তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৪স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুর রউফ, বীর বিক্রমরণকৌশলী এক সাহসী যোদ্ধাআবদুর রউফ ১৯৭১ সালে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি আর স্থির থাকতে পারলেন না। ভাবলেন, চুপ করে বসে না থেকে দেশকে রক্ষার জন্য তাঁর কিছু একটা করতে হবে। তারপর মায়ের কাছে অনুমতি চাইলেন মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার। কিন্তু তাঁর মা এতে সাড়া দিলেন না। কয়েক দিন পর বাড়ি থেকে পালিয়ে রওনা হলেন ভারতের উদ্দেশে। একা নন। সঙ্গে আছেন আরও আটজন। তিন দিন হেঁটে পৌঁছালেন ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তসংলগ্ন এক ক্যাম্পে। কিন্তু মুক্তিযুদ্ধে যোগ দেওয়া সম্ভব হলো না। তাঁদের কারও অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেই। অনেক দিন অপেক্ষার পর শুরু হলো প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ চলাকালে তাঁকে অন্তর্ভুক্ত করা হয় প্রথম বাংলাদেশ অফিসার্স ওয়ার কোর্সে। তিন মাসের প্রশিক্ষণ শেষে তিনি যুদ্ধ করেন ৫ নম্বর সেক্টরের শেলা সাব সেক্টরে। তাঁকে মুক্তিবাহিনীর একটি দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।আবদুর রউফ শেলা সাব সেক্টরে যোগ দেন ১০ অক্টোবরে। এই সাব সেক্টরের অধীন এলাকায় বেশ কয়েকটি বড় যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে ছাতক যুদ্ধ (১৩-১৭ অক্টোবর) ও টেংরাটিলা আক্রমণ (৩০ নভেম্বর) উল্লেখযোগ্য। এ ছাড়া অনেক অ্যামবুশ, রেইড, ডিমোলিশন ও আকস্মিক আক্রমণ পরিচালিত হয়। সীমান্তবর্তী হওয়ায় মুক্তিবাহিনীর পক্ষে এই এলাকায় অপারেশন পরিচালনা কিছুটা সহজ ছিল। সাবসেক্টর কমান্ডারের নির্দেশে নভেম্বর মাসে তিনি একদল মুক্তিযোদ্ধা নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের একটি সেতু ধ্বংস করেন। নির্ধারিত দিন তাঁর নেতৃত্বে প্রায় ১৪০ জনের মুক্তিযোদ্ধার দল ভারত থেকে রওনা হয় নির্দিষ্ট স্থানে। সেতুর কাছাকাছি পৌঁছে রেকি করে তাঁরা দেখতে পান সেতুতে একদল পাকিস্তানি সেনা ও রাজাকার পাহারায় আছে। রাত আনুমানিক তিনটায় তাঁরা পাকিস্তানিদের আক্রমণ করেন। পাকিস্তানিরাও পাল্টা আক্রমণ করে। দুই পক্ষে তুমুল যুদ্ধ চলতে থাকে। মুক্তিযোদ্ধারা তাঁর নেতৃত্বে অত্যন্ত সাহস ও ক্ষিপ্রতার সঙ্গে যুদ্ধ করতে থাকেন। আড়াই ঘণ্টা যুদ্ধের পর তাঁরা সেতুর দখল নেন। পাকিস্তানি সেনা ও রাজাকাররা হতাহত ব্যক্তিদের নিয়ে টেংরাটিলার দিকে পালিয়ে যায়। এরপর তাঁরা রেল ও সড়কসেতুতে দ্রুত বিস্ফোরক লাগিয়ে তা ধ্বংস করেন। এই অপারেশনে আবদুর রউফ যথেষ্ট রণকৌশল ও সাহস প্রদর্শন করেন।এই অপারেশনের কয়েক দিন পরই সংঘটিত হয় টেংরাটিলা যুদ্ধ। সিদ্ধান্ত অনুসারে ২৯ নভেম্বর মুক্তিবাহিনীর চারটি কোম্পানি ভারত থেকে রওনা হয়ে ৩০ নভেম্বর টেংরাটিলার নির্দিষ্ট স্থানে অবস্থান নেয়। নিয়মিত মুক্তিবাহিনীর জেড ফোর্সের ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দুটি দল মূল আক্রমণকারী দল হিসেবে টেংরাটিলায় পাকিস্তানি অবস্থানে আক্রমণ করে। আবদুর রউফ এ সময় তাঁর দল নিয়ে ফ্ল্যাস্কগার্ড হিসেবে যুদ্ধে অংশ নেন। কয়েক দিন ধরে এখানে যুদ্ধ চলে। টেংরাটিলায় পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থান এতই সুদৃঢ় ছিল যে মুক্তিযোদ্ধারা প্রবল বিক্রমে যুদ্ধ করেও কিছুতেই সামনে অগ্রসর হতে পারছিলেন না। এ অবস্থায় তাঁরা তিন দিক থেকে পাকিস্তানিদের অবরোধ করেন। ৫ ডিসেম্বর রাতে পাকিস্তানিরা টেংরাটিলা থেকে পালিয়ে যায়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুর রউফকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর সনদ নম্বর ৯৭।আবদুর রউফের পৈতৃক বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কোচের চরে। সেখানে তিনি থাকেন না। বর্তমানে বসবাস করেন ঢাকার উত্তরায়। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসর নিয়েছেন। তাঁর বাবার নাম আবদুল হেকিম, মা রওশন আরা বেগম। স্ত্রী শামীম আরা রউফ। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে।আবদুর রউফ বললেন, ‘আমাদের এখন খুব প্রয়োজন মাকে রক্ষা করা। মা মানে মাতৃভূমি। মাতৃভূমির চেয়ে আপন ঠিকানা আর কিছু হতে পারে না। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে মাতৃভূমিকে সমৃদ্ধ করবে।’সূত্র: আবদুর রউফ বীর বিক্রমের সাক্ষাৎকার; নিয়েছেন মুক্ত আসরের আবু সাঈদ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৫। ছবি মহিউদ্দিন শেখ।গ্রন্থনা: তারা রহমান[email protected]