২০২স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শহীদ আবদুল গফুর, বীর প্রতীকশহীদ হলেন যুদ্ধক্ষেত্রেইচুয়াডাঙ্গা জেলার দক্ষিণপ্রান্তে ধোপাখালী বিওপি (সীমান্তফাঁড়ি বা বর্ডার আউট পোস্ট)। দামুড়হুদা উপজেলার অন্তর্গত। ১৯৭১ সালে এখানে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর শক্ত একটি প্রতিরক্ষা অবস্থান। মুক্তিবাহিনীর একটি দল ৮ আগস্ট এখানে আক্রমণ করে। এই দলে ছিলেন আবদুল গফুর। তিনি ইপিআরের (ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর, এখন বিজিবি) সদস্য। মুক্তিযোদ্ধাদের বেশির ভাগ ইপিআর সদস্য। পরিকল্পনা অনুযায়ী সেদিন দুপুরের পর ক্যাপ্টেন মুস্তাফিজুর রহমানের (বীর বিক্রম, পরে জেনারেল ও সেনাপ্রধান) নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ক্যাম্প থেকে রওনা হন। সন্ধ্যার আগে লক্ষ্যস্থলে পৌঁছে আক্রমণ শুরুর সঙ্গে সঙ্গে পাকিস্তানিরাও পাল্টা আক্রমণ করে। মুক্তিযোদ্ধাদের এই আক্রমণের সংবাদ পাকিস্তানিরা তাদের বাঙালি দোসরদের মাধ্যমে আগেই পেয়ে যায়। তারা প্রস্তুতই ছিল এবং সুরক্ষিত বাংকারে অবস্থান নিয়ে আধুনিক ও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে অনর্গল গোলাবর্ষণ করতে থাকে। এতে মুক্তিযোদ্ধাদের মাথা তোলাও দুঃসাধ্য হয়ে পড়ে। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের বেশির ভাগের অস্ত্র বলতে পুরোনো থ্রি নট থ্রি রাইফেল এবং ভারতীয় সেনাবাহিনীর দেওয়া এসএলআর ও স্টেনগান। মাত্র কয়েকজনের কাছে উন্নত অস্ত্র। তাঁরা চরম প্রতিকূলতার মধ্যেই সাহস ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকেন। কয়েকজন এই যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন। আবদুল গফুর জীবনের মায়া ত্যাগ করে গুলি করতে করতে পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থানের কাছাকাছি চলে যান। তাঁর চোখের সামনে শহীদ হন দুই সহযোদ্ধা। এতে তিনি দমে যাননি। মৃত্যুভয় উপেক্ষা করে পাকিস্তানি আক্রমণ প্রতিহত করতে থাকেন। এমন সময় হঠাৎ গুলি এসে লাগে আবদুল গফুরের বুকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই সাহসী যোদ্ধা। রক্তে ভেসে যায় জায়গাটি। তখনই তাঁর জীবনপ্রদীপ নিভে যায়। ধোপাখালী ছিল মুক্তিবাহিনীর ৮ নম্বর সেক্টরের বানপুর সাবসেক্টরের অধীন এলাকা। এখানকার পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থানের কারণে মুক্তিবাহিনীর গণযোদ্ধারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে গেরিলা কার্যক্রম চালাতে পারছিলেন না। এ কারণে ওই এলাকায় মুক্তিবাহিনীর গেরিলা কার্যক্রম স্তিমিত হয়ে পড়ে। পাকিস্তানি সেনাদের সেখান থেকে বিতাড়ন বা তাদের পরিধি সীমিত করার জন্য নিয়মিত মুক্তিবাহিনী পাকিস্তানিদের আক্রমণের সিদ্ধান্ত নেয়। সেদিন যুদ্ধে মুক্তিবাহিনীর আবদুল গফুর, রশিদ আলী (বীর প্রতীক, সিলেট), আবু বাকের (যশোর), সিদ্দিক আলী ও আবদুল আজিজ (বৃহত্তর ঢাকা) শহীদ হন এবং চারজন গুরুতর আহত হন। মুক্তিযোদ্ধারা আবদুল গফুর, রশিদ আলীসহ চারজনের মরদেহ যুদ্ধস্থল থেকে উদ্ধার করতে সক্ষম হন। পরে তাঁদের সমাহিত করেন বাংলাদেশের মাটিতেই। ধোপাখালীর পার্শ্ববর্তী জীবননগরে তাঁদের সমাহিত করা হয়।আবদুল গফুর ১৯৭১ সালে কর্মরত ছিলেন যশোর ইপিআর সেক্টরের অধীন ৪ নম্বর উইংয়ে। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তাঁর দলের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন প্রতিরোধ যুদ্ধে। প্রতিরোধ যুদ্ধ শেষে ভারতে পুনর্গঠিত হয়ে বানপুর সাবসেক্টরে যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য শহীদ আবদুল গফুরকে মরণোত্তর বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ সনদ নম্বর ২১০। গেজেটে নাম আবদুল গাফফার। কিন্তু তাঁর প্রকৃত নাম আবদুল গফুর।আবদুল গফুরের পৈতৃক বাড়ি নোয়াখালী জেলার ছয়ানী টগবা (লামচর সরদার বাড়ি) গ্রামে। তাঁর বাবার নাম বশির উল্লাহ সরদার। মা বদরের নেছা। স্ত্রী সাফিয়া খাতুন। তাঁর এক ছেলে, তিনি মেয়ে। একমাত্র ছেলে ২০০৮ সালে অসুস্থ হয়ে মারা গেছেন। স্ত্রী এখনো বেঁচে আছেন।শহীদ আবদুল গফুর বীর প্রতীকের স্ত্রী সাফিয়া খাতুন জানালেন, মুক্তিযুদ্ধের আগে তিনি সন্তানদের নিয়ে তাঁর স্বামীর কর্মস্থল চুয়াডাঙ্গায় ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর এক দিন তাঁর স্বামী তাঁকে ও সন্তানদের ভারতে রেখে আসেন। তিনি বললেন, ‘যুদ্ধের সময় স্বামীকে হারিয়েছি। এখন ছেলেকে হারিয়ে এখন অসহায় অবস্থায় আছি। তার পরও বীর প্রতীকের স্ত্রী হিসেবে সব দুঃখকষ্ট ভুলে যাই।’সূত্র: প্রথম আলোর চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি মো. জসিম মাহমুদের পাঠানো তথ্য এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ৮। গ্রন্থনা: তারা রহমান [email protected]