১৮৬স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।খোরশেদ আলম, বীর প্রতীকচরম বিপদেও মনোবল হারাননিঅন্ধকার রাত। ভারতের ডাউকি থেকে রওনা হলেন একদল মুক্তিযোদ্ধা। তাঁদের নেতৃত্বে খোরশেদ আলম। সীমান্ত অতিক্রম করে এগিয়ে যেতে থাকলেন। তাঁদের লক্ষ্য গোয়াইনঘাটের একটি সেতু। সেখানে পাহারায় আছে পাকিস্তানি সেনা ও রাজাকাররা। তাদের আক্রমণ করে তাড়িয়ে দিতে হবে। তারপর সেতু ধ্বংস করতে হবে। বিপজ্জনক ও চরম ঝুঁকিপূর্ণ এক অপারেশন। কিন্তু মুক্তিযোদ্ধারা বিশেষত খোরশেদ আলম পিছপা হননি। মধ্যরাতের আগেই তাঁরা নিঃশব্দে পৌঁছে গেলেন লক্ষ্যস্থলে। একযোগে শুরু করলেন আক্রমণ। পাকিস্তানি সেনা ও রাজাকাররা আক্রমণ প্রতিরোধের চেষ্টা করল। মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড ও সাঁড়াশি আক্রমণে ভীতসন্ত্রস্ত রাজাকাররা আগেই পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে পাকিস্তানিরাও পালিয়ে গেল। মুক্তিযোদ্ধারা দ্রুত সেতুতে মাইন লাগানোর কাজ শুরু করলেন। মাইন লাগিয়ে অবস্থান নিলেন নিরাপদ দূরত্বে। কিছুক্ষণের মধ্যেই চারদিক প্রকম্পিত করে বিকট শব্দে বিস্ফোরিত হলো মাইন। ধ্বংস হয়ে গেল সেতু। সফল অপারেশন। এরপর তাঁরা ফিরে চললেন সীমান্তের ওপারে, নিজেদের ঘাঁটির দিকে।গোয়াইনঘাট সিলেট জেলার অন্তর্গত। সীমান্তবর্তী থানা। গোয়াইনঘাটের ওপর দিয়েই সিলেট-তামাবিল-ডাউকি-শিলংয়ের যোগাযোগ। এ জন্য ১৯৭১ সালে গোয়াইনঘাট ছিল গুরুত্বপূর্ণ এলাকা। সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর নির্বিঘ্ন চলাচল ব্যাহত করার জন্য মুক্তিবাহিনী এই সেতু ধ্বংস করে। ওই সেতু ধ্বংসের কয়েক দিন আগে ভারতের একজন ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা মুক্তিবাহিনীর ডাউকি ক্যাম্পে এসে বলেন, ‘এ অপারেশনে আপনারা কে যাবেন।’ তিনি এ কথা বলার পর কেটে গেল কয়েক মিনিট। মুক্তিযোদ্ধাদের দলনেতারা সব চুপ। শেষে হাত তোলেন সাহসী খোরশেদ আলম। এরপর তাঁকেই এ অপারেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। খোরশেদ আলম চাকরি করতেন ইপিআরে (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি)। ১৯৭১ সালে কর্মরত ছিলেন সিলেট ইপিআর হেডকোয়ার্টারের ১২ নম্বর উইংয়ের অধীনে সীমান্ত এলাকায়। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধযুদ্ধে। এপ্রিলের শেষে সিলেট শহর এলাকার শিবপুরে একটি প্রতিরক্ষা অবস্থানে থাকার সময় পাকিস্তানি সেনাদের বিরাট এক দল তাঁদের আক্রমণ করে। তখন সেখানে ভয়াবহ যুদ্ধ হয়। এ যুদ্ধে খোরশেদ আলমের দলের ১৩ জন ছাড়া সবাই শহীদ হন। চরম এই বিপর্যয়েও তিনি মনোবল হারাননি। যুদ্ধের শেষ দিকে পাকিস্তানি সেনারা তাঁদের উদ্দেশ করে বলতে থাকে, ‘স্যারেন্ডার করো। তোমাদের ক্ষতি হবে না। প্রমোশন দেওয়া হবে।’ কিন্তু সে প্রলোভনে পা দেননি তিনি। হাওরের ভেতর দিয়ে পালিয়ে যান। এরপর ভারতে আশ্রয় নেন। ভারতে পুনর্গঠিত হওয়ার পর ৫ নম্বর সেক্টরের ডাউকি সাবসেক্টর এলাকায় যুদ্ধ করেন। ছাতকে যুদ্ধে অসম সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। ৭ ডিসেম্বর ছাতক যুদ্ধ হয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য খোরশেদ আলমকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে।খোরশেদ আলমের পৈতৃক বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার চান্দেরচর গ্রামে। সেখানে তিনি থাকেন না। বসবাস করেন খুলনা মহানগরের ফুলবাড়ি গেট এলাকায় জীর্ণ এক বাড়িতে। তাঁর বাবার নাম এয়াকুব শরীফ। মা ছটু বেগম। স্ত্রী কোহিনুর বেগম। তাঁদের এক ছেলে, এক মেয়ে।খোরশেদ আলম (৭৮) বলেন, ‘সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাকে প্রতিদিন ওষুধ কিনে খেতে হয়। এর জন্য যে টাকার প্রয়োজন হয় তা সব সময় জোগাড় হয় না। সরকার মুক্তিযোদ্ধাদের আর একটু দেখুক।’সূত্র: খোরশেদ আলম বীর প্রতীকের সাক্ষাৎকার; নিয়েছেন প্রথম আলোর খুলনা অফিসের কাজী আবদুল্লাহ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৫।গ্রন্থনা: তারা রহমান[email protected]