২০১স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।আবদুল ওহাব, বীর প্রতীকজীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও অকুতোভয় যোদ্ধাআবদুল ওহাবসহ একদল মুক্তিযোদ্ধা প্রতিরক্ষা অবস্থানে। পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করল। তাঁরা পাকিস্তানি আক্রমণ প্রতিরোধ করতে থাকলেন। একটু পর পাকিস্তানিরা তাঁদের পেছনে হেলিকপ্টার থেকে ছত্রীসেনা নামাল। পাকিস্তানি আক্রমণ প্রত্যাশিতই ছিল। কিন্তু হেলিকপ্টার থেকে পেছনে ছত্রীসেনা নামায় মুক্তিযোদ্ধারা বেশ নাজুক অবস্থায় পড়ে গেলেন। পাকিস্তানিরা তাঁদের চারদিক থেকে ঘেরাও করে ফেলল। অবরোধ থেকে বের হওয়ার জন্য মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে মুখোমুখি লড়াই করতে থাকলেন। তাঁরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, এমন সময় মুক্তিবাহিনীর আরেকটি দল এগিয়ে এল তাঁদের সাহায্যে। নতুন দলের পাল্টা আক্রমণে পাকিস্তানিরা পিছিয়ে যেতে থাকল। এর ফলে আবদুল ওহাবসহ তাঁর সহযোদ্ধারা বেঁচে গেলেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে। এ ঘটনা ১৯৭১ সালের ২১ জুনের। হরষপুরে। হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অন্তর্গত হরষপুর। তেলিয়াপাড়া পাকিস্তানি সেনাবাহিনী দখল করার পর পার্শ্ববর্তী মনতলা কমপ্লেক্সটি মুক্তিবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়। কমপ্লেক্সের উত্তরে মনতলা রেলস্টেশন। এর দক্ষিণে হরষপুর রেলস্টেশন। পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত। তেলিয়াপাড়ার যুদ্ধে মুক্তিবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর নিয়মিত মুক্তিবাহিনীর তিনটি কোম্পানি মনতলায় বিভিন্ন স্থানে অবস্থান নেয়। লেফটেন্যান্ট হেলাল মোর্শেদ খানের (বীর বিক্রম, পরে মেজর জেনারেল) নেতৃত্বে একটি কোম্পানি অবস্থানে ছিল হরষপুরে। মুক্তিবাহিনীর এই দলে ছিলেন আবদুল ওহাব। ১৫ জুন থেকে পাকিস্তান সেনাবাহিনী মনতলা এলাকায় আক্রমণ শুরু করে। পাঁচ দিন একটানা সেখানে যুদ্ধ চলে। ২০ জুন পাকিস্তান সেনাবাহিনীর অগ্রবর্তী দল মুক্তিবাহিনীর একদম সামনে অবস্থান নেয়। হেলিকপ্টারের সাহায্যে তারা মুক্তিযোদ্ধাদের অবস্থানগুলো নির্ণয় করে। এরপর মুকুন্দপুর, অর্থাৎ দক্ষিণ-পশ্চিম দিক থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরাট একটি দল আবদুল ওহাবদের অবস্থানে প্রচণ্ড আক্রমণ শুরু করে। একই সঙ্গে চান্দুরার দিক থেকেও পাকিস্তানিরা তাঁদের আক্রমণ করে। কিছুক্ষণ পর পাকিস্তান সেনাবাহিনী হেলিকপ্টারের সাহায্যে আবদুল ওহাবদের অবস্থানের পেছনে ছত্রীসেনা নামায়। তখন তাঁরা পাকিস্তান সেনাবাহিনীর ঘেরাওয়ে পড়ে যান। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভীত না হয়ে আবদুল ওহাব ও তাঁর সহযোদ্ধারা লেফটেন্যান্ট হেলাল মোর্শেদ খানের নেতৃত্বে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। পরে মেজর সফিউল্লাহর (বীর উত্তম, পরে মেজর জেনারেল ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্রধান) নির্দেশে মুক্তিবাহিনীর অপর একটি দল পাকিস্তানিদের পাল্টা আক্রমণ করে। এতে পাকিস্তানি সেনারা হতবিহ্বল হয়ে পড়ে এবং পিছু হটে যায়। ওহাবের সহযোদ্ধা দৌলা মিয়া ছিলেন তাঁদের এলএমজি ম্যান। সেদিন তিনি দুঃসাহসিকতার সঙ্গে তাঁর এলএমজি দিয়ে পাকিস্তানিদের অগ্রযাত্রা ঠেকিয়ে রাখেন। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন। তাঁর সঙ্গে থাকা সহযোদ্ধারা মৃত ভেবে তাঁকে সেখানে রেখেই চলে গিয়েছিলেন। পরে তাঁকে ওহাব উদ্ধার করে নিয়ে আসেন।আবদুল ওহাব পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে কর্মরত ছিলেন দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে নায়েক (বর্তমানে করপোরাল) পদে। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধযুদ্ধে। পরে পুনর্গঠিত হয়ে যুদ্ধ করেন ৩ নম্বর সেক্টরের অধীন নরসিংদী ও কলকলিয়া সাব-সেক্টরে। গেরিলাযুদ্ধের পাশাপাশি সরাসরি যুদ্ধও করেন। নরসিংদীর বেলাবতে একটি গেরিলা অপারেশনে তিনি যথেষ্ট রণনৈপুণ্য প্রদর্শন করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য আবদুল ওহাবকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি অনুযায়ী তাঁর সনদ নম্বর ১০৮।আবদুল ওহাবের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে। তাঁর বাবার নাম হায়দার আলী, মা চাঁন বানু। স্ত্রী রৌশনআরা বেগম। তাঁদের দুই ছেলে ও পাঁচ মেয়ে।আবদুল ওহাব বললেন, ‘হিংসা ও বিদ্বেষমুক্ত রাজনীতি ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন দেখে মরতে চাই। এটাই আমার শেষ ইচ্ছে।’সূত্র: প্রথম আলোর ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি আমিনুল হকের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৩।গ্রন্থনা: তারা রহমান[email protected]