১৯১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল ওয়াহিদ, বীর প্রতীকধলই যুদ্ধের তুমুল যোদ্ধামুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ কয়েক বছর আগে মারা গেছেন। এই প্রতিবেদনের জন্য তাঁর বাড়িতে গেলে ছেলেমেয়ে কেউই মুক্তিযুদ্ধের বীরত্বগাথা সম্পর্কে তেমন কিছু বলতে পারেননি। তাঁদের ভাষায় ‘কেউ কোনো দিন বাবার অবদান নিয়া জানতে আমরার বাড়িত আইব চিন্তাও করছি না। জানলে আরও বেশি করি গল্প হুনিয়া রাখতাম।’ তাঁরা আক্ষেপ করে আরও বললেন, ‘যখন অসহায় অবস্থায় আছিলাম, তখন কেউ খবরও রাখে নাই। সংসার চালাইতে গিয়া বাবা বর্গাচাষ, চৌকিদারি করছইন।’ আবদুল ওয়াহিদ শেষ জীবনে অভাব-অনটনে কাটালেও এখন তাঁর পরিবারের অবস্থা তেমন খারাপ নয়। তাঁর এক ছেলে বিদেশে যাওয়ার পর আর্থিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো বলে তাঁরা জানালেন।আবদুল ওয়াহিদ মুক্তিযুদ্ধের পর একটা যুদ্ধের ঘটনাই কয়েকবার তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের কাছে বলেছেন। সে যুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সহযোদ্ধা ছিলেন তিনিসহ কয়েকজন। একপর্যায়ে তাঁরা বুঝতে পারেন, পাকিস্তানি সেনাদের গুলির আওতার মধ্যে পড়ে গেছেন। নিশ্চিত মৃত্যুর মুখোমুখি তাঁরা। তখন হামিদুর রহমান তাঁদের বলেন, ‘আমি খান সেনাদের (পাকিস্তানি সেনা) মোকাবিলা করছি, তোমরা যে যেভাবে পারো, নিরাপদ স্থানে সরে যাও।’ তিনি হামিদুর রহমানকে সঙ্গে নিয়েই নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হামিদুর রহমান তাঁর কথা শোনেননি।বাংলাদেশের মুক্তিযুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধ আমাদের বিজয়ের পটভূমি তৈরি করে। এর মধ্যে ধলই বিওপি দখলের যুদ্ধ উল্লেখযোগ্য। ১৯৭১ সালের ২৭-২৮ অক্টোবর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী ধলই বিওপি দখলের জন্য যুদ্ধ শুরু করে। পাঁচ দিনের তুমুল যুদ্ধের পর ধলই বিওপি মুক্তিবাহিনীর দখলে আসে। ধলই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার অন্তর্গত। এখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্তিশালী একটি ঘাঁটি। দুই কোম্পানি ৩০ এফএফ (ফ্রন্টিয়ার ফোর্স) রেজিমেন্ট এবং রাজাকার ও টসি ব্যাটালিয়নের দুই কোম্পানি। সব মিলে প্রায় এক ব্যাটালিয়ন শক্তি। ২৭ অক্টোবর সন্ধ্যার পরপরই মুক্তিবাহিনীর কয়েকটি দল সীমান্তের ওপার থেকে আক্রমণস্থলে রওনা হয়। নির্ধারিত সময়ে আক্রমণ শুরুর মুহূর্তে মুক্তিবাহিনীর একটি দলকে পাকিস্তানি সেনারা আগে আক্রমণ করে। তাদের আক্রমণের তীব্রতা এত বেশি ছিল যে, এতে মুক্তিযোদ্ধাদের অগ্রযাত্রা থেমে যায়। বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা গুরুতর আহত হন। উঁচু টিলার ওপরে ছিল পাকিস্তান সেনাবাহিনীর একটি এলএমজি পোস্ট। সেখান থেকে নিখুঁত নিশানায় গুলি বর্ষিত হচ্ছিল। এতে মুক্তিবাহিনীর হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছিল। মুক্তিযোদ্ধাদের একটি দল ওই এলএমজি পোস্ট ধ্বংসের চেষ্টা করে ব্যর্থ হয়। তখন তা ধ্বংসের দায়িত্ব পড়ে লেফটেন্যান্ট কাইয়ুমের নেতৃত্বাধীন মুক্তিবাহিনীর দলের ওপর। এই দলে ছিলেন অসীম সাহসী হামিদুর রহমান, আবদুল ওয়াহিদসহ কয়েকজন। তাঁরা যান ওই এলএমজি পোস্ট ধ্বংস করার জন্য। কিন্তু তাঁরাও তীব্র গুলিবৃষ্টির মুখে পড়েন। তখন তাঁদেরও অগ্রযাত্রা থেমে যায়। একপর্যায়ে হামিদুর রহমান একাই সেদিকে এগিয়ে যান আর তাঁর কয়েকজন সহযোদ্ধা কভারিং ফায়ার করতে থাকেন। হামিদুর রহমান ওই এলএমজি পোস্ট ধ্বংস করতে সক্ষম হলেও শহীদ হন।আবদুল ওয়াহিদ চাকরি করতেন ইপিআরে (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি)। ১৯৭১ সালে কর্মরত ছিলেন হেডকোয়ার্টারের অধীনে তেলিয়াপাড়া সীমান্তে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। প্রতিরোধযুদ্ধ শেষে প্রথমে যুদ্ধ করেন ৩ নম্বর সেক্টরের মনতলা সাব-সেক্টরে। পরে জেড ব্রিগেডের অধীনে।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুল ওয়াহিদকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর সনদ নম্বর ২১৬।আবদুল ওয়াহিদের পৈতৃক বাড়ি সিলেট জেলার সদর উপজেলার বড়ইকান্দি গ্রামে। তাঁর বাবার নাম আবদুর রহমান, মা রইছা খাতুন। স্ত্রী রেজিয়া বেগম। তাঁর পাঁচ ছেলে ও দুই মেয়ে। সূত্র: সিলেটে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদীর পাঠানো প্রতিবেদন এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ব্রিগেডভিত্তিক ইতিহাস। গ্রন্থনা: তারা রহমান[email protected]