১৭৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মকবুল আলী, বীর প্রতীককোদালকাঠির যুদ্ধে বীরত্ব প্রদর্শন করেনমকবুল আলী ১৯৯৯ সালে মারা গেছেন। ফেঞ্চুগঞ্জের কে এম টিলায় পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তাঁর দুই ছেলে, তিন মেয়ে। তাঁর স্ত্রী ও পাঁচ ছেলেমেয়ে সবাই এখন ইংল্যান্ডে প্রবাসী। কয়েক দিন আগে সেখান থেকে তাঁর ছোট ছেলে মাসুদুল আলম বেড়াতে এসেছেন গ্রামের বাড়িতে। তিনি বললেন, ‘শুধু এটুকুই জানি, বাবা একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছেন রৌমারী এলাকায়। এর বেশি আর কিছু জানি না। দেশের বাইরে বসবাস করলেও আমরা ভাইবোন সবাই একজন বীর প্রতীকের সন্তান হিসেবে গর্ববোধ করি।’ এলাকার মানুষও মকবুল আলীর বীর প্রতীক খেতাব পাওয়া, কোথায় যুদ্ধ করেছেন, তাঁর বীরত্বগাথা ইত্যাদি সম্পর্কে কিছু জানেন না। অল্প কয়জন শুধু জানেন তিনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।২০০৪ সালের বিজয় দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জের ‘চেতনা সাহিত্য সংসদ’ থেকে প্রকাশিত মুক্তি স্মরণিকায় মকবুল আলীর স্ত্রী শরিফুন নেছার একটি স্মৃতিচারণা আছে। তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় কোনো খোঁজ ছিল না তাঁর (মকবুল আলী)। কোথায় আছেন, কেমন আছেন—কেউ জানে না। কয়েক মাস পর অনেকে আমাকে বিধবার পোশাক পরতে পরামর্শ দেন। কিন্তু আমি একমাত্র সন্তানকে নিয়ে স্বামীর প্রতীক্ষায় থাকি। একপর্যায়ে বাবার বাড়ি চলে যাই। যুদ্ধের একদম শেষদিকে খোঁজ পাই তাঁর। ডিসেম্বরের শেষে একদিন তিনি বাড়িতে এলেন।’মকবুল আলী ইপিআরে (পরে বিডিআর এখন বিজিবি) চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন দিনাজপুর ইপিআর সেক্টর হেডকোয়ার্টারের ১০ নম্বর উইংয়ে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধ যুদ্ধে। রৌমারী এলাকার কোদালকাঠির যুদ্ধে অংশগ্রহণ করেন। এ যুদ্ধের বর্ণনায় তাঁর নাম পাওয়া যায়। রৌমারীর বেশির ভাগ এলাকা গোটা মুক্তিযুদ্ধের সময় মুক্তাঞ্চল ছিল। কোদালকাঠি কিছু সময় পাকিস্তানি সেনাবাহিনীর দখলে ছিল। ১৩ আগস্ট পাকিস্তান সেনাবাহিনী তাদের কোদালকাঠি অবস্থান থেকে অনেকগুলো গানবোট, লঞ্চ ও বার্জ নিয়ে রৌমারী দখল করার জন্য রাজীবপুরের দিকে অগ্রসর হয়। এ সময় মুক্তিবাহিনীর কয়েকটি দল পাকিস্তানি সেনাদের প্রতিরোধে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যুদ্ধ করে। মুক্তিবাহিনীর একটি দলের নেতৃত্বে ছিলেন মকবুল আলী। কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে যুদ্ধ চলে। এরপর পাকিস্তান সেনাবাহিনী পিছে হটে আবার কোদালকাঠিতে অবস্থান নেয়। ২১ সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনী আবার গানবোট, স্টিমার, লঞ্চ নিয়ে রাজিবপুরে এবং আশপাশের বিভিন্ন এলাকায় আক্রমণ করে। একটানা তিন দিন ধরে যুদ্ধ চলে। তিন দিনে পাকিস্তান সেনাবাহিনী পাঁচবার ঝটিকা আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে পাকিস্তানি আক্রমণ প্রতিহত করেন।এরপর মুক্তিবাহিনীই সেপ্টেম্বর মাসের শেষদিকে পাকিস্তানি সেনাবাহিনীর কোদালকার্িঠ অবস্থানে আক্রমণ করে। মূল আক্রমণে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের একটি দলের নেতৃত্বে ছিলেন মকবুল আলী। চূড়ান্ত আক্রমণের নির্ধারিত তারিখ ছিল ১ অক্টোবর রাতে। সেদিন রাত ১০টার মধ্যে মুক্তিযোদ্ধাদের সব দল কোদালকাঠির বিভিন্ন স্থানে প্রতিরক্ষা অবস্থান নেন। পরদিন ভোর থেকে শুরু হয় যুদ্ধ। পাকিস্তানিরা কয়েকবার মুক্তিযোদ্ধাদের ওপর ঝটিকা পাল্টা আক্রমণ চালায়। কিন্তু তারা মুক্তিযোদ্ধাদের হটিয়ে দিতে ব্যর্থ হয়। যুদ্ধে অনেক পাকিস্তানি সেনা মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়। ৪ অক্টোবর পাকিস্তানি অবস্থান থেকে আর কোনো গোলাগুলি হচ্ছিল না। এ ঘটনা মুক্তিযোদ্ধাদের চিন্তিত করে। এ সময় দুঃসাহসী মুক্তিযোদ্ধা মকবুল আলী তাঁর দলের (সেকশন) মুক্তিযোদ্ধাদের নিয়ে নদী অতিক্রম করে নিশ্চিত হন পাকিস্তানিরা কোদালকাঠি থেকে পালিয়ে গেছে। এরপর কোদালকাঠি মুক্ত হওয়ার খবর চারদিকে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মকবুল আলীকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। মকবুল আলীর বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজ ছত্তিশ গ্রামে। তার বাবার নাম মন্তাই আলী। মা জুবেদা খাতুন।সূত্র: সিলেটে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদীর পাঠানো প্রতিবেদন এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১১ ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস।গ্রন্থনা: তারা রহমান[email protected]