তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ সামসুল হক, বীর প্রতীকঅলক্ষ্যের বীর স্থির লক্ষ্যে অবিচলশহীদ সামসুল হকের ছোট ভাই শাহিন খান বললেন, ‘বড় ভাই দেশের জন্য জীবন দিয়েছেন। শহীদ মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে কেউ আমাদের খোঁজ বা মূল্যায়ন করেননি। তাঁর অবদানের কথা এবং নাম দেশের মানুষ দূরের কথা, এখানকারও কেউ জানেন না। আমার ভাইয়ের নামে স্থানীয় কোনো রাস্তার নামকরণ করা হলে অন্তত লোকজনের মুখে তাঁর নামটা বেঁচে থাকত। এ জন্য আমরা উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত আবেদনও করেছি, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি।’সামসুল হক ইপিআরে (পরে বিডিআর এখন বিজিবি) চাকরি করতেন। কর্মরত ছিলেন সিলেট ইপিআর হেডকোয়ার্টার্সের অধীনে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধে অংশ নেওয়ার পর যুদ্ধ করেন ২ নম্বর সেক্টরের গঙ্গাসাগর সাব-সেক্টর এলাকায়। কোন কোন যুদ্ধে অংশ নিয়েছেন, সে সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। লতুয়ামুড়া-চন্দ্রপুর যুদ্ধে তিনি শহীদ হন। এ তথ্য দিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল কাইউম।ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা রেলস্টেশনের পাঁচ কিলোমিটার উত্তরে চন্দ্রপুর। ১৮ নভেম্বর মিত্রবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল গঙ্গাসাগর সাব-সেক্টরের অধিনায়ক মেজর আইনউদ্দিনকে (বীর প্রতীক, পরে মেজর জেনারেল) বলেন, তাঁরা যৌথভাবে চন্দ্রপুর-লতুয়ামুড়ায় আক্রমণ করবেন। সেখানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত একটি ঘাঁটি। কিন্তু মিত্রবাহিনীর এই আক্রমণের পরিকল্পনা মুক্তিবাহিনীর গঙ্গাসাগর সাব-সেক্টরের অধিনায়কের মনঃপূত ছিল না। কারণ, চন্দ্রপুর গ্রামের সঙ্গেই লতুয়ামুড়া পাহাড়। পাহাড়ে আছে পাকিস্তানি সেনাদের সুরক্ষিত অবস্থান। চন্দ্রপুরে আক্রমণ করলে পাকিস্তানি সেনারা সহজেই মুক্তিযোদ্ধাদের ক্ষতি করতে পারবে। কিন্তু মিত্রবাহিনীর ব্রিগেডিয়ার তাঁর এ যুক্তি মানতে রাজি ছিলেন না। এই অবস্থায় আইনউদ্দিন তাঁকে অনুরোধ করেন, মুক্তিযোদ্ধা যতজন যাবেন, ততজন মিত্রবাহিনীর সেনাও আক্রমণে যাবেন। ব্রিগেডিয়ার এই অনুরোধ মেনে নেন। পরিকল্পনা অনুযায়ী ২২ নভেম্বর মিত্র ও মুক্তিবাহিনী যৌথভাবে পাকিস্তানি অবস্থানে আক্রমণ করে। মুক্তিবাহিনীর একটি দলে ছিলেন সামসুল হক। চন্দ্রপুরে সেদিন ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধে মিত্রবাহিনীর একজন মেজর (কোম্পানি কমান্ডার), তিনজন জুনিয়র কমিশন অফিসারসহ ৪৫ জন এবং মুক্তিবাহিনীর লেফটেন্যান্ট খন্দকার আবদুল আজিজসহ ২২-২৩ জন শহীদ হন। আহত হন ৩৫ জন। সারা রাত ধরে যুদ্ধে চলে। একপর্যায়ে পাকিস্তানি সেনারা সেখান থেকে পিছু হটে যায়। মুক্তি ও মিত্রবাহিনী চন্দ্রপুর দখল করে। কিন্তু বেশিক্ষণ এই অবস্থান তাঁদের পক্ষে ধরে রাখা সম্ভব হয়নি। কয়েক ঘণ্টা পর পাকিস্তানি সেনারা আবার প্রচণ্ড আক্রমণ চালিয়ে চন্দ্রপুর-লতুয়ামুড়া দখল করে নেয়। ২৩ নভেম্বর বিকেলে মুক্তিযোদ্ধাদের একটি দল আহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের লাশ উদ্ধারের জন্য চন্দ্রপুরে যান। কিন্তু তাঁদের কয়েকজন পাকিস্তানিদের আক্রমণে শহীদ হন। ওই দলের সদস্যরা মাত্র আটজনের লাশ উদ্ধারে সক্ষম হন। পাকিস্তানি সেনারা যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা আহত মুক্তিযোদ্ধাদের খুঁজে খুঁজে হত্যা করে।চন্দ্রপুরের যুদ্ধে মুক্তিযোদ্ধারা সাহসিকতা ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করেও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন। এ যুদ্ধের পর তাঁদের মনোবলে বড় রকমের চিড় ধরে। কারণ, এত মুক্তিযোদ্ধা একসঙ্গে ২ নম্বর সেক্টরের কোনো রণাঙ্গনে শহীদ হননি।মুক্তিযুদ্ধে, বিশেষত চন্দ্রপুর যুদ্ধে অসীম সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য সামসুল হককে মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।শহীদ সামসুল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাইদর ইউনিয়নের (ডাক চারগাছ) হাতুড়াবাড়ী গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন এবং সাত ভাই ও দুই বোনের মধ্যে সবার বড়। তাঁর বাবার নাম আবদুর রাজ্জাক, মা চন্দ্র বানু। শহীদ সামসুল হকের কোনো ছবি পাওয়া যায়নি। তাঁর ছোট ভাই শাহিন বললেন, মা বড় ভাইয়ের শহীদ হওয়ার খবর শুনে জ্ঞান হারান। বাড়িতে তাঁর একটা ছবি ছিল। সেই ছবি নিয়ে মা শুধু কাঁদতেন। পরে সেটি নষ্ট হয়ে গেছে।সূত্র: প্রথম আলোর কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি সোহরাব হোসেনের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, দশম খণ্ড ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: তারা রহমান[email protected]