তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মাসুদুর রহমান, বীর প্রতীকঅমরখানার যুদ্ধে নেতৃত্ব দেন তিনিমাসুদুর রহমান একদল মুক্তিযোদ্ধা নিয়ে রাতে অবস্থান নিলেন অমরখানায়। তিনিই তাঁদের নেতৃত্বে। তাঁদের সঙ্গে আছে মিত্রবাহিনীর ৭ মারাঠা রেজিমেন্টও। তাঁরা একযোগে পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালাবেন। পরিকল্পনামতো রাত দুইটায় একযোগে আক্রমণ শুরু করলেন। সঙ্গে সঙ্গে পাকিস্তানিরাও তাদের সুরক্ষিত ও শক্তিশালী ঘাঁটি থেকে শুরু করল পাল্টা আক্রমণ। গোলাগুলির শব্দে চারদিক প্রকম্পিত হতে থাকল। মাসুদুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা অত্যন্ত সাহস, ক্ষিপ্রতা ও দক্ষতার সঙ্গে গুলি করে এগিয়ে যেতে থাকেন পাকিস্তানি ঘাঁটির দিকে। শুরু হয় তুমুল যুদ্ধ। প্রায় দুই ঘণ্টা ধরে চলে তুমুল যুদ্ধ। এরপর পাকিস্তানি প্রতিরক্ষা দুর্গে ফাটল ধরে। মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে পাকিস্তানি সেনারা পশ্চাদপসরণ করতে থাকে। শেষ রাতের দিকে সব পাকিস্তানি সেনা অমরখানা থেকে পালিয়ে যায়। ভোরের আলোয় মাসুদুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা অমরখানা বিওপি (বর্ডার আউট পোস্ট) দখল করে সেখানে উড়িয়ে দেন বাংলাদেশের পতাকা।অমরখানা পঞ্চগড় জেলার অন্তর্গত। বাংলাদেশের সর্বউত্তরে। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার চাউলহাটি ও ভাটপাড়া। অমরখানার পূর্ব দিক প্রবাহিত তালমা নদী। অমরখানার ওপর দিয়েই তেঁতুলিয়ায় যাওয়ার সড়কপথ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভৌগোলিক অবস্থানগত কারণে অমরখানা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এপ্রিল মাসের শেষ দিকে পাকিস্তান সেনাবাহিনী অমরখানা দখল করে সেখানে শক্তিশালী ঘাঁটি স্থাপন করে। এখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর ২৬ ফ্রন্টিয়ার ফোর্স ও সহযোগী মিলিশিয়া বাহিনীর ২ কোম্পানি সেনা। আগস্ট মাস থেকে মুক্তিযোদ্ধারা কয়েকবার অমরখানায় আক্রমণ করে পাকিস্তানি সেনাবাহিনীকে বিতাড়িত করতে ব্যর্থ হন। এরপর ২২ নভেম্বর আক্রমণ করে পাকিস্তানিদের সেখান থেকে বিতাড়ন করতে সক্ষম হন তাঁরা। সেদিন যুদ্ধে মুক্তিবাহিনীর পক্ষে নেতৃত্ব দেন মাসুদুর রহমান। তিনি নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অস্ত্র হাতে নিজেও যুদ্ধ করেন। এ যুদ্ধে তাঁর অসাধারণ রণকৌশল ও সাহসে মুক্তিযোদ্ধারা দারুণভাবে অনুপ্রাণিত হন। মাসুদুর রহমান ১৯৭১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধ যুদ্ধে। ৩০ মার্চ কালুরঘাটের যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দেন। এরপর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একাংশের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে থাকেন। বুড়িঘাট ও মহালছড়ির যুদ্ধে অংশ নেওয়ার পর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গেই ভারতে চলে যান। পরে যোগ দেন প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সে। মূর্তিতে প্রশিক্ষণ শেষে তাঁকে মুক্তিবাহিনীর ৬ নম্বর সেক্টরের ভজনপুর সাব-সেক্টরের একটি দলকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তিনি পরে জগদলহাট, ময়দানদীঘি, বক্সিগঞ্জ, বোদাসহ আরও কয়েক স্থানে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মাসুদুর রহমানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। স্বাধীনতার পর মাসুদুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীতেই থেকে যান। মেজর জেনারেল হিসেবে চাকরি থেকে অবসর নিয়েছেন। মাসুদুর রহমানের পৈতৃক বাড়ি ভোলা জেলার সদর উপজেলার উকিলপাড়ায়। সেখানে তিনি থাকেন না। বর্তমানে তিনি ঢাকার বারিধারা ডিওএইচএসে বসবাস করেন। তাঁর বাবার নাম আবদুল ওয়াজেদ, মা আনোয়ারা বেগম। স্ত্রী সীমা রহমান। তাঁদের দুই মেয়ে।মাসুদুর রহমান বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম দেশ থেকে শোষণ, বঞ্চনা ও অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। যদিও সেই স্বপ্নটা এখন বাস্তবে দেখি না। আশা করি, নতুন প্রজন্ম তেমন একটি দেশ গড়বে।’সূত্র: মাসুদুর রহমান বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন মুক্ত আসরের আবু সাঈদ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৬। ছবি দিয়াব মাহমুদ।গ্রন্থনা: তারা রহমান[email protected]