তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল মালেক, বীর বিক্রমমাইন লাগিয়ে মংলায় জাহাজ ডোবান তিনি৮ অক্টোবর, ১৯৭১। ভরা বর্ষায় তখন নদী উছলে পড়ছে। রাতে নদীতে টহলরত পাকিস্তানি গানবোট এবং বন্দরের সার্চলাইটের তীব্র আলো চারদিক ঘুরে ঘুরে যাচ্ছে। এর মধ্যে নদীতে নেমে সাঁতরিয়ে এগিয়ে যাচ্ছেন একদল নৌকমান্ডো। ১৮ জনের মধ্যে একজন আবদুল মালেক। তাঁদের লক্ষ্য বন্দরে নোঙর করা জাহাজ। মৃত্যুভয় তাঁদের দৃঢ়তার কাছে হার মানে। সবাই অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে নির্দিষ্ট স্থানে পৌঁছে জাহাজের সামনে, মাঝে ও পেছনে লিমপেট মাইন লাগিয়ে অতি দ্রুত তীরে ফিরতে থাকেন। তাঁরা নির্দিষ্ট স্থানে ফেরার আগেই শুরু হলো বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে বেজে উঠল বন্দরের সাইরেন। পাকিস্তানি সেনারাও শুরু করল গোলাগুলি। মাইনের বিস্ফোরণ, সাইরেন ও গোলাগুলির শব্দে গোটা বন্দর এলাকা প্রকম্পিত হয়ে উঠল।এ ঘটনা মংলা বন্দরে। সেদিন নৌকমান্ডোরা মংলা বন্দরের পশুর নদীতে নোঙর করা কয়েকটি জাহাজ লিমপেট মাইনের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে ডুবিয়ে দেন। এ জন্য নৌকমান্ডোরা ভারত থেকে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মংলা বন্দর এলাকায় আসেন। তাঁরা ক্যাম্প স্থাপন করেন কৈলাশগঞ্জে। সেখান থেকে মংলা বন্দরে পৌঁছানো সহজ ছিল। অপারেশনের আগে তাঁরা বন্দরে রেকি করেন। নির্দিষ্ট দিন সন্ধ্যার আগেই রাতের খাবার খেয়ে নৌকমান্ডোরা স্থল মুক্তিযোদ্ধাদের সঙ্গে মংলা বন্দরের উদ্দেশে রওনা দেন। ঘুটঘুটে অন্ধকার রাত। কোনো অবস্থায় আলো জ্বালানো যাবে না। নৌকার মাঝিরা স্থানীয় হওয়ায় তাঁদের রাস্তা চিনতে অসুবিধা হয় না। অল্প সময়ের মধ্যে তাঁরা পৌঁছে যান নির্দিষ্ট স্থানে। নদীতে নামার আগে নৌকার মধ্যেই তাঁরা সব প্রস্তুতি নেন। নদীতে নেমে তাঁরা এগিয়ে যান জাহাজের দিকে আর সঙ্গে থাকা স্থলযোদ্ধারা নদীর পারে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে তাঁদের জন্য অপেক্ষা করতে থাকেন। কমান্ডোরা ছয় ভাগে বিভক্ত হয়ে ছয়টি জাহাজের দিকে যান। সব দলই সফলতার সঙ্গে জাহাজে লিমপেট মাইন লাগান।আবদুল মালেক পাকিস্তান নৌবাহিনীতে চাকরি করতেন। ছুটিতে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। ভারতে যাওয়ার পর তাঁকে অন্তর্ভুক্ত করা হয় মুক্তিবাহিনীর নৌকমান্ডো দলে। তিনি যেসব জায়গায় অপারেশন ও যুদ্ধ করেছেন তার মধ্যে আশুগঞ্জ ফেরিঘাট অপারেশন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাতাকান্দি বাজার, ঢাকার যাত্রাবাড়ীর যুদ্ধ উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি পূর্ব পাকিস্তান নৌপরিবহন সংস্থার ঢাকার কার্যালয় থেকে প্রয়োজনীয় নৌ-ম্যাপ ও অন্যান্য কাগজপত্র সংগ্রহ করেন। এগুলো নৌকমান্ডোদের অপারেশনে যথেষ্ট কাজে লাগে।মুক্তিযুদ্ধে নৌ-অপারেশনে সফল ও সাহসী ভূমিকা রাখায় আবদুল মালেককে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে।আবদুল মালেকের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার পৌর এলাকার ছায়কোট গ্রামে। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ নৌবাহিনী থেকে অবসর নেন। ১৯৯৫ সাল থেকে ছেলে ও স্ত্রীসহ তিনি যুক্তরাষ্ট্রে প্রবাসী। তাঁর বাবার নাম সৈয়দ আহমদ, মা সৈয়দা কুলসুম বিবি। স্ত্রী আনোয়ারা বেগম। তাঁর এক ছেলে, এক মেয়ে।আবদুল মালেক বলেন, ‘মংলা বন্দরে অপারেশনের পর পুরো বন্দর এলাকা কেঁপে ওঠে। পাকিস্তানি সেনাদের নিক্ষিপ্ত গোলা আমাদের আশপাশে পড়তে থাকে। একসময় মনে হচ্ছিল, আমরা কেউ বাঁচব না। শেষ পর্যন্ত আমরা সবাই নিরাপদে ক্যাম্পে ফিরতে সক্ষম হই। কোনো কিছু পাওয়ার আশায় আমি মুক্তিযুদ্ধ করিনি। দেশকে শত্রুমুক্ত করাই ছিল আমার মূল লক্ষ্য। শুনেছি, সরকার মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা দিচ্ছে। এ পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি কোনো সুযোগ-সুবিধা নিইনি, দিলে গ্রহণ করব।’সূত্র: আবদুল মালেক বীর বিক্রমের সাক্ষাৎকার; টেলিফোনে নিয়েছেন প্রথম আলোর দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি এ বি এম আতিকুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১০।গ্রন্থনা: তারা রহমান[email protected]