১৮৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।সিরাজুল মওলা, বীর উত্তমমহাবিপদেও মনোবল হারাননি তিনিভারতের হলদিয়া নৌবন্দর থেকে যাত্রা শুরু করল মুক্তিবাহিনীর দুটি জাহাজ ‘পদ্মা’ ও ‘পলাশ’। পলাশ জাহাজে আছেন সিরাজুল মওলা। তিনি জাহাজের সামনের কামানের ক্রুম্যান। তাঁদের লক্ষ্য, খুলনায় পাকিস্তানি নৌঘাঁটি দখল করা। মুক্তিবাহিনীর দুটি জাহাজের সঙ্গে আছে মিত্রবাহিনীরও একটি জাহাজ। খুলনার রূপসা নদীতে শিপইয়ার্ডের কাছাকাছি আসামাত্র ঘটল এক আকস্মিক বিপর্যয়। এ সময় আকাশে গোচরীভূত হলো মিত্রবাহিনীর তিনটি জঙ্গি বিমান। চক্কর দিয়ে চলে গেল সাগরের দিকে। তারপর আবার এগিয়ে এল জাহাজগুলো লক্ষ্য করে। হঠাৎ বোমা বর্ষণ করল পদ্মা ও পলাশে। প্রথম ধাক্কায়ই বিধ্বস্ত হলো পদ্মা। পলাশের ইঞ্জিনরুমে জ্বলছে দাউ দাউ আগুন। একটু পর পলাশও ডুবতে থাকল। ডেকে শহীদ নৌমুক্তিযোদ্ধাদের লাশ পড়ে আছে। আহতরা কাতরাচ্ছেন মৃত্যুযন্ত্রণায়। গুরুতর আহত সিরাজুল মওলা অনেক কষ্টে উঠে পানিতে ঝাঁপ দিলেন। এ ঘটনা ১৯৭১ সালের ১০ ডিসেম্বরের। জাহাজ দুটি ভারত থেকে রওনা হয় ৭ ডিসেম্বর। সেদিন দুপুরে পৌঁছে খুলনা শিপইয়ার্ডের কাছে। মিত্রবাহিনীর বিমান শত্রু পাকিস্তানিদের জাহাজ ভেবে ভুল করে তাতে বোমাবর্ষণ করে। ফলে দুটি জাহাজেরই সলিল সমাধি হয়। এতে অনেক নৌমুক্তিযোদ্ধা শহীদ ও গুরুতর আহত হন। গুরুতর আহত রুহুল আমিন (বীরশ্রেষ্ঠ), সিরাজুল মওলা, আফজাল মিয়া (বীর উত্তম), মো. দৌলত হোসেন (বীর বিক্রম)সহ আরও কয়েকজন সাঁতরে নদী তীরে যান। সেখানে তাঁদের জন্য অপেক্ষা করছিল আরেক বিপদ। নদীতীরের বিভিন্ন স্থানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী রাজাকার। এক স্থানে নিরস্ত্র রুহুল আমিনকে রাজাকাররা ধরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। সিরাজুল মওলা নদীতীরের যে স্থানে পৌঁছাতে সক্ষম হন, সেখানে তিনি দেখতে পান তাঁর সহযোদ্ধা মো. দৌলত হোসেনকে। মারাত্মক আহত দৌলত হোসেন নদীতীরে পড়ে আছেন। দৌলত তাঁকে বলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভবা। সন্তানের মুখটা দেখা হলো না।’ মওলা চেষ্টা করলেন দৌলত হোসেনকে সঙ্গে নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার। কিন্তু পারলেন না। মওলা অতিকষ্টে ক্রলিং করে আর একটু সামনে যান। ওখানে গিয়ে দেখা পান তাঁর আরেক সহযোদ্ধা ইসহাককে। তিনি তেমন আহত নন। ইসহাক তাঁকে নিয়ে গেলেন আর একটু দূরে। এ সময় দুই রাজাকার তাঁদের ধরতে আসে। সংকটময় ওই মুহূর্তে তাঁরা মনোবল হারালেন না। দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন রাজাকার দুজনকে প্রতিরোধ করবেন। ইসহাক এক রাজাকারের রাইফেল চেপে ধরেন। মওলা ওই রাজাকারের গালে চড় মারেন। তখন দুই রাজাকার অস্ত্র ফেলে সরে যায়। রাইফেল হাতে পেয়ে তাঁরা মনে শক্তি পেলেন। কয়েক রাউন্ড গুলি করা মাত্র রাজাকাররা পালিয়ে গেল। এ সুযোগে তাঁরা দুজন উঠে পড়েন এক নৌকায়। মাঝি তাঁদের নিয়ে যান মিত্রবাহিনীর গানবোটে। পরে তাঁর চিকিৎসা হয় ব্যারাকপুর হাসপাতালে। সিরাজুল মওলা চাকরি করতেন পাকিস্তান নৌবাহিনীতে। ১৯৭১ সালে কর্মরত ছিলেন চট্টগ্রাম নৌঘাঁটিতে। ছুটিতে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। মুক্তিবাহিনীর নৌ উইংয়ে যোগ দেওয়ার আগে মর্টার প্লাটুনের সদস্য হিসেবে স্থলযুদ্ধে অংশ নেন। যুদ্ধ করেন ২ নম্বর সেক্টরের শালদা নদী, মন্দভাগ, চৌদ্দগ্রাম, মুন্সিরহাটসহ আরও কয়েক স্থানে। এসব যুদ্ধে তাঁর নিখুঁত গোলাবর্ষণে পাকিস্তান সেনাবাহিনীর অনেক ক্ষয়ক্ষতি হয়। অক্টোবরে মুক্তিবাহিনীর নৌ উইং গঠিত হলে পলাশ গানবোটে তাঁকে গান ক্রুম্যান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এরপর কয়েকটি নৌ অপারেশনে তিনি অংশ নেন। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য সিরাজুল মওলাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছে। সিরাজুল মওলার পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নাওপুরা (হাজিবাড়ি) গ্রামে। সেখানে তিনি এখন থাকেন না। বর্তমানে বসবাস করেন চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন ফিরোজশাহ কলোনিতে। তাঁর বাবার নাম ছিদ্দিকুর রহমান, মা জেবুন্নেছা। স্ত্রী নাজমা আক্তার। তাঁদের এক মেয়ে চার ছেলে। সিরাজুল মওলা বলেন, ‘আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশ ও জনগণের উত্তরোত্তর উন্নতি ও মঙ্গল কামনা করি।’ সূত্র: সিরাজুল মওলা বীর উত্তম এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, ব্রিগেডভিত্তিক ইতিহাস। গ্রন্থনা: তারা রহমান [email protected]