তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৫স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ আবদুস সালাম, বীর বিক্রমলড়তে লড়তে জীবন দিলেন তিনিকয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টি। এর মধ্যেই পাকিস্তানি সেনারা অবস্থান নিল সালদা নদী ও শশীদল রেলস্টেশনের পশ্চিম পাশে। কাছাকাছি এক স্থানে অবস্থান করছিল মুক্তিবাহিনীর একটি দল। এই দলের নেতৃত্বে আবদুস সালাম। খবর পেয়ে মুক্তিযোদ্ধারা দ্রুত এগিয়ে গেলেন শশীদল রেলস্টেশনের দিকে। পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের উপস্থিতি টের পেয়েই শুরু করল গোলাগুলি। আবদুস সালামের নেতৃত্বে মুক্তিযোদ্ধারাও সাহসিকতার সঙ্গে শুরু করলেন পাল্টা আক্রমণ। চলতে থাকল তুমুল যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের রণকৌশলে পাকিস্তানিরা পিছু হটল। পাকিস্তানি অবস্থানের দিক থেকে গোলাগুলি বন্ধ হয়ে গেল। আবদুস সালাম ধারণা করলেন, পাকিস্তানিরা হয়তো পালিয়ে গেছে। কিন্তু নিশ্চিত নন। আরও কিছুক্ষণ অপেক্ষা করলেন। ওদিকে কোনো সাড়াশব্দ নেই। ভাবলেন, তা হলে দেখা দরকার। তারপর যেই তিনিসহ কয়েকজন উঠে দাঁড়িয়েছেন, অমনি প্রচণ্ড গুলি ও মর্টারের গোলাবর্ষণ। আড়াল নেওয়ার সুযোগ পেলেন না আবদুস সালাম ও তাঁর কয়েকজন সহযোদ্ধা। একঝাঁক গুলি এসে লাগল তাঁর শরীরে। মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। সঙ্গে সঙ্গে নিভে গেল জীবনপ্রদীপ। শহীদ হলেন সাহসী আবদুস সালাম।এ ঘটনা ১৯৭১ সালের ৫ আগস্টের। সালদা নদী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অন্তর্গত। সীমান্তবর্তী এলাকা। মুক্তিযুদ্ধের সময় সালদা নদী এলাকা ছিল গুরুত্বপূর্ণ এক রণাঙ্গন। এখানে অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়। পাকিস্তানি সেনারা কয়েক দিন পর পর এই এলাকায় এসে অবস্থান নিত। মুক্তিবাহিনী তাদের আক্রমণ করে হটিয়ে দিত। এরই ধারাবাহিকতায় সেদিন আবদুস সালাম তাঁর দল নিয়ে পাকিস্তানিদের আক্রমণ করেন।আবদুস সালাম পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টে। ফেব্রুয়ারি মাস থেকে দুই মাসের ছুটিতে ছিলেন। ছুটি শেষ হওয়ার আগেই মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রথমে নিজ এলাকায় প্রতিরোধযুদ্ধে অংশ নেন। পরে ভারতে গিয়ে চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যোগ দেন। যুদ্ধ করেন ২ নম্বর সেক্টরের সালদা নদী এলাকায়। শহীদ হওয়ার আগে বেশ কটি যুদ্ধে অংশ নেন। কসবার কৈখোলার যুদ্ধে আবদুস সালাম অসীম সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। কৈখোলায় ছিল মুক্তিবাহিনীর একটি প্রতিরক্ষা অবস্থান। ১৮ জুন বিপুলসংখ্যক পাকিস্তানি সেনার একটি দল ওই প্রতিরক্ষা অবস্থানে আক্রমণ করে। প্রচণ্ড আক্রমণে মুক্তিযোদ্ধারা সেখান থেকে পিছু হটে যেতে বাধ্য হন। পাকিস্তানিরা কৈখোলা দখল করে সেখানে অবস্থান নেয়। পরদিন ভোররাতেই নিয়মিত মুক্তিবাহিনীর একটি কোম্পানি (চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্ট) পাকিস্তানিদের পাল্টা আক্রমণ করে। আবদুস সালাম তাঁর দলের মুক্তিযোদ্ধাদের নিয়ে শিবপুরের দিক দিয়ে পাকিস্তানি অবস্থানের একদম ভেতরে ঢুকে পড়েন। এতে পাকিস্তানিরা হতভম্ব হয়ে পড়ে। তাঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ঝোড়োগতিতে পাকিস্তানি অবস্থানে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি করেন। তাঁদের দুঃসাহসী এ আক্রমণে বিশৃঙ্খল পাকিস্তানিরা সেখান থেকে পালিয়ে যায়। এই যুদ্ধে ৩১ জন পাকিস্তানি সেনা হতাহত ও বিপুল অস্ত্রশস্ত্র মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়। মুক্তিযুদ্ধে অসীম সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ আবদুস সালামকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে। শহীদ আবদুস সালামের বাড়ি ফেনীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্য কাছাড় গ্রামে। মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স ছিল ৩৪ বছর। বিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম দারগ আলী মিস্ত্রি। মা ফাতেমা বেগম। স্ত্রী নূরজাহান বেগম। তাঁর এক ছেলে ও দুই মেয়ে। পরিবারের কাছে শহীদ আবদুস সালামের ছবি নেই। এলাকাবাসী তাঁকে স্মরণে রাখতে মোহাম্মদ আলী বাজারের পাশের সড়কের নাম রেখেছেন শহীদ আবদুস সালাম বীর বিক্রম সড়ক। সূত্র: ফেনীতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহেরের পাঠানো তথ্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দ্বিতীয় খণ্ড, বাংলাদেশ সেনাবাহিনী, সেনা সদর, শিক্ষা পরিদপ্তর। গ্রন্থনা: তারা রহমানtৎৎ[email protected]