২০০স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।সৈয়দ আমীরুজ্জামান, বীর বিক্রমঅতুল্য এক বীর যোদ্ধাযুদ্ধ শেষে সৈয়দ আমীরুজ্জামান তাঁর দলের সহযোদ্ধাদের সঙ্গে ক্যাম্পে ফিরছিলেন। তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প আক্রমণে গিয়েছিলেন। তাঁদের সফল আক্রমণে পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁরা ক্যাম্পের কাছাকাছি চলে এসেছেন, এমন সময় একজন এসে খবর দিল, তাঁদের অপর একটি দলকে পাকিস্তান সেনাবাহিনী পাল্টা আক্রমণ করেছে। সেখানে যুদ্ধ চলছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের অস্ত্রের গুলি শেষ হয়ে যাওয়ার পথে। সাহায্য না পাঠালে তাঁরা কিছুক্ষণের মধ্যেই চরম বিপদের সম্মুখীন হবেন। জায়গাটা কয়েক কিলোমিটার দূরে। অন্যদিকে এ খবর কতটা সঠিক তা তাঁরা নিশ্চিত নন। এটা পাকিস্তান সেনাদের ফাঁদও হতে পারে। মুক্তিযোদ্ধারা কী করবেন, চিন্তা করছেন। তা ছাড়া তাঁদের অধিনায়ক সঙ্গে নেই। আমীরুজ্জামানের মনে হলো খবরটা সঠিক। এরপর তিনি এককভাবে সিদ্ধান্ত নিলেন মুক্তিযোদ্ধাদের সাহায্যে এগিয়ে যাওয়ার। সহযোদ্ধাদের নিয়ে রওনা হলেন সেদিকে। কিছুদূর যেতেই শুনতে পেলেন গোলাগুলির শব্দ। দ্রুত তাঁরা এগিয়ে যেতে থাকলেন। ঘটনাস্থলে পৌঁছেই পাকিস্তান সেনাদের ওপর পাল্টা আক্রমণ শুরু করলেন। এতক্ষণ আক্রান্ত মুক্তিযোদ্ধারা পাকিস্তান সেনাদের শুধু প্রতিরোধ করে যাচ্ছিলেন। তখন তাঁরাও বিপুল বিক্রমে যুদ্ধ শুরু করলেন। শুরু হলো ভয়াবহ যুদ্ধ। তীব্র গোলাগুলিতে গোটা এলাকা প্রকম্পিত। সৈয়দ আমীরুজ্জামান সাহসিকতার সঙ্গে মর্টার লাঞ্চার দিয়ে গোলাবর্ষণ করতে করতে একদম পাকিস্তান সেনাদের কাছে গিয়ে অবস্থান নিলেন। তাঁর সঙ্গে এগিয়ে গেলেন আরও কয়েকজন মুক্তিযোদ্ধা। তাঁদের সবার পাল্টা ঝটিকা আক্রমণে পাকিস্তানি সেনারা প্রায় দিশেহারা হয়ে পিছু হটতে থাকল। এমন সময় হঠাৎ একটি গুলি এসে বিদ্ধ হলো সৈয়দ আমীরুজ্জামানের কোমরে। তিনি পড়ে গেলেন মাটিতে। রক্তে ভেসে যেতে থাকল জায়গাটা। কিন্তু মনোবল ও সাহস হারালেন না তিনি। সঙ্গে থাকা সহযোদ্ধা তাঁকে নিয়ে গেলেন নিরাপদ স্থানে। তবে যুদ্ধরত অন্য সহযোদ্ধা ও পাকিস্তান সেনাদের বুঝতে দিলেন না যে তিনি গুলিবিদ্ধ। কারণ এতে সহযোদ্ধাদের মনোবল ভেঙে পড়তে পারে। একটু পর পাকিস্তান সেনারা পালিয়ে গেল। তখন সহযোদ্ধারা বুঝতে পারলেন তিনি আহত। এরপর তাঁকে নিয়ে দ্রুত রওনা হলেন সীমান্তসংলগ্ন ক্যাম্পে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পাঠানো হলো বহরমপুর হাসপাতালে।এ ঘটনা ইসলামপুরে। ১৯৭১ সালের ১২ নভেম্বর। ইসলামপুর চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত। ১৯৭১ সালে এখানে ছিল পাকিস্তান সেনাবাহিনীর শক্ত একটি ঘাঁটি। মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধারা কয়েকবার ইসলামপুরের পাকিস্তান সেনাদের অবস্থানে আক্রমণ করেন। এরই ধারাবাহিকতায় সেদিন মুক্তিযোদ্ধারা কয়েকটি দলে বিভক্ত হয়ে সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন গিয়াসউদ্দীনের (বীর বিক্রম, পরে ব্রিগেডিয়ার জেনারেল) নেতৃত্বে সেখানে আক্রমণ করেন। তাঁদের আক্রমণে পাকিস্তান সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সফল অপারেশন শেষে ক্যাম্পে ফেরার পথে পাকিস্তান সেনারা অতর্কিতে মুক্তিযোদ্ধাদের একটি দলকে মরা পদ্মার কাছে পাল্টা আক্রমণ করে। ডিসেম্বরের প্রথমার্ধে ইসলামপুর মুক্ত হয়।সৈয়দ আমীরুজ্জামান চাকরি করতেন ইপিআরে (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি)। ১৯৭১ সালে কর্মরত ছিলেন রাজশাহী ইপিআর সেক্টর হেডকোয়ার্টারের সিগন্যাল ইউনিটে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি কারও নির্দেশের অপেক্ষায় না থেকে সিগন্যাল বেতারের মাধ্যমে বিভিন্ন স্থানে বার্তা ছড়িয়ে দেন। প্রতিরোধ যুদ্ধ শেষে ভারতে পুনর্গঠিত হওয়ার পর ৭ নম্বর সেক্টরের লালগোলা সাব সেক্টর এলাকায় যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য সৈয়দ আমীরুজ্জামানকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সনদ অনুযায়ী তাঁর সনদ নম্বর ৯৫।সৈয়দ আমীরুজ্জামানের পৈতৃক বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হরিন্দী গ্রামে। চাকরি থেকে অবসর নিয়ে এখানেই বসবাস করতেন। ২০০৯ সালে মারা গেছেন। মৃত্যুর আগে কয়েক বছর তিনি বিভিন্ন রোগে ভোগেন। তাঁর বাবার নাম সৈয়দ আবদুল ওয়াহেদ। মা আলতাফুননেছা। স্ত্রী রিজিয়া খাতুন। এখনো বেঁচে আছেন। তাঁর দুই ছেলে ও চার মেয়ে।সূত্র: জাহিদ রহমান, প্রধান নির্বাহী, মুক্তিযুদ্ধে মাগুরা গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৭।গ্রন্থনা: তারা রহমান [email protected]