তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আলী নেওয়াজ, বীর প্রতীকযুদ্ধে সাহসিকতার পরিচয় দেন তিনিগভীর রাতে মুক্তিযোদ্ধাদের কয়েকটি দল একযোগে আক্রমণ চালাল দেওয়ানগঞ্জে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগীদের বিভিন্ন অবস্থানে। মুক্তিযোদ্ধাদের একটি দলে আছেন আলী নেওয়াজ। তাঁরা আক্রমণ করলেন চিনিকল, থানা, পাওয়ার হাউস, রেলস্টেশন, মাদ্রাসা ও পরিদর্শন বাংলোয়। মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণে চিনিকলে অবস্থানরত রাজাকার ও সশস্ত্র বিহারিরা কোনো প্রতিরোধ ছাড়াই পালিয়ে গেল। পাওয়ার হাউস ও রেলস্টেশনে অবস্থানরত রাজাকার ও সশস্ত্র বিহারিরা কিছুক্ষণ প্রতিরোধ চালাল। কয়েক মিনিটের মধ্যে এরাও পালিয়ে গেল। মাদ্রাসায় ছিল রাজাকার ক্যাম্প। মাদ্রাসা ও থানায় অবস্থানরত রাজাকার ও সশস্ত্র বিহারিরা জোর প্রতিরোধ গড়ে তুলল। তখন মুক্তিযোদ্ধারা তাঁদের আক্রমণের প্রচণ্ডতা বাড়িয়ে দিলেন। প্রচণ্ড আক্রমণে রাজাকাররা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ল। পাঁচজন রাজাকার মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করল। এতে প্রতিরোধ সৃষ্টিকারী বাকি রাজাকার ও সশস্ত্র বিহারীদের মনোবল ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা ছত্রভঙ্গ হয়ে রাতের অন্ধকারে যে যেদিকে পারল পালিয়ে গেল।বাহাদুরাবাদ রেলঘাটের পূর্বে দেওয়ানগঞ্জের অবস্থান। জামালপুর জেলার অন্তর্গত। এখানে তখন ছিল চিনিকল, রেলওয়ে ওয়ার্কশপ, পাওয়ার হাউস ও বেশ কিছু পাটগুদাম। ১৯৭১ সালে সেখানে পাকিস্তানি সেনারা স্থায়ীভাবে ছিল না। তারা দিনের বেলা ও রাতে বাহাদুরাবাদ বা জামালপুর থেকে এসে টহল দিয়ে চলে যেত। দেওয়ানগঞ্জে মোতায়েন ছিল এক কোম্পানি রাজাকার ও অস্ত্রসজ্জিত একদল বিহারি। ২ আগস্ট মুক্তিযোদ্ধারা দেওয়ানগঞ্জে আক্রমণ করেন। এ যুদ্ধে আলী নেওয়াজসহ কয়েকজন মুক্তিযোদ্ধা দুঃসাহসিকতার পরিচয় দেন। তাঁদের দুঃসাহসিকতায় পাকিস্তানি সহযোগীরা বেশির ভাগ কোনো প্রতিরোধ গড়ে তোলার আগেই পালিয়ে যায়।আলী নেওয়াজ চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে। কর্মরত ছিলেন তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ১৯৭১ সালে এ রেজিমেন্টের অবস্থান ছিল সৈয়দপুর সেনানিবাসে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধযুদ্ধে। এরপর তিনি ভারতে যান। পরে যুদ্ধ করেন বৃহত্তর সিলেট জেলার ছাতক, গোয়াইনঘাট, রাধানগর, সালুটিকর, গোবিন্দগঞ্জসহ আরও কয়েক স্থানে।গোয়াইনঘাটের যুদ্ধে আলী নেওয়াজ যথেষ্ট রণকৌশল ও বীরত্ব প্রদর্শন করেন। ২ বা ৩ ডিসেম্বর ভোর থেকে তাঁরা গোয়াইনঘাটে অবস্থানরত পাকিস্তানি সেনাদের ওপর একযোগে আক্রমণ শুরু করেন। পাকিস্তানি সেনাদের ধোঁকা দিয়ে কৌশলে তাঁরা সুরমা নদী অতিক্রম করে তাঁরা পাকিস্তানি সেনাদের বাংকার লক্ষ্য করে একের পর এক গ্রেনেড নিক্ষেপ করতে থাকেন। এতে পাকিস্তানি সেনারা চরমভাবে বিস্মিত হয়। কারণ, নদী অতিক্রম করে ঘাট এলাকা হয়ে পশ্চিম দিক থেকে মুক্তিযোদ্ধাদের আক্রমণ পরিচালনা ছিল পাকিস্তানি সেনাদের কাছে কল্পনাতীত ঘটনা। তারা এ ঘটনার জন্য প্রস্তুতই ছিল না। বিস্মিত পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের দেখে পালাতে শুরু করে। সকাল হওয়ার আগেই গোয়াইনঘাট মুক্ত হয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আলী নেওয়াজকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।আলী নেওয়াজের বাড়ি ফেনী জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। ১৯৯৮ সালে তিনি মারা গেছেন। সেনাবাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণের পর মৃত্যুর আগ পর্যন্ত পৈতৃক ভিটায় বাঁশের বেড়া দেওয়া একটি অতি পুরোনো টিনের ঘরে বসবাস করেছেন। গ্রামের পাকা সড়ক থেকে তাঁর বাড়ি তিন শ গজ দূরে। বাড়িতে যাওয়ার ভালো পথ নেই। একটি সরু আইলের ওপর দিয়ে যেতে হয় তাঁর বাড়িতে। তাঁর বাবার নাম ফেলু মিয়া, মা নূর খাতুন। স্ত্রী সাহেদা বেগম। তাঁদের এক ছেলে, তিন মেয়ে।আলী নেওয়াজের স্ত্রী সাহেদা বেগম জানালেন, বসতভিটা ছাড়া তাঁদের আর কোনো বিষয়-সম্পত্তি নেই। সামান্য যেটুকু জমি ছিল, তা তাঁর স্বামীর চিকিৎসার জন্য বিক্রি করতে হয়েছে। মাত্র সাড়ে চার শ টাকা পেনশন ছাড়া আর কোনো ভাতা বা সরকারি সাহায্য পান না তিনি।সূত্র: ফেনীতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহেরের পাঠানো তথ্য ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস।গ্রন্থনা: তারা রহমান[email protected]