তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ নূরুল ইসলাম ভূঁইয়া, বীর বিক্রমসহযোদ্ধারা যুদ্ধক্ষেত্রেই সমাহিত করেন তাঁকেনূরুল ইসলাম ভূঁইয়া পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। যোগ দিয়েছিলেন ১৯৬৯ সালে। ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে ছুটি নিয়ে বাড়িতে এসে ছুটি কাটিয়ে আবার যোগ দেন কর্মস্থলে। যেদিন কর্মস্থলে ফিরে যান, সেদিন মা-বাবাসহ পরিবারের সবাই বাড়ির পাশে রাস্তায় এসে তাঁকে বিদায় জানান। এরপর মা ছাড়া সবাই বাড়িতে ফিরে গেলেন। মা নিষ্পলক চেয়ে থাকেন ছেলের যাওয়ার পথের দিকে। নূরুল ইসলামও বার বার পেছন ফিরে মাকে দেখতে থাকেন। তিনি দৃষ্টিসীমা থেকে অদৃশ্য না হওয়া পর্যন্ত সেদিন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তাঁর মা।নূরুল ইসলাম ভূঁইয়া কর্মস্থলে যোগ দেওয়ার কয়েক দিন পরই শুরু হয় মুক্তিযুদ্ধ। এর পর থেকে তাঁর আর খোঁজ ছিল না। পরিবারের লোকজন জানতেন না তিনি মুক্তিযুদ্ধে গেছেন নাকি যাননি। স্বাধীনতার পর বাবা-মা এবং ভাইবোনরা তাঁর অপেক্ষায় পথ চেয়ে থাকেন। তারপর চার-পাঁচ মাস কেটে যায়। উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর মা-বাবাসহ পরিবারের লোকজন। খোঁজ নিতে থাকেন তাঁরা। মা ও বড় ভাই যান কুমিল্লা সেনানিবাসে। সেখানে গিয়ে জানতে পারেন নূরুল ইসলাম ভূঁইয়া মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। সালদা নদীতে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে এক যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। ওই যুদ্ধে নূরুল ইসলাম ভূঁইয়া অসীম সাহস ও বীরত্ব প্রদর্শন করেন। সহযোদ্ধারা তাঁকে সেখানেই সমাহিত করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অন্তর্গত সালদা নদী। সালদা নদীসহ কসবার বিভিন্ন স্থানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থান। ১৯৭১ সালের অক্টোবর মাসের মাঝামাঝি নিয়মিত মুক্তিবাহিনীর কয়েকটি দল এক সঙ্গে সালদা নদী ও কসবায় পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানে এক যোগে আক্রমণ করে। মুক্তিবাহিনীর পক্ষে যুদ্ধে নেতৃত্ব দেন কে ফোর্স কমান্ডার খালেদ মোশাররফ (বীর উত্তম)। কয়েকদিন ধরে সেখানে যুদ্ধ চলে। এখানে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা বাংকারগুলো ছিল খুবই মজবুত। আর্টিলারির গোলাবর্ষণ করেও সেগুলো ধ্বংস করা সম্ভব হচ্ছিল না। তখন মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাকিস্তানিদের অবরোধ করে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করতে থাকেন। পাকিস্তানি সেনাদের পালাবার পথ ছিল রুদ্ধ। কিন্তু তাদের প্রত্যেক বাংকারেই মজুদ ছিল বিপুল রসদ। সেগুলো নিয়ে অনেকদিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল। পাকিস্তানিরা সুরক্ষিত বাংকারে অবস্থান করে মুক্তিবাহিনীর আক্রমণ প্রতিহত করতে থাকে। দুই পক্ষে তুমুল যুদ্ধ চলা অবস্থায় ২১ বা ২২ অক্টোবর খালেদ মোশাররফ গোলার স্প্রীন্টারে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। কয়েকদিনের যুদ্ধে মুক্তিবাহিনীর নুরুল ইসলাম ভূইয়াসহ আরও কয়েকজন শহীদ হন। তাঁরা কেউ গুলিতে, কেউ গোলার স্প্রীন্টারের আঘাতে মারা যান। এই যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী ও মুক্তিবাহিনী; উভয়েরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ নূরুল ইসলাম ভূঁইয়াকে মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর সনদ নম্বর ৭৮।শহীদ নূরুল ইসলাম ভূঁইয়ার বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ (সাবেক লাকসাম) উপজেলার বাইশগাঁও ইউনিয়নের পূর্ব তালতলা গ্রামে। তাঁর বাবার নাম সেকান্দার আলী ভূঁইয়া, মা ফাতেমা বেগম। বাবা ১৯৭৪ সালে, মা ১৯৭৬ সালে মারা গেছেন। চার ভাই দুই বোনের মধ্যে শহীদ নূরুল ইসলাম ভূঁইয়া চতুর্থ। তিনি অবিবাহিত ছিলেন। দুই ভাই মারা গেছেন। একমাত্র ভাই মহিউদ্দিন ভূঁইয়া ও দুই বোন বেঁচে আছেন। খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধার বীরত্ব ও অবদান সম্পর্কে এলাকার বেশির ভাগ মানুষই জানেন না। পরিবারের কাছে থাকা বীরত্বভূষণ সনদ ও পদক ছাড়া কোথাও তাঁর কোনো স্মৃতিচিহ্ন নেই। তাঁর ছবি পাওয়া যায়নি।সূত্র: প্রথম আলোর লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি মুজিবুর রহমানের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২।গ্রন্থনা: তারা রহমান[email protected]