তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।বাদশা মিয়া, বীর প্রতীকঅলক্ষ্যের এক বীর মুক্তিযোদ্ধাবাদশা মিয়া চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্টে। মুক্তিযুদ্ধের আগে বিয়ে করেন। কিছুদিন পর শুরু হয় মুক্তিযুদ্ধ। ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। স্বাধীনতার পর ১০ ইস্টবেঙ্গল রেজিমেন্টকে রাজশাহী এলাকায় চরমপন্থী দমন অভিযানে পাঠানো হয়। বাগমারায় চরমপন্থীদের সঙ্গে এক যুদ্ধে বাদশা মিয়া গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ১৯৭২ সালের ১৩ আগস্ট স্ত্রী জাহানারা বেগমকে রেখে তিনি মারা যান। তাঁকে সমাহিত করা হয় গ্রামের পারিবারিক কবরস্থানে। তাঁর কোনো ছেলেমেয়ে ছিল না। পরে জাহানারা বেগমের বিয়ে হয় বাদশা মিয়ার ছোট ভাই সিরাজ মিয়ার সঙ্গে। বাদশা মিয়ার মা-বাবাই এ বিয়ে দেন। জাহানারা বেগম বললেন, ‘বিয়ের পরই আমার স্বামী যুদ্ধে গেল। তখন ওনার কোনো ক্ষতি হয়নি। স্বাধীনের পর নকশালদের সঙ্গে যুদ্ধে উনি আহত হয়ে মারা গেলেন। বুকে অনেক আগুন নিয়ে বেঁচে আছি। এলাকার মানুষ খেতাব পাওয়ার কথা দূরের কথা, তাঁর নামই জানে না। মনে রাখেনি তাঁর নাম—সব মুছে গেছে। ওনার নামে যদি লক্ষ্মীপুরে কিছু করা হতো, তাহলে তাঁর আত্মা শান্তি পেত, আমিও শান্তি পেতাম।’বাদশা মিয়া প্রতিরোধযুদ্ধ শেষে যুদ্ধ করেন ২ নম্বর সেক্টরের গঙ্গাসাগর সাব-সেক্টরে। পরে নিয়মিত মুক্তিবাহিনীর পুনর্গঠিত ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়। তখন ফেনীর বিলোনিয়া, সলিয়ারদীঘি, পরশুরামসহ আরও কয়েকটি স্থানে তিনি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন।পরশুরাম বিলোনিয়া সীমান্তের কাছাকাছি। জেলা সদর থেকে মির্জানগর রেলপথের পূর্ব পাশে পরশুরাম। ১৯৭১ সালে এখানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত একটি ঘাঁটি। নভেম্বর মাসের প্রথম দিকে নিয়মিত মুক্তিবাহিনীর ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিলোনিয়া ও পরশুরামে আক্রমণ করে। কয়েক দিন ধরে এখানে যুদ্ধ চলে। বাদশা মিয়া এ যুদ্ধে যথেষ্ট সাহস ও বীরত্ব দেখান। মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে পরশুরাম থেকে পালিয়ে যাওয়ার সময় বেশির ভাগ পাকিস্তানি সেনা মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়। ৯-১০ নভেম্বর পরশুরাম মুক্তিবাহিনীর দখলে চলে আসে। যুদ্ধ শেষে পাকিস্তানিদের পরিত্যক্ত ঘাঁটিতে গিয়ে দেখা যায়, চারদিকে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে অসংখ্য লাশ। ধানখেত, বাংকার, খালের পানি—কোথাও খালি নেই। যারা আহত হয়ে পালাতে চেয়েছিল, তারা অসমর্থতার জন্য পালাতে পারেনি। অসহায়ভাবে কাতরাচ্ছে বাঁচার আশায়। মুক্তিযোদ্ধারা তাদের বাঁচানোর চেষ্টা করে। কিন্তু বেশির ভাগই পরে মারা যায়। তিন-চারজন বেঁচে থাকে। অক্ষত অবস্থায় কয়েকজনকে মুক্তিযোদ্ধারা বন্দী করেন। এ যুদ্ধের পর ফেনী এলাকায় অবস্থানরত পাকিস্তানি সেনাদের মনোবল একেবারে ভেঙে পড়ে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য বাদশা মিয়াকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুসারে তাঁর সনদ নম্বর ১৫৭। বাদশা মিয়ার পৈতৃক বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার আলাদাদপুর গ্রামে। তাঁর বাবার নাম মফিজ উদ্দীন, মা আক্তারুননেছা। চার ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।বাদশা মিয়ার ভাই সিরাজ মিয়া বললেন, ‘মা বাবা বড় ভাইয়ের বিধবা স্ত্রীর সাথে আমার বিয়ে দিয়েছেন। আমাদের তিন মেয়ে। ছেলে নেই। ১৯৭৩ সালে সরকার বাবা মাকে নগদ পাঁচ হাজার টাকা সাহায্য দেয়। আর কোনো সাহায্য দেয়নি। আমি খেতখামারে কাজ করি। অর্থের অভাবে একমাত্র থাকার ঘর মেরামত করতে পারছি না।’বাদশা মিয়ার কোনো ছবি পাওয়া যায়নি। সিরাজ মিয়া জানালেন, একটা ছবি ছিল। সেই ছবি নষ্ট হয়ে গেছে।সূত্র: প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এম জে আলমের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২ ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস।গ্রন্থনা: তারা রহমান[email protected]