং চারজন গুরুতর আহত হন। মুক্তিযোদ্ধারা রশিদ আলীসহ চারজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। পরে তাঁদের সমাহিত করেন বাংলাদেশের মাটিতেই।রশিদ আলী ১৯৭১ সালে কর্মরত ছিলেন যশোর ইপিআর সেক্টর হেডকোয়ার্টারের ৪ নম্বর উইংয়ে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তাঁর ইউনিটের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে যুদ্ধ করেন যশোরের বেনাপোল এলাকায়। পরে বানপুর সাবসেক্টরে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ রশিদ আলীকে মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।শহীদ রশিদ আলীর পৈতৃক বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার সাইজগাঁও গ্রামে। বৈবাহিক সূত্রে তিনি শ্বশুরবাড়িতে (একই উপজেলার মোগলপুরে) বসবাস করতেন। তাঁর বাবার নাম মনসুর আলী, মা করিমুন নেছা। স্ত্রী হাওয়ারুন নেছা। তাঁর দুই ছেলে। সূত্র: সিলেটে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি জুয়েল খানের পাঠানোর তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮। গ্রন্থনা: তারা রহমান[email protected]