তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুর রহমান, বীর প্রতীকচরম বিপদেও সাহস হারাননিখুব ভোরে শীতের কুয়াশা ভেদ করে এগিয়ে চলেছেন আবদুর রহমানসহ একদল মুক্তিযোদ্ধা। তাঁরা সীমান্ত অতিক্রম করে ফাঁদ (অ্যামবুশ) পাতলেন হিজলীতে। সকাল হলেই পাকিস্তানি সেনারা টহলে আসবে। তখন তাঁরা অতর্কিতে আক্রমণ করবেন। গণবাহিনী ও ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি) মিলে মুক্তিযোদ্ধা ৪২ জন। চারটি দলে বিভক্ত। একটি দলের নেতৃত্বে আবদুর রহমান। তিনি ইপিআর সদস্য। তাঁদের সবার নেতৃত্বে লেফটেন্যান্ট অলীক কুমারগুপ্ত। বেলা বাড়তে থাকল। মুক্তিযোদ্ধারা রাস্তার দিকে সতর্ক দৃষ্টি ফেলে অপেক্ষায় থাকেন। সকাল নয়টার দিকে সেখানে হাজির হলো পাকিস্তান সেনাবাহিনীর একটি পেট্রোল পার্টি। গুলির আওতায় আসামাত্র গর্জে উঠল মুক্তিযোদ্ধাদের সবার অস্ত্র। তিন-চারজন পাকিস্তানি সেনা মাটিতে লুটিয়ে পড়ল। বাকি পাকিস্তানি সেনারা দ্রুত পজিশন নিয়ে শুরু করল পাল্টা আক্রমণ। কিন্তু তারা ব্যর্থ হলো। মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে বেশির ভাগই হতাহত হলো। এ সময় গোলাগুলির শব্দ পেয়ে পার্শ্ববর্তী ঘাঁটি থেকে দ্রুত হাজির হলো নতুন আরেক দল পাকিস্তানি সেনা। সংখ্যায় অনেক। তারা মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলল। এতে মুক্তিযোদ্ধারা বেশ বিপদেই পড়লেন। তবে আবদুর রহমান মনোবল ও সাহস হারালেন না। তিনি অত্যন্ত সাহস ও বীরত্বের সঙ্গে পাকিস্তানিদের মোকাবিলা করতে থাকলেন। তাঁর অসাধারণ রণনৈপুণ্যে পাকিস্তানি সেনাদের অগ্রাভিযান থেমে যায়। এতে কয়েকজন মুক্তিযোদ্ধা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান।এ ঘটনা ১৯৭১ সালের। ৩ নভেম্বর। হিজলী যশোর জেলার চৌগাছা উপজেলার অন্তর্গত। জেলা সদর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। সেখানে বর্ডার আউট পোস্টে (বিওপি) ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্তিশালী ঘাঁটি। এর মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে মুক্তিযোদ্ধাদের গতিবিধির ওপর নজরদারি করত। টহলদল নিয়মিত টহল দিত। মুক্তিযোদ্ধারা সীমান্ত অতিক্রম করে প্রায়ই পাকিস্তানি টহলদলকে আক্রমণ করতেন। চৌগাছা ছিল মুক্তিবাহিনীর ৮ নম্বর সেক্টরের বয়রা সাব-সেক্টরের অধীন এলাকা। সেদিন পাকিস্তান সেনাবাহিনীর নতুন দল মুক্তিযোদ্ধাদের ঘেরাও করে। দীর্ঘক্ষণ ধরে যুদ্ধ হয়। পরে খবর পেয়ে বয়রা সাব-সেক্টরের কমান্ডার ক্যাপ্টেন নাজমুল হুদা (বীর বিক্রম, পরে কর্নেল, ১৯৭৫ সালে নিহত) অতিরিক্ত শক্তি নিয়ে যুদ্ধক্ষেত্রে আসেন। ভারতীয় সেনাবাহিনী আর্টিলারির গোলাবর্ষণ করে। এরপর পাকিস্তানি সেনারা সেখান থেকে পালিয়ে যায়। এ যুদ্ধে ১৮-১৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়। মুক্তিবাহিনীর একজন আহত হন। মুক্তিযোদ্ধারা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় নিহত পাকিস্তানি সেনাদের লাশ ভারতে নিয়ে যান।আবদুর রহমান ১৯৭১ সালে যশোর ইপিআর সেক্টর হেডকোয়ার্টারের অধীনে সীমান্ত এলাকায় কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধযুদ্ধে। পরে ভারতে পুনর্গঠিত হওয়ার পর বয়রা সাব-সেক্টরে যুদ্ধ করেন। চৌগাছা, হাজীপুর, সাদিপুরসহ আরও কয়েকটি স্থানে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে বিশেষত চৌগাছার যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুর রহমানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর সনদ নম্বর ২০৫।আবদুর রহমান ১৯৮৯ সালে মারা গেছেন। তাঁর পৈতৃক বাড়ি বরিশাল জেলার সদর উপজেলার চিওটা গ্রামে। সেখানে তিনি থাকেননি। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় সেখানে জমি কিনে বাড়ি করেন। এ বাড়িতেই তিনি মারা যান। কড়িয়া গ্রামে তাঁকে সমাহিত করা হয়েছে। তাঁর বাবার নাম আজিমউদ্দীন হাওলাদার। মা জমিলা খাতুন। স্ত্রী মাসুদা বেগম। তাঁর চার ছেলে, চার মেয়ে। বড় ছেলে বিজিবিতে কর্মরত। দ্বিতীয় ছেলে বরিশালের চিওটা গ্রামে বাস করেন। ছোট দুই ছেলে কড়িয়ায় বাস করেন। তাঁদের একজন ভ্যানচালক, আরেকজন দিনমজুর।সূত্র: প্রথম আলোর জয়পুরহাট প্রতিনিধি আসাদুল ইসলামের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]