১৯৩স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।নুরুল হুদা, বীর প্রতীকপ্রতিবাদী এক মুক্তিযোদ্ধা১০ এপ্রিল ১৯৭১। মুক্তিবাহিনীর একদল ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি) সদস্য সমবেত হলেন ঝিকরগাছায়। এ দলের একজন সদস্য নুরুল হুদা। তাঁরা অবস্থান নিলেন পুলেরহাট নামক স্থানে। ১১ এপ্রিল তাঁরা খবর পেলেন, পাকিস্তান সেনাবাহিনীর একটি বড় দল হত্যাযজ্ঞ চালাতে চালাতে তাঁদের দিকে অগ্রসর হচ্ছে। সঙ্গে সঙ্গে তাঁদের দুটি ছোট দল এগিয়ে গেল সামনের দিকে। কিছুদূর এগোতেই তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর সামনে পড়ে গেলেন। শুরু হলো তুমুল যুদ্ধ। চলল কয়েক ঘণ্টা। নুরুল হুদা ও তাঁর সহযোদ্ধারা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেও পাকিস্তানি সেনাদের প্রতিরোধ করতে ব্যর্থ হলেন। প্রবল আক্রমণের ফলে তাঁরা পিছু হটেন। এরপর তাঁরা অবস্থান নিলেন নদীর পশ্চিম প্রান্তে। পরদিন পাকিস্তান সেনাবাহিনী তাঁদের অবস্থানে তীব্র আক্রমণ শুরু করল। প্রচণ্ড যুদ্ধে নুরুল হুদার দুইজন সহযোদ্ধা শহীদ এবং বেশ কয়েকজন আহত হলেন। পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক আক্রমণে মুক্তিযোদ্ধাদের নিজ নিজ অবস্থানে টিকে থাকা ক্রমে অসম্ভব হয়ে পড়ল। তাঁরা আবার বাধ্য হলেন পশ্চাদপসরণ করতে। এভাবে ঝিকরগাছার পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেল পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।ঝিকরগাছা যশোর জেলার অন্তর্গত। নুরুল হুদা ১৯৭১ সালে কর্মরত ছিলেন যশোর ইপিআর সেক্টর হেডকোয়ার্টারে। ২৫ মার্চ শেষ রাতে পাকিস্তান সেনাবাহিনীর একটি দল ইপিআর সেক্টর হেডকোয়ার্টার লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। তখন বাঙালি ইপিআর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এরপর আর কোনো ঘটনা রাতে সেখানে ঘটেনি। পরদিন নুরুল হুদাদের নিরস্ত্র করার চেষ্টা করা হয়। তখন তাঁরা প্রতিবাদ করেন। ৩০ মার্চ তাঁরা বিদ্রোহ করে কয়েকটি দলে বিভক্ত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যশোরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে প্রতিরোধযুদ্ধে তাঁরা এক দল অন্য দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। নুরুল হুদারা যশোর থেকে পশ্চাদপসরণ করতে করতে ঝিকরগাছায় সমবেত হন। ঝিকরগাছার পতন হলে তাঁরা বেনাপোলসংলগ্ন কাগজপুকুরে সমবেত হন। ২৪ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী সেখানে আক্রমণ করে। তখন ভয়াবহ যুদ্ধ হয়। এ যুদ্ধে তাঁর সহযোদ্ধা মুজিবুর রহমান (বীর বিক্রম)সহ আরও কয়েকজন সহযোদ্ধা শহীদ হন। কাগজপুকুরের পতন হলে তাঁরা ভারতে যান। সেখানে পুনর্গঠিত হয়ে পরে যুদ্ধ করেন ৮ নম্বর সেক্টরের বেনাপোল সাব-সেক্টরে। মুক্তিবাহিনীর একটি দলের নেতৃত্ব দেন। কয়েকটি অপারেশনে তিনি যথেষ্ট রননৈপুণ্য প্রদর্শন করেন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ৩ ডিসেম্বর মুক্তিবাহিনীর একটি দল বেনাপোল থেকে যশোরের দিকে অগ্রসর হয়। তখন চূড়ামনকাঠিতে পাকিস্তান সেনাবাহিনীর একটি দলের সঙ্গে মুক্তিবাহিনীর ভয়াবহ যুদ্ধ হয়। কয়েক ঘণ্টা স্থায়ী এ যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। পরে তারা বেশির ভাগ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। বাকিরা পালিয়ে যায়। মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য নুরুল হুদাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর সনদ নম্বর ১৮৮।নুরুল হুদার পৈতৃক বাড়ি কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভার অন্তর্গত দক্ষিণ রুমানিয়াছড়ায়। ২০০৮ সালে তিনি মারা গেছেন। তাঁর বাবার নাম মোহাম্মদ সোলায়মান, মা ছেমন খাতুন। স্ত্রী দিলদার বেগম (৬৭)। তাঁদের তিন ছেলে, এক মেয়ে। নয় গন্ডা জমির ওপর নুরুল হুদার টিনশেডের বসতবাড়ি। এ বাড়িতে ভাগাভাগি করে থাকেন তাঁর তিন ছেলে।নুরুল হুদার ছোট ছেলে এনামুল হুদা আক্ষেপ করে বললেন, ‘বাবার মৃত্যুর পর এলাকাবাসী দাবি তোলে দক্ষিণ রুমানিয়াছড়াস্থ ভোকেশনাল সড়কটি তাঁর নামে নামকরণের। এরপর জেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।’সূত্র: প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুসের পাঠানো প্রতিবেদন এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮।গ্রন্থনা: তারা রহমান[email protected]