১৮৮স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আরব আলী, বীর বিক্রমঅমিত সাহসী এক মুক্তিযোদ্ধাআরব আলীসহ তাঁর অধিনায়ক খবর পেলেন একদল পাকিস্তানি সেনা কাশিপুরে আসছে। কাশিপুর তাঁদের আওতার মধ্যে। অধিনায়ক বললেন পাকিস্তানি সেনাদের অ্যামবুশ করতে। মুক্তিযোদ্ধারা তৈরিই ছিলেন। তাঁরা বেশির ভাগ ইপিআরের (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি)। কয়েকটি দলে বিভক্ত। একটি দলের নেতৃত্বে আরব আলী। সীমান্তসংলগ্ন ক্যাম্প থেকে তাঁরা দ্রুত রওনা হলেন কাশিপুরে। সেখানে আছে একটি সেতু। আরব আলী তাঁর দল নিয়ে অবস্থান নিলেন ওই সেতুর পশ্চিম প্রান্তে। একটু পর সেতুর পূর্ব প্রান্তে হাজির হলো একদল পাকিস্তানি সেনা। তারা সেতু অতিক্রম করে নিশ্চিন্তে হেঁটে যেতে থাকে পশ্চিম দিকে। কল্পনাও করেনি মুক্তিযোদ্ধাদের উপস্থিতি। গুলির আওতায় আসামাত্র গর্জে উঠল আরব আলীর দলের সবার অস্ত্র। নিমেষে হতাহত হলো বেশ কজন পাকিস্তানি সেনা। আকস্মিক আক্রমণে হকচকিত ও ভীতসন্ত্রস্ত পাকিস্তানিরা যে যেভাবে পারল, পজিশন নিয়ে শুরু করল পাল্টা আক্রমণ। যুদ্ধ চলল অনেকক্ষণ। তারপর রণে ভঙ্গ দিয়ে পাকিস্তানিরা পালিয়ে গেল। যারা পালাতে পারল না, তারা আশপাশের বিভিন্ন স্থানে আত্মগোপন করল।কাশিপুর যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের অন্তর্গত। ১৯৭১ সালের ২৭ বা ২৮ জুনের ঘটনা। শতাধিক পাকিস্তানি সেনা লরি ও জিপ গাড়ি করে সেখানে টহলে আসে। সেতুর পূর্ব প্রান্তে দূরে এক স্থানে গাড়ি রেখে হেঁটে সেতু অতিক্রম করে তারা ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকে। আরব আলীরা যেখানে অ্যামবুশ করেছিলেন, সেখান দিয়ে যাচ্ছিল একদল পাকিস্তানি সেনা। সেনাদের দল তাঁদের অ্যামবুশের ভেতর আসা মাত্র গুলি শুরু করেন। এতে নিহত হয় চার-পাঁচজন। যুদ্ধের পর তাঁরা আত্মগোপন করা পাকিস্তানিদের খুঁজতে বের হন। আরব আলী ও তাঁর সহযোদ্ধা মোস্তফা কামাল (বীর প্রতীক) একটি পাটখেতের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন, এক স্থানে গাছের নিচে ছয়জন পাকিস্তানি সেনা। সেনারা তাঁদের উপস্থিতি টের পায়নি। সঙ্গে সঙ্গে গর্জে ওঠে তাঁর ও সহযোদ্ধার অস্ত্র। নিহত হলো তিন পাকিস্তানি সেনা। তিনজন পালিয়ে গেল। আরব আলীরা তাদের খুঁজতে থাকেন। সেখানে কাছেই ছিল একটি পাকা বাড়ি। চারদিকে অনেক উঁচু দেয়াল। আরব আলী ও মোস্তফা কামালের সন্দেহ হলো, পাকিস্তানিরা ওই বাড়িতে লুকিয়ে থাকতে পারে। একটু পর ওই বাড়ির ভেতর হইচই। কিন্তু তাঁরা দেয়াল টপকাতে পারছিলেন না। তখন আরব আলী উপুড় হয়ে বসলেন আর মোস্তফা কামাল তাঁর পিঠের ওপর উঠে দেখেন ভেতরে পাকিস্তানি সেনা। তারা ওই বাড়িতে থাকা কয়েকজনকে জিম্মি করেছে। পরে তাঁরা ওই পাকিস্তানি সেনাদের গুলি করেন। এর মধ্যে একজন ছিল লেফটেন্যান্ট। তার গায়ে গুলি লাগেনি। সে মরার মতো ভান করে পড়ে ছিল। আরব আলীর সহযোদ্ধা মোস্তফা কামাল তার কাছে যাওয়ামাত্র সে তাঁকে জাপটে ধরে। শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি। এ সময় আরব আলী ছিলেন বাইরে। একটু পর তিনি গিয়ে দেখতে পান দুজনের হাতাহাতি। তিনি গুলিও করতে পারছেন না। কারণ, তাতে সহযোদ্ধার গায়ে গুলি লাগতে পারে। শেষ পর্যন্ত অবশ্য ওই পাকিস্তানি লেফটেন্যান্টকে তিনি গুলি করতে সক্ষম হন। সেদিন মুক্তিযোদ্ধাদের হাতে অসংখ্য পাকিস্তানি সেনা নিহত হয়।আরব আলী ১৯৭১ সালে যশোর ইপিআর সেক্টর হেডকোয়ার্টারের অধীনে সীমান্ত বিওপিতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। তিনি প্রতিরোধ যুদ্ধে আহত হন। ভারতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যুদ্ধ করেন ৮ নম্বর সেক্টরের বয়রা সাব-সেক্টর এলাকায়। গোয়ালহাটি, ছুটিপুর, বর্নি, গঙ্গাধরপুরসহ আরও কয়েক স্থানে সাহস ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আরব আলীকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে।আরব আলীর পৈতৃক বাড়ি সিলেট জেলার লতিফপুর গ্রামে। এ গ্রামে এখন তাঁর ভিটেমাটি নেই। ১৯৯৫ সালে তিনি মারা যান। তাঁর স্ত্রী ছোট ছেলেকে নিয়ে বাবার বাড়িতে (আরব আলীর শ্বশুরবাড়ি) থাকেন। বড় ছেলে চাকরি করেন। আরব আলীর বাবার নাম মাহমুদ আলী, মা হারিছা বিবি। স্ত্রী বদরুননেছা। তাঁদের দুই ছেলে।সূত্র: সিলেটে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদীর পাঠানো প্রতিবেদন এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]