১৯৯স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।মো. মোস্তফা কামাল, বীর প্রতীকস্বাধীনতার দুই দিন আগে দুর্ঘটনায় মারা যান তিনিদেশ স্বাধীন হওয়ার দুই দিন আগে (১৪ ডিসেম্বর ১৯৭১) মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল নিজের কাছে থাকা গ্রেনেড বিস্ফোরণে নিহত হন। কারও কারও মতে, এ ঘটনা ঘটে দেশ স্বাধীন হওয়ার দুই দিন পর। সে সময় তিনি কুমিল্লা সেনানিবাস এলাকায় দায়িত্বরত ছিলেন। ৭ ডিসেম্বর কুমিল্লা জেলা শহর পাকিস্তানি সেনামুক্ত হয়। কিন্তু কুমিল্লা সেনানিবাস এবং এর আশপাশের কিছু এলাকা পাকিস্তানি সেনাদের দখলে ছিল। ১ ডিসেম্বর থেকে নিয়মিত মুক্তিবাহিনীর কয়েকটি দল মেজর আইনউদ্দিনের (বীর প্রতীক, পরে মেজর জেনারেল) নেতৃত্বে কুমিল্লার দিকে অগ্রসর হতে থাকে। ৭ ডিসেম্বর মুক্তিবাহিনীর দল কুমিল্লা শহরে প্রবেশ করে। তাঁরা ২ নম্বর সেক্টরের নির্ভয়পুর সেক্টর থেকে যাত্রা শুরু করে পথে তেমন বাধার সম্মুখীন হননি। কুমিল্লা শহর পাকিস্তানি সেনামুক্ত হওয়ার পর নিয়মিত মুক্তিবাহিনীর মুক্তিযোদ্ধারা কুমিল্লা সেনানিবাসের চারদিকে প্রতিরক্ষা অবস্থান নেন। তখন তাঁদের সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধারাও যোগ দেন। স্থানীয় মুক্তিযোদ্ধাদের একটি দলের সদস্য ছিলেন মো. মোস্তফা কামাল। মুক্তিযোদ্ধারা মেজর আইনউদ্দিনের নেতৃত্বে কুমিল্লা সেনানিবাসে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন মিত্রবাহিনীর হাইকমান্ড থেকে আইনউদ্দিনকে জানানো হয়, কুমিল্লা সেনানিবাস আক্রমণ করতে হবে না। মিত্রবাহিনী সেনানিবাসে ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল অরোরার প্রচারপত্র বিলি করেছে, যাতে তারা (পাকিস্তানি) আত্মসমর্পণ করে। এই নির্দেশের পর মুক্তিবাহিনী আক্রমণ না করে সেনানিবাসের চারদিকে প্রতিরক্ষা অবস্থানে থাকে। এখন একটি প্রতিরক্ষা অবস্থানে ছিলেন মো. মোস্তফা কামাল। ১৪ ডিসেম্বর দায়িত্ব পালনরত অবস্থায় অনবধানতাবশত তাঁর পকেটে থাকা একটি গ্রেনেডের পিন খুলে যায়। এতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। দেশকে শত্রুমুক্ত করতে পাকিস্তানি সেনাদের সঙ্গে বেশ কয়েকটি প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিয়ে বেঁচে গেলেও আত্মরক্ষার জন্য নিজের কাছে থাকা গ্রেনেডে তিনি মারা গেলেন। দেশের স্বাধীনতা তিনি দেখে যেতে পারেননি। মো. মোস্তফা কামাল চাকরি করতেন পাকিস্তান সেনাবাহিনীতে। কর্মরত ছিলেন পশ্চিম পাকিস্তানে (বর্তমান পাকিস্তান)। ১৯৭১ সালের ফেব্রুয়ারি-মার্চে ছুটিতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধ যুদ্ধে। ২৫ মার্চের পর কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় নানা প্রতিরোধ কার্যক্রমে অংশ নেন। পরে ভারতে পুনর্গঠিত হওয়ার পর ২ নম্বর সেক্টরের রাজনগর সাবসেক্টর এলাকার অধীন কুমিল্লা অঞ্চলে গেরিলাযুদ্ধ করেন। লাকসাম রেল জংশনের উত্তরে বাগমারা রেলসেতু ধ্বংস, মিয়াবাজার ও নোয়াবাজার অপারেশনে তিনি সাহসী ভূমিকা রাখেন। বাগমারা রেলসেতু ধ্বংসের অপারেশনে পাকিস্তানি সেনাদের পাল্টা আক্রমণে মোস্তফা কামালের বেশ কয়েকজন সহযোদ্ধা হতাহত হন। তিনি অল্পের জন্য বেঁচে যান। তাঁদের ওই অপারেশনের ফলে কয়েক দিনের জন্য ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য মো. মোস্তফা কামালকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর সনদ নম্বর ১৪০। গেজেটে নাম মোহাম্মদ মোস্তফা। কিন্তু তাঁর প্রকৃত নাম মো. মোস্তফা কামাল। ২০০৪ সালের গেজেটে (ক্রমিক ৩৯০) তাঁকে শহীদ হিসেবে দেখানো হয়েছে।মো. মোস্তফা কামালের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড় ও অবিবাহিত ছিলেন। তাঁর বাবার নাম বজলুর রহমান, মা আছমতের নেছা। মোস্তফা কামালের বাবা ও একমাত্র ভাই মারা গেছেন। তাঁর বৃদ্ধা মা এখনো বেঁচে আছেন। তিনি সামান্য পেনশনের টাকায় ছোট ছেলের বিধবা স্ত্রী, ছয়জন নাতি-নাতনি নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। জরাজীর্ণ একটি দোচালা টিনের ঘরে তাঁরা সবাই বাস করেন। ২০ শতক বসতভিটার জমি ছাড়া তাঁদের আর কিছু নেই। মো. মোস্তফা কামালের ছবি পাওয়া যায়নি। পরিবারের কারো কাছেই তাঁর ছবি নেই।সূত্র: প্রথম আলোর চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি এম এ কুদ্দুসের পাঠানো প্রতিবেদন এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র, দশম খণ্ড ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ২। গ্রন্থনা: তারা রহমান [email protected]